বিক্ষোভে অংশ নেওয়ায় আমির খানের ভাতিজা ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নাগরিক এই অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলেছে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। ইমরান বলিউড তারকা আমির খানের ভাতিজা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কিরিত সোমাইয়া অভিযোগ করেন, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়েছেন। তাঁর অভিযোগের পর বিষয়টি এফআরআরওর কাছে পাঠানো হয়। পরে সংস্থাটি ইমরানকে ভারত ছাড়ার নোটিশ দেয়।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওসিআই কার্ডধারী ইমরান খানের কাছে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। মুম্বাইয়ের খার এলাকায় বসবাস করেন এই অভিনেতা।
গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ আন্দোলনের আয়োজন করা হয়। এ সময় ইমরান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন, মা নুসরাত এবং আত্মীয় জাইন মেরিসহ প্রায় ৪০০ জনকে আটক করে পুলিশ।
পরে আটকের সময় পুলিশ তাঁকে মারধর ও হেনস্তা করেছে বলে অভিযোগ করেন জাইন। এক ভিডিওতে তিনি তাঁর শরীরে আঘাতের চিহ্ন থাকার কথাও জানান। এ ঘটনার পর বিজেপি নেতা কিরিত সোমাইয়া ইমরানকে ভারত থেকে বহিষ্কারের দাবি তোলেন। পাশাপাশি তাঁর নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন করেন, একজন বিদেশি নাগরিক রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারেন কি না।
তবে বিক্ষোভে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে ইমরান জানিয়েছিলেন, তিনি কোনো সংগঠনের হয়ে কিংবা নির্দিষ্ট কোনো দাবি নিয়ে সেখানে যাননি। মুম্বাইয়ের বাসিন্দা হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকেই বিক্ষোভে অংশ নিয়েছেন।
ইমরানের ভাষায়, “আমার কোনো দাবি নেই। আমি এই শহরে থাকি, একজন নাগরিক হিসেবে এখানে এসেছি। কেন মানুষের চলাচলের স্বাধীনতা সীমিত করা হচ্ছে, কেন মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে, তা দেখতে এসেছি।”
বিক্ষোভে অংশ নেওয়ার জেরে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়ার ঘটনা দেশটিতে রাজনৈতিক প্রতিবাদে অংশগ্রহণ এবং বিদেশি নাগরিকদের অধিকার নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।



.png)
.png)