ঢাকা,  বৃহস্পতিবার
১৫ অক্টোবর ২০২৬

Advertisement
Advertisement

‘রাকা’ সিনেমায় থাকছেন ম্রুনাল ঠাকুর? যা বললেন অভিনেত্রী

প্রকাশিত: ১২:৪৫, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৫২, ১৪ অক্টোবর ২০২৬

‘রাকা’ সিনেমায় থাকছেন ম্রুনাল ঠাকুর? যা বললেন অভিনেত্রী

ম্রুনাল ঠাকুর

বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। অভিনয়দক্ষতা দিয়ে এরই মধ্যে ভারতজুড়ে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘পূজা মেরি জান’। এর মধ্যেই নতুন একটি সিনেমায় তাঁর অভিনয় নিয়ে শুরু হয়েছে জল্পনা।

শোনা যাচ্ছে, পরিচালক অ্যাটলি কুমারের বহুল আলোচিত সিনেমা ‘রাকা’য় দেখা যেতে পারে ম্রুনালকে। এতে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার গুঞ্জন রয়েছে তাঁর। লোককথা ও কল্পবিজ্ঞানের সমন্বয়ে বড় পরিসরে নির্মিত হচ্ছে সিনেমাটি।

তবে ‘রাকা’য় অভিনয়ের বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি ম্রুনাল। এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, “আপনারা যে ধরে নিচ্ছেন আমি ‘রাকা’য় অভিনয় করছি, এটা আমার বেশ ভালো লাগছে! আমার আগামী সিনেমাগুলোর ঘোষণা খুব শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেব। আশা করি, তাতে এসব গুঞ্জনের অবসান হবে।”

সরাসরি কিছু না জানিয়ে নিজের কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন ম্রুনাল। তাঁর মতে, প্রতিটি কাজেরই নির্দিষ্ট কিছু ধাপ থাকে। পরীক্ষার সঙ্গে তুলনা করে তিনি বলেন, লক্ষ্য নির্ধারণ, উপকরণ সংগ্রহ, পর্যবেক্ষণ ও উপসংহারে পৌঁছানোর মতো বিষয়গুলো প্রতিটি কাজের অংশ। তবে কোনো কাজ সফল হয়নি, এমন সিদ্ধান্তে তিনি সহজে পৌঁছাতে চান না। বরং প্রতিটি অভিজ্ঞতাকে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখেন তিনি।

ম্রুনাল আরও জানান, এমন গল্পে অভিনয় করতে চান, যা শুধু তাঁকে অভিনয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে ফেলবে না, দর্শকের জীবনেও ইতিবাচক প্রভাব রাখবে। তাঁর ভাষায়, “আমি এমন সিনেমার অংশ হতে চাই, যেটা শুধু আমার জন্যই চ্যালেঞ্জিং হবে না, বরং মানুষকে তাদের সমস্যা কাটিয়ে উঠতেও সাহায্য করবে। মানুষকে আরও দৃঢ় সিদ্ধান্ত নিতে এবং আরও ভালো মানুষ হয়ে উঠতে অনুপ্রাণিত করবে।”

ম্রুনালের এই বক্তব্যের পর ‘রাকা’য় তাঁর অভিনয় নিয়ে কৌতূহল আরও বেড়েছে। তবে সিনেমাটিতে তাঁর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদের।

Advertisement
Advertisement

আরো পড়ুন