ঢাকা,  বুধবার
১১ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

ব্যাংক খাতে মুনাফার চেয়ে লোকসান বেশি, সাত ব্যাংকের ক্ষতি ১৫ হাজার কোটি টাকা

প্রকাশিত: ১৩:২২, ১১ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতে মুনাফার চেয়ে লোকসান বেশি, সাত ব্যাংকের ক্ষতি ১৫ হাজার কোটি টাকা

ব্যাংক খাতে মুনাফার চেয়ে লোকসান বেশি, সাত ব্যাংকের ক্ষতি ১৫ হাজার কোটি টাকা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর আর্থিক চিত্রে বড় বৈপরীত্য দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে ২৪টি ব্যাংক মুনাফা করলেও লোকসান করেছে সাতটি। লোকসানে থাকা ব্যাংকগুলোর সম্মিলিত ক্ষতির পরিমাণ ১৫ হাজার ২৫১ কোটি টাকা। বিপরীতে মুনাফা করা ২৪ ব্যাংকের সম্মিলিত আয় ৯ হাজার ৪৫৩ কোটি টাকা। অর্থাৎ মুনাফার তুলনায় লোকসানের পরিমাণ ৫ হাজার ৭৯৮ কোটি টাকা বেশি।

ব্যাংক খাতের সামগ্রিক চিত্রে লোকসানের পাল্লা ভারী হলেও কয়েকটি ব্যাংক বড় অঙ্কের মুনাফা করেছে। একদিকে বিপুল মুনাফা, অন্যদিকে বড় লোকসান—ব্যাংকগুলোর এই বৈপরীত্যের পেছনে খেলাপি ঋণ, আমানতকারীদের আস্থা এবং বিনিয়োগ পরিস্থিতির বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাঁদের মতে, যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি, সেগুলোর প্রতি আমানতকারীদের আস্থা কমেছে। ফলে এসব ব্যাংক থেকে টাকা সরিয়ে তুলনামূলক ভালো ব্যাংকে জমা রাখছেন গ্রাহকরা। এতে ভালো ব্যাংকগুলো আরও শক্তিশালী হচ্ছে, আর দুর্বল ব্যাংকগুলোর সংকট বাড়ছে।

বিশ্লেষকরা বলছেন, শুধু মুনাফার হিসাব দিয়ে ব্যাংক খাতের প্রকৃত অবস্থা বোঝা সম্ভব নয়। ব্যাংকের সাফল্য বিচার করতে হলে আমানত সংগ্রহ, উৎপাদনশীল খাতে অর্থায়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদানও বিবেচনায় নিতে হবে। অথচ ভালো মুনাফা করা ব্যাংকগুলোর আয়ের বড় অংশ আসছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে। এতে বেসরকারি খাতে ঋণ বিতরণ ও প্রকৃত ব্যাংকিং কার্যক্রমের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।

ব্যাংকগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, লোকসানের তালিকায় শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এরপর রয়েছে ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। অন্যদিকে মুনাফার দিক থেকে এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও প্রাইম ব্যাংক।

লোকসানে ইসলামী, ন্যাশনাল ও এবি ব্যাংক

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪১ পয়সা। ব্যাংকটির শেয়ারসংখ্যা বিবেচনায় মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা। অথচ ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ৬২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির আর্থিক অবস্থার বড় অবনতি হয়েছে।

একই সময়ে ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৩৭ পয়সা। এতে ব্যাংকটির মোট লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ১৭ কোটি টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান বেড়েছে দ্বিগুণেরও বেশি।

বড় লোকসানে রয়েছে এবি ব্যাংকও। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৪৬ পয়সা। মোট লোকসানের পরিমাণ ২ হাজার ৮১৮ কোটি টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৪ টাকা ৬১ পয়সা। অর্থাৎ লোকসান বড় অঙ্কের হলেও আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।

এ ছাড়া আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান ১৩ টাকা ৪ পয়সা। মোট লোকসানের পরিমাণ ২ হাজার ৫০৬ কোটি টাকা। রূপালী ব্যাংকের লোকসান ৯৯৬ কোটি, প্রিমিয়ার ব্যাংকের ৫৫৮ কোটি এবং আইসিবি ইসলামী ব্যাংকের ৭১ কোটি টাকা।

মুনাফায় এগিয়ে ব্র্যাক ও পূবালী ব্যাংক

মুনাফা করা ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭ টাকা ৭০ পয়সা। শেয়ারসংখ্যা বিবেচনায় মোট মুনাফার পরিমাণ ১ হাজার ৭৬৩ কোটি টাকা। ২০২৫ সালের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫ টাকা ২৯ পয়সা।

মুনাফার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ টাকা ১৫ পয়সা। এতে মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে।

সিটি ব্যাংক ৮৬৮ কোটি এবং প্রাইম ব্যাংক ৬৮৫ কোটি টাকা মুনাফা করেছে। এ ছাড়া ইস্টার্ন ব্যাংক ৬৭৪ কোটি, ডাচ্‌-বাংলা ব্যাংক ৬২৪ কোটি, যমুনা ব্যাংক ৫০২ কোটি, ব্যাংক এশিয়া ৪৫১ কোটি, শাহজালাল ইসলামী ব্যাংক ৪৪৫ কোটি, উত্তরা ব্যাংক ৪৩১ কোটি এবং এনসিসি ব্যাংক ৩৪৮ কোটি টাকা মুনাফা করেছে।

তবে মুনাফা করলেও কয়েকটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। ঢাকা ব্যাংকের ইপিএস ১ টাকা ৩৩ পয়সা থেকে কমে ১ টাকা ১২ পয়সা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস ১ টাকা ৮৭ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে ৪৩ পয়সায়। ওয়ান ব্যাংকের ইপিএস ১ টাকা ৭ পয়সা থেকে কমে ৮৮ পয়সা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৪ পয়সা থেকে কমে মাত্র ৩ পয়সা হয়েছে।

আট ব্যাংকের নগদ প্রবাহ ঋণাত্মক

মুনাফা ও লোকসানের পাশাপাশি ব্যাংকগুলোর নগদ অর্থের প্রবাহেও বড় ধরনের পার্থক্য দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ২৩টি ব্যাংকের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বা অপারেটিং ক্যাশ ফ্লো ইতিবাচক থাকলেও আটটির ছিল ঋণাত্মক।

এর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ঋণাত্মক ৩৬ টাকা ১২ পয়সা। ইউসিবির ২০ টাকা ৫৮ পয়সা, ন্যাশনাল ব্যাংকের ৩ টাকা ৪৩ পয়সা, আইএফআইসি ব্যাংকের ৪ টাকা ৪৬ পয়সা, এবি ব্যাংকের ৬ টাকা ৯৪ পয়সা, রূপালী ব্যাংকের ৩ টাকা ৭৭ পয়সা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১ টাকা ৪৩ পয়সা এবং আইসিবি ইসলামী ব্যাংকের ৪২ পয়সা।

বিপরীতে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আরবি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক ও ব্যাংক এশিয়ার পরিচালন নগদ প্রবাহ শেয়ারপ্রতি ২০ টাকার বেশি।

এর মধ্যে পূবালী, যমুনা ও সিটি ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ৭০ টাকার ওপরে। ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের ৫০ টাকার বেশি। অন্যদিকে শাহজালাল ইসলামী, মিউচুয়াল ট্রাস্ট ও ডাচ্‌-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ৩০ টাকার বেশি।

প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ১০ থেকে ২০ টাকার মধ্যে।

মুনাফা দিয়ে পুরো ব্যাংক খাতের চিত্র বোঝা যায় না

ব্যাংক খাতের এমন বৈপরীত্যকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখার পরামর্শ দিয়েছেন ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।

তিনি জাগো নিউজকে বলেন, ব্যাংক খাত সাধারণ কোনো পণ্য বা সেবাভিত্তিক খাত নয়; এটি অর্থনীতির প্রাণপ্রবাহ। আর্থিক খাত অর্থনীতির প্রকৃত খাতকে সচল রাখে। যাদের উদ্বৃত্ত সঞ্চয় রয়েছে, ব্যাংক তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। আবার যাদের অর্থের প্রয়োজন, তাদের কাছে সেই অর্থ পৌঁছে দেয়। এভাবে ব্যাংক সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করে এবং অর্থনীতিতে সম্পদের সঠিক বণ্টনে ভূমিকা রাখে।

মুসলিম চৌধুরী বলেন, কয়েকটি ব্যাংক ভালো মুনাফা করছে বলে পুরো ব্যাংক খাতের অবস্থাকে ভালো বলার সুযোগ নেই। কয়েকটি ব্যাংকের মুনাফার বিপরীতে অন্য ব্যাংকগুলোর বড় অঙ্কের লোকসান থাকলে সামগ্রিক আর্থিক খাতের প্রকৃত অবস্থা মূল্যায়ন করতে হবে। কারণ, ব্যাংক খাতের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের সরাসরি সম্পর্ক রয়েছে। ব্যাংক খাত দুর্বল হলে অর্থনীতির প্রকৃত খাতও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, ভালো মুনাফা করা ব্যাংকগুলোর কার্যক্রমও গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। এসব ব্যাংকের অনেকেই বাছাই করা ও প্রতিষ্ঠিত গ্রাহকদের ঋণ দিচ্ছে। অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষি ও সাধারণ মানুষের মতো অপেক্ষাকৃত কম সুবিধাপ্রাপ্ত খাতে অর্থায়ন সীমিত। ফলে শুধু মুনাফার অঙ্ক দিয়ে ব্যাংকের কার্যকারিতা কিংবা অর্থনীতিতে তাদের অবদান বিচার করা যায় না।

সরকারি বিল-বন্ডে বিনিয়োগ মুনাফার বড় উৎস

ভালো ব্যাংকগুলোর মুনাফার উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন মুসলিম চৌধুরী। তাঁর মতে, বর্তমানে অনেক ব্যাংকের আয়ের বড় অংশ আসছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে। অর্থাৎ বেসরকারি খাতে ঋণ বিতরণের পরিবর্তে সরকারকে অর্থ ধার দিয়ে আয় করছে এসব ব্যাংক।

তিনি বলেন, এ ধরনের বিনিয়োগ তুলনামূলক নিরাপদ হলেও ব্যাংকের প্রধান দায়িত্ব শুধু নিরাপদ বিনিয়োগের মাধ্যমে মুনাফা করা নয়। অর্থনীতির উৎপাদনশীল খাতে অর্থায়ন নিশ্চিত করাও ব্যাংকের অন্যতম প্রধান কাজ। ব্যাংকের অর্থ যদি মূলত সরকারি বিল-বন্ডে বিনিয়োগ করা হয়, তাহলে বেসরকারি খাতে অর্থায়নে ব্যাংকগুলোর ভূমিকা কতটা থাকছে, সেই প্রশ্ন সামনে আসে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীও মনে করেন, ভালো ব্যাংকগুলোর মুনাফার বড় উৎস এখন সরকারি ঋণপত্র।

তিনি বলেন, বেসরকারি খাতে ঋণের চাহিদা অনেক কমে গেছে। দেশে গত ৩৫ বছরের মধ্যে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ব্যবসায়ীদের হাতে অর্থের চাহিদা থাকলেও বিনিয়োগের পরিবেশ না থাকায় তাঁরা ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না।

ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংকব্যবস্থা থেকে বিপুল পরিমাণ ঋণ নিচ্ছে। সরকারের অর্থায়নের ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি টাকা। এর মধ্যে প্রায় দেড় লাখ কোটি টাকা ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে সরকার ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, এসব ঋণপত্রের সুদহার আগে ১২ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত থাকলেও পরে তা কমে প্রায় ৯ শতাংশে নেমেছে। তারপরও ব্যাংকগুলো সরকারের কাছে অর্থ বিনিয়োগ করছে। কারণ, সরকারি ঋণপত্রে খেলাপি হওয়ার ঝুঁকি কম এবং নির্দিষ্ট সুদ পাওয়া যায়। ফলে অনেক ব্যাংকের মুনাফার বড় অংশ আসছে এসব ঋণপত্রের সুদ থেকে। অর্থাৎ মুনাফা বাড়লেও তা সব ক্ষেত্রে বেসরকারি খাতে ঋণ বিতরণের মাধ্যমে হচ্ছে না।

খেলাপি ঋণ ও আস্থার সংকটে দুর্বল ব্যাংক

ব্যাংকগুলোর মুনাফা ও লোকসানের বৈপরীত্যের পেছনে খেলাপি ঋণ এবং আমানতকারীদের আস্থার পার্থক্যকে বড় কারণ হিসেবে দেখছেন ফারুক আহমেদ সিদ্দিকী।

তিনি বলেন, যেসব ব্যাংকের খেলাপি ঋণ অনেক বেশি, সেগুলোর আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। কোনো কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার ৩০ থেকে ৪০ শতাংশ, এমনকি ৭০ থেকে ৮০ শতাংশ ছাড়িয়েছে। এসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় আমানতকারীরা সেখানে টাকা রাখতে আগ্রহ হারাচ্ছেন। ফলে নতুন আমানত আসছে না। অথচ ব্যাংকগুলোকে পরিচালন ব্যয়সহ অন্যান্য খরচ বহন করতে হচ্ছে। নতুন আমানত না আসা এবং ঋণ আদায় করতে না পারায় লোকসান আরও বাড়ছে।

তাঁর মতে, ব্যাংকিং ব্যবসা মূলত আস্থার ওপর নির্ভরশীল। যে ব্যাংকের প্রতি মানুষের আস্থা নেই, সেখানে আমানত আসবে না। আর আমানত না থাকলে ব্যাংকের পক্ষে স্বাভাবিক ঋণ কার্যক্রম পরিচালনা করাও কঠিন হয়ে পড়ে।

অন্যদিকে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক ভালো ব্যবসা করছে বলে মনে করেন তিনি। এসব ব্যাংকের খেলাপি ঋণের হার তুলনামূলক কম। কোনো কোনো ব্যাংকে তা ৩ থেকে ৪ শতাংশের মধ্যে।

ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, যেসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে গেছে, সেখান থেকে আমানতকারীরা টাকা সরিয়ে তুলনামূলক ভালো ব্যাংকে রাখছেন। অর্থাৎ ব্যাংক খাতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আমানত স্থানান্তরিত হচ্ছে। যেসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা রয়েছে, সেগুলো নতুন আমানত পাচ্ছে এবং তুলনামূলক ভালো অবস্থানে থাকছে।

বিনিয়োগ খরা, ব্যাংকে অলস অর্থ

ব্যাংকগুলোতে পর্যাপ্ত আমানত ও তারল্য থাকলেও বেসরকারি খাতে ঋণ বিতরণ বাড়ছে না। এর কারণ হিসেবে দুর্বল বিনিয়োগ পরিবেশকে দায়ী করছেন ফারুক আহমেদ সিদ্দিকী।

তিনি বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ দুর্বল হয়ে পড়েছে। বেসরকারি খাতে ঋণের চাহিদা কমেছে। বিদেশি বিনিয়োগও আসছে না; বরং অনেক বিদেশি বিনিয়োগকারী তাঁদের অর্থ তুলে নিচ্ছেন। ফলে দেশে এক ধরনের বিনিয়োগ খরা চলছে।

তিনি আরও বলেন, সরকারকে ঋণ দেওয়ার পরও ব্যাংকগুলোর হাতে বিপুল পরিমাণ অর্থ অব্যবহৃত পড়ে থাকছে। আনুমানিক চার লাখ কোটি টাকার মতো অলস অর্থ রয়েছে ব্যাংকগুলোতে। বেসরকারি খাতে ঋণের চাহিদা না থাকায় এই অর্থ কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না।

এ কারণে আগে ব্যাংকগুলো মেয়াদি আমানত সংগ্রহে ৯, ১০ বা ১১ শতাংশ পর্যন্ত সুদ দিলেও এখন অনেক ব্যাংক ৭ থেকে সাড়ে ৭ শতাংশের বেশি সুদ দিতে চাইছে না। কারণ, ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত আমানত রয়েছে, কিন্তু সেই অর্থ বিনিয়োগ বা ঋণ হিসেবে বিতরণের সুযোগ কম।

ফারুক আহমেদ সিদ্দিকীর হিসাবে, বর্তমানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে নেমে এসেছে। গত বছর এ প্রবৃদ্ধি ছিল প্রায় ৪ দশমিক ৭ শতাংশ। ব্যাংকে অর্থ থাকার পরও উদ্যোক্তারা ঋণ নিচ্ছেন না, যা দেশের বিনিয়োগ পরিস্থিতির দুর্বলতার বড় প্রমাণ।

উৎপাদনশীল খাতে অর্থায়ন বাড়ানোর তাগিদ

বেসরকারি খাতে বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থানও বাড়বে না বলে মনে করেন মুসলিম চৌধুরী। তাঁর মতে, উৎপাদনশীল খাতে অর্থায়ন না হলে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে না, বিদ্যমান শিল্পের সম্প্রসারণও বাধাগ্রস্ত হবে। এর সরাসরি প্রভাব পড়বে কর্মসংস্থানে।

তিনি বলেন, ব্যাংকের অর্থ শুধু নিরাপদ সরকারি বিনিয়োগে সীমাবদ্ধ থাকলে অর্থনীতিতে ব্যাংক খাতের প্রত্যাশিত অবদান নিশ্চিত হবে না। ব্যাংকের সাফল্য নির্ধারণ করতে হবে অর্থনীতিতে তার অবদান দিয়ে। কতটা সঞ্চয় সংগ্রহ হচ্ছে, উৎপাদনশীল খাতে কতটা অর্থায়ন করা হচ্ছে এবং নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে কী ভূমিকা রাখা হচ্ছে, সেসব বিষয় বিবেচনায় নিতে হবে। শুধু মুনাফা, সম্পদ কিংবা নগদ প্রবাহের পরিমাণ দিয়ে ব্যাংকের সাফল্য বিচার করা যায় না।

ফারুক আহমেদ সিদ্দিকীর মতে, বিনিয়োগ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ব্যাংক খাতের সামগ্রিক অবস্থার উন্নতি হবে না। কারণ, ব্যাংক খাতের প্রকৃত বিকাশ নির্ভর করে বেসরকারি খাতে ঋণ বিতরণ, ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ওপর।

Advertisement
Advertisement