মৌলভীবাজারে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা
মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই তরুণকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন।
পুলিশ সদস্যের স্বামীর ভাষ্য অনুযায়ী, গতকাল রাতে থানায় দায়িত্ব পালন শেষে তাঁর স্ত্রী হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি পুলিশের পোশাক পরা ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন দিক থেকে এক তরুণ তাঁর মুখ চেপে ধরেন। পরে তাঁকে জোর করে সড়কের পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিলেন।
তখন ওই নারী কনস্টেবল চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান। দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়নি বলে জানান তাঁর স্বামী। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
ঘটনাস্থলের কাছে স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের বাড়ি। তিনি জানান, হঠাৎ চিৎকার শুনে তিনি ও তাঁর স্ত্রীসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী হওয়ায় তাঁরা ওই নারী পুলিশ সদস্যকে চিনতে পারেন। পরে থানা-পুলিশের অন্য কর্মকর্তারাও সেখানে আসেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি অন্ধকার ছিল। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। ওই নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজন পিছু নেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এতে জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।



.png)
.png)