ঢাকা,  বৃহস্পতিবার
১২ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

দীপাবলির অনুষ্ঠানে গলায় কোরআনের আয়াত লেখা লকেট, কারিনা কাপুরকে আইনি নোটিশ

প্রকাশিত: ১৮:২৭, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৭, ১২ নভেম্বর ২০২৬

দীপাবলির অনুষ্ঠানে গলায় কোরআনের আয়াত লেখা লকেট, কারিনা কাপুরকে আইনি নোটিশ

কারিনা কাপুর

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। উৎসবের সাজে তাঁর গলায় দেখা যায় পবিত্র কোরআনের আয়াত খোদাই করা ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গয়না প্রকাশের ধরন নিয়ে আপত্তি তুলেছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ। এ ঘটনায় কারিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (১১ নভেম্বর) এই নোটিশ পাঠানো হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি, ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়, এমনভাবে তা উপস্থাপন না করার নিশ্চয়তাও চাওয়া হয়েছে।

কারিনার দীপাবলির সাজের ছবি প্রকাশের পরই বিতর্কের সূত্রপাত। ছবিতে ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও একই রঙের পাগড়ি পরেছিলেন অভিনেত্রী। তাঁর গলায় ছিল বিশেষ নকশার একটি পান্নার লকেট। এতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত—আয়াতুল কুরসি।

স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছেন, গয়নাটি উত্তরাধিকারসূত্রে পাওয়া। প্রায় ২০০ বছরের পুরোনো রাজকীয় অলংকারের পাশাপাশি কারিনা পরেছিলেন ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্নাটি। এতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।

গয়নাটির সঙ্গে কারিনার পারিবারিক যোগসূত্রও রয়েছে। তাঁর স্বামী অভিনেতা সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। তাঁর মাধ্যমেই গয়নাটি পতৌদি পরিবারের উত্তরাধিকার হিসেবে এসেছে বলে জানানো হয়েছে।

তবে আব্বাস হাফিজের আপত্তি কারিনার পোশাক বা ব্যক্তিগত পছন্দ নিয়ে নয়। তাঁর দাবি, পবিত্র কোরআনের আয়াত লেখা গয়না প্রকাশের ক্ষেত্রে যথাযথ ধর্মীয় মর্যাদা ও সম্মান বজায় রাখা উচিত ছিল। ছবিতে গয়নাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে কষ্ট ও উদ্বেগ তৈরি হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, কোরআনের আয়াত অলংকার হিসেবে ব্যবহারের বিষয়ে ইসলামি ধর্মীয় পণ্ডিতদের মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ কেউ এ ধরনের ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেন। আব্বাস হাফিজ জানিয়েছেন, তিনি ব্যক্তিগত সক্ষমতায় এই আইনি নোটিশ পাঠিয়েছেন, কংগ্রেস দলের পক্ষ থেকে নয়।

এখন এই বিতর্কে কারিনা কাপুর খান ও রিয়া কাপুর কী প্রতিক্রিয়া জানান, সেটিই দেখার বিষয়।

Advertisement
Advertisement