তীব্র রাগ বা মানসিক চাপ থেকেও হতে পারে হার্ট অ্যাটাক, কীভাবে সতর্ক থাকবেন?
টানটান উত্তেজনার কোনো খেলার শেষ মুহূর্তে কিংবা প্রিয় দলের আক্রমণের সময় দর্শকের বুক ধড়ফড় করে ওঠে। গোলের সুযোগ নষ্ট হলে অনেকে হতাশায় ভেঙে পড়েন। শুধু খেলাধুলা নয়, কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ, পারিবারিক কলহ কিংবা প্রিয়জনের আকস্মিক মৃত্যুর মতো মানসিক আঘাতের পরও অনেকের বুকে ব্যথা বা শ্বাসকষ্ট দেখা দেয়।
প্রশ্ন হলো, তীব্র রাগ, উত্তেজনা কিংবা মানসিক চাপ থেকে কি সত্যিই হার্ট অ্যাটাক হতে পারে? উত্তর—হ্যাঁ। বিশেষ করে যাঁদের আগে থেকেই হৃদ্রোগের ঝুঁকি রয়েছে, তাঁদের ক্ষেত্রে তীব্র মানসিক চাপ বা উত্তেজনা হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক উদ্দীপক হিসেবে কাজ করতে পারে।
শরীরে তখন কী ঘটে?
প্রচণ্ড রাগ, ভয় কিংবা মানসিক চাপে পড়লে শরীরে একধরনের জরুরি প্রতিক্রিয়া শুরু হয়, চিকিৎসাবিজ্ঞানে যাকে বলা হয় ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়া। এ সময় অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায়। ফলে হৃৎস্পন্দন দ্রুত হয়, রক্তচাপ বাড়ে এবং হৃদ্যন্ত্রের অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়। সুস্থ হৃদ্যন্ত্র সাধারণত এই পরিবর্তন সামলে নিতে পারে।
কিন্তু হৃদ্যন্ত্রের রক্তনালিতে আগে থেকেই চর্বি জমে সংকোচন তৈরি হলে বাড়তি অক্সিজেনের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। আবার তীব্র মানসিক চাপের সময় কোনো কোনো ক্ষেত্রে রক্তনালিতে জমে থাকা চর্বির আবরণ ফেটে গিয়ে রক্ত জমাট বাঁধতে পারে। এতে রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটতে পারে।
অর্থাৎ, রাগ, উত্তেজনা বা মানসিক চাপ সব সময় সরাসরি হৃদ্রোগ সৃষ্টি না করলেও আগে থেকে থাকা সমস্যাকে বিপজ্জনক করে তুলতে পারে।
গবেষণা কী বলছে?
২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ চলাকালে জার্মানিতে পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, দেশটির জাতীয় দলের খেলার দিনগুলোতে হৃদ্যন্ত্রের জরুরি সমস্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। পুরুষদের ক্ষেত্রে এ ধরনের ঘটনার হার স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ ছিল। বিশেষ করে আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ ঝুঁকি বেশি দেখা যায়। খেলার উত্তেজনা ও মানসিক চাপকে এর সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়।
কাদের ঝুঁকি বেশি?
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকা, ধূমপান এবং অতিরিক্ত ওজন—এসব কারণে হৃদ্রোগের ঝুঁকি বাড়ে। আগে হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন কিংবা পরিবারে অল্প বয়সে হৃদ্রোগের ইতিহাস রয়েছে, এমন ব্যক্তিদেরও সতর্ক থাকা প্রয়োজন।
বিশেষ করে যাঁদের করোনারি ধমনিতে নীরবে রোগ বাসা বেঁধেছে, তাঁরা অনেক সময় কোনো পূর্বলক্ষণ ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করেন। তীব্র মানসিক চাপ তাঁদের ক্ষেত্রে গুরুতর সমস্যার সূচনা করতে পারে। এ ছাড়া দীর্ঘদিনের উদ্বেগ, বিষণ্নতা ও ঘুমের অভাবও পরোক্ষভাবে হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে।
ব্রোকেন হার্ট সিনড্রোম কী?
প্রিয়জনের মৃত্যু, সম্পর্কের বিচ্ছেদ কিংবা ভয়াবহ কোনো সংবাদ থেকে তীব্র মানসিক আঘাত পাওয়ার পর কখনো কখনো দেখা দিতে পারে ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’। চিকিৎসাবিজ্ঞানে এটি ‘স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি’ নামে পরিচিত।
এ অবস্থায় হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তবে সাধারণ হার্ট অ্যাটাকের মতো হৃদ্যন্ত্রের রক্তনালিতে রক্তপ্রবাহ বন্ধ করে দেওয়ার মতো বড় কোনো ব্লক সাধারণত পাওয়া যায় না। বরং হৃদ্যন্ত্রের পাম্প করার ক্ষমতা সাময়িকভাবে কমে যায় এবং এর কিছু অংশের সংকোচনক্ষমতা হ্রাস পায়।
অধিকাংশ রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন। তবে ব্রোকেন হার্ট সিনড্রোমও গুরুতর জটিলতা তৈরি করতে পারে।
কীভাবে হৃদ্যন্ত্র সুরক্ষিত রাখবেন?
রাগ, উত্তেজনা ও মানসিক চাপ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলা জরুরি। উত্তেজিত অবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুক্ষণ থামুন। ধীরে ধীরে শ্বাস নিন এবং পরিস্থিতি শান্তভাবে মোকাবিলার চেষ্টা করুন।
দীর্ঘস্থায়ী উদ্বেগ বা বিষণ্নতা দৈনন্দিন জীবনযাপনে ব্যাঘাত ঘটালে চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত রক্তচাপ, রক্তের শর্করা ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করুন। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিন। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখুন, ধূমপান থেকে বিরত থাকুন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া হৃদ্রোগের ওষুধ বন্ধ করবেন না।
কখন জরুরি চিকিৎসা নেবেন?
রাগ বা মানসিক চাপের পর বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম কিংবা বমি বমি ভাব দেখা দিলে সতর্ক হতে হবে। একই সঙ্গে ব্যথা হাত, পিঠ, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে পড়লেও হার্ট অ্যাটাকের আশঙ্কা করা উচিত। বিশেষ করে বুকে চাপধরা অস্বস্তি স্থায়ী হলে এক মুহূর্তও দেরি করা যাবে না।
‘একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে’—এমন ভেবে অপেক্ষা করবেন না। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিন।



.png)
.png)