ঢাকা,  বৃহস্পতিবার
১২ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

রিজওয়ানউল্লাহর ৫ উইকেটের তোপে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে পাকিস্তান

প্রকাশিত: ১৮:০৩, ১২ নভেম্বর ২০২৬

রিজওয়ানউল্লাহর ৫ উইকেটের তোপে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে পাকিস্তান

রিজওয়ানউল্লাহর ৫ উইকেটের তোপে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে পাকিস্তান

যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বল হাতে রিজওয়ানউল্লাহর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এরপর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে পাকিস্তান। দুই ওপেনারের অর্ধশতকের ওপর ভর করে মাত্র ২১.৫ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। এই জয়ে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

ওমানের আল আমিরাত গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় পাকিস্তানের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতেই ১২৩ রান যোগ করেন হায়াম খান ও উসমান খান। বাংলাদেশের বোলাররা কোনো ধরনের চাপ তৈরি করতে পারেননি। বরং দুই ওপেনারের সাবলীল ব্যাটিংয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

দলীয় ১২৩ রানে রবিউল হাসান অনিকের বলে ফরিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হায়াম খান। ৬৯ রান করেন তিনি। তবে ততক্ষণে পাকিস্তানের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। বাকি ১৬ রান তুলতে কোনো সমস্যাই হয়নি উসমান খান ও আব্দুল কাদিরের। শেষ দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন উসমান। ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে আব্দুল কাদির অপরাজিত ছিলেন ৮ রানে।

আগামী ১৪ নভেম্বর একই মাঠে ভারত ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের মুখোমুখি হবে পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। রিজওয়ানউল্লাহর পাঁচ উইকেটের তোপে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয় টাইগার যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন আব্দুল্লাহ আল মুহি।

মালয়েশিয়ার বিপক্ষে যুব ওয়ানডেতে নিজেদের ইতিহাসে রেকর্ড ২০৫ রানের ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে দলটি। তবে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে মাত্র ৪ রান যোগ হতেই রানআউট হয়ে ফেরেন এসকে জারিফ সিয়াম। এরপর মোহাম্মদ সাইয়ামের বলে ৯ রান করা কাওসার আহমেদ সাজঘরে ফিরলে ২৫ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর আব্দুল্লাহ আল মুমিন ও অধিনায়ক ফরিদ হাসান মিলে ৪৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে এই জুটি ভাঙেন রিজওয়ানউল্লাহ। ৯ রান করে ফেরেন অধিনায়ক ফরিদ। পরের ওভারেই দলীয় স্কোরে মাত্র ১ রান যোগ হতেই হাসনাইন আব্বাস দারের বলে ১ রান করে আউট হন আল মুমিন। ৬৯ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর ২৯ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন আব্দুল্লাহ আল মুহি ও আল রাফি। এই জুটিতে নিজের অর্ধশতক পূর্ণ করেন মুহি। তবে ৫০ রানেই তাঁকে ফিরিয়ে দেন রিজওয়ানউল্লাহ। এটি ছিল তাঁর দ্বিতীয় শিকার। ৯৮ রানে পঞ্চম উইকেট হারানোর পর বাংলাদেশের বড় সংগ্রহের আশা আরও ফিকে হয়ে যায়।

এরপর একে একে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ২০ রান করা আল রাফি ও কোনো রান না করা রবিউল হাসান অনিককে আউট করে নিজের তৃতীয় ও চতুর্থ উইকেট তুলে নেন রিজওয়ানউল্লাহ। ১১১ রানে সাত উইকেট হারিয়ে কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের লড়াই।

এরপর ১১৬ রানে আলী রাজার বলে শূন্য রানে ফেরেন রুবায় ইসলাম রিজন। রিজওয়ানউল্লাহর পঞ্চম শিকার হন ২৬ রান করা রাকিবুল হোসেন। তাঁর বিদায়ে ১৩৬ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আহমেদ হুসাইনের বলে শেখ আতিকুর রহমান ১ রান করে আউট হলে ১৩৮ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের হয়ে রিজওয়ানউল্লাহ পাঁচটি উইকেট নেন। এ ছাড়া মোহাম্মদ সাইয়াম দুটি এবং আহমেদ হুসাইন, আলী রাজা ও হাসনাইন আব্বাস দার একটি করে উইকেট পান।

ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করে যুব এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের।

Advertisement
Advertisement