ঢাকা,  মঙ্গলবার
১০ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

দেশজুড়ে রাতভর বাসে-ট্রেনে আগুন, মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ

প্রকাশিত: ১৩:২৬, ১০ নভেম্বর ২০২৬

দেশজুড়ে রাতভর বাসে-ট্রেনে আগুন, মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ

দেশজুড়ে রাতভর বাসে-ট্রেনে আগুন, মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে রাতভর গণপরিবহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। কোথাও বাস, কাভার্ডভ্যান ও ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আবার কোথাও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ১০ নভেম্বর ধর্মঘটের ডাক দেওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব ঘটনায় আতঙ্ক ও দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটে।

ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালক নিহত

ফরিদপুরে গভীর রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মো. কালাচাঁদ (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কে দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাজীপুরে তিন বাসসহ কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়।

এর আগে সোমবার রাত ১১টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যা ৭টা ও ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

ধামরাইয়ে বাসে আগুন

ঢাকার ধামরাইয়ে ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১টা ৩৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ট্রেনটির একটি বগিতে আগুন দেখতে পান রেলের কর্মীরা। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।

এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি।

এদিকে সোমবার রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

একই সময় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে পৌরসভা কার্যালয়সংলগ্ন সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোহনগঞ্জ উপজেলা কমিটির সভাপতি লতিফুর রহমান এবং তাঁর ভাই উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুলতান আহমেদের বাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে আগুন

বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যার পর একদল ব্যক্তি সেখানে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে রাখা একটি ভ্যানের বস্তা ও চটে আগুন ধরিয়ে দেন। পরে ঘটনাস্থল থেকে সরে যান তাঁরা। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাদারীপুরে মাছ বাজারে ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনি মাছ বাজারের বড় ব্রিজসংলগ্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই বিএম রাসেল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন।

বৈঠা হাতে পদ্মা সেতুতে ছাত্রলীগের অবরোধ

শরীয়তপুরের জাজিরা প্রান্তে সোমবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা ও সংলগ্ন এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রায় দুই হাজার নেতাকর্মী। এতে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং পদ্মা সেতু ও সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় দক্ষিণ টোলপ্লাজার সামনে বৈঠা হাতে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে টোলপ্লাজার সামনে অবস্থান করে সড়ক অবরোধ করেন তাঁরা। প্রায় এক ঘণ্টা তাঁদের অবস্থানের কারণে টোল আদায় বন্ধ থাকে। এতে সেতু পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

অবস্থান কর্মসূচি চলাকালে প্রায় ২৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও প্রায় ২৫টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে পুলিশের তৎপরতায় অবরোধকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

নওগাঁয় গভীর রাতে দুটি বাসে আগুন

নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ

মঙ্গলবার সকাল ৬টার দিকে পটুয়াখালী সদর উপজেলার পায়রা পাম্পের পর ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

জানা গেছে, সারা দেশে ঘোষিত লকডাউন কর্মসূচির অংশ হিসেবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান সিফাত খান। একই কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় রাতের আঁধারে মশাল মিছিল বের করার খবর পাওয়া গেছে।

বরগুনায় পৌরসভার গাড়িতে আগুন, বিভিন্ন প্রতিষ্ঠানে তালা

বরগুনায় রাতের আঁধারে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বেতাগী পৌরসভার একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টাও করা হয়।

এ ছাড়া রাতে বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, পাথরঘাটা-মঠবাড়িয়া আঞ্চলিক সড়ক এবং কাকচিঁড়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কেও গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করা হয়।

পাবনায় দুই মহাসড়কে আগুন, কলেজে তালা

পাবনা-কুষ্টিয়া মহাসড়ক ও পাবনা-চাটমোহর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।

মানিকগঞ্জে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ; আটক ১০

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে টায়ার জ্বালানোর ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে টায়ারেও আগুন দেওয়া হয়। একই রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্ক করে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Advertisement
Advertisement

আরো পড়ুন