ঢাকা,  বুধবার
১১ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

৫০ পেরিয়েও বিয়ে করেননি সাবা পতৌদি, কেন জীবনসঙ্গী খুঁজে পাননি তিনি?

প্রকাশিত: ১৫:৪২, ১১ নভেম্বর ২০২৬

৫০ পেরিয়েও বিয়ে করেননি সাবা পতৌদি, কেন জীবনসঙ্গী খুঁজে পাননি তিনি?

বলিউডের নবাব পরিবারের সদস্য তিনি। মা শর্মিলা ঠাকুর, ভাই সাইফ আলী খান ও বোন সোহা আলী খান—তিনজনই অভিনয়জগতের পরিচিত মুখ। তবে পরিবারের অন্যদের মতো আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন না সাবা পতৌদি। নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন তিনি। বয়স ৫০ পেরিয়েছে, এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। কেন বিয়ে করেননি, সম্প্রতি সেই প্রশ্নেরই খোলামেলা উত্তর দিয়েছেন সাবা।

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঙ্গে এক আলাপচারিতায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন সাবা। জানান, জীবনে কখনো তাঁর প্রথম প্রেমিকও ছিল না। তবে কৈশোর পেরোনোর পর থেকেই পরিবার ও পরিচিতজনদের মাধ্যমে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে।

সাবার ভাষ্য অনুযায়ী, ১৮-১৯ বছর বয়স থেকেই বিয়ের জন্য বিভিন্ন পাত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হতো তাঁকে। এমনকি ১৯ বছর বয়সে কলকাতার এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে প্রায় ঠিকও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। কারণ, তখনো বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি।

সাবা বলেন, ‘আমি তখন সত্যিই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। তাই সেই সম্পর্ক আর এগোয়নি।’

বিয়ের প্রতি অবশ্য কখনোই অনাগ্রহ ছিল না তাঁর। পরবর্তী সময়ে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে আপত্তিও ছিল না। কিন্তু মনের মতো কাউকে খুঁজে পাননি। তাঁর কথায়, এমন কাউকে পাওয়া কঠিন, যার সঙ্গে সত্যিকার অর্থে মানসিকতা ও জীবনযাপনের মিল রয়েছে।

জীবনসঙ্গী নির্বাচনে বাবার প্রভাব

জীবনসঙ্গী খুঁজে না পাওয়ার পেছনে বাবার ব্যক্তিত্ব ও মূল্যবোধের প্রভাবের কথাও জানিয়েছেন সাবা। তাঁর বাবা মনসুর আলী খান পতৌদি ছিলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক। ক্রিকেট মাঠে নেতৃত্বের পাশাপাশি ব্যক্তিজীবনেও আকর্ষণীয় ব্যক্তিত্ব, বিনয় ও দায়িত্বশীলতার জন্য পরিচিত ছিলেন তিনি। সাবার কাছে বাবা ছিলেন অনন্য এক উদাহরণ।

সাবা জানান, বাবার মতো কাউকে খুঁজছিলেন, বিষয়টি ঠিক তেমন নয়। তবে বাবার কাছ থেকে পাওয়া মূল্যবোধ জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাঁকে প্রভাবিত করেছে।

তাঁর ভাষায়, ‘আব্বা ছিলেন অসাধারণ একজন মানুষ। অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন, বিনয়ী ও দায়িত্বশীল। সবচেয়ে বড় কথা, তিনি আমাকে স্বাধীন হতে শিখিয়েছেন।’

অভিনেত্রী তাপসী পান্নুর একটি মন্তব্যও মনে দাগ কেটেছে সাবার। তাপসী একবার বলেছিলেন, ‘আমার কোনো ছেলে নয়, একজন পরিণত পুরুষ প্রয়োজন।’ কথাটির সঙ্গে নিজের ভাবনার মিল খুঁজে পেয়েছেন সাবা।

তাঁরও প্রত্যাশা ছিল এমন একজন জীবনসঙ্গীর, যিনি শুধু সম্পর্কে জড়াতেই আগ্রহী নন, বরং দায়িত্ব নিতে জানেন এবং সঙ্গীর স্বাধীনতাকেও সম্মান করেন। কিন্তু এখন পর্যন্ত তেমন কাউকে খুঁজে পাননি তিনি।

বিয়ে নিয়ে এখনো বন্ধ হয়নি দরজা

অবিবাহিত থাকাকে নিজের সচেতন সিদ্ধান্ত বলেও মনে করেন না সাবা। ২০২৬ সালের অক্টোবরে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, জীবনে একজন সঙ্গী পাওয়ার ইচ্ছা তাঁর ছিল। তবে শুধু বিয়ে করার জন্য কোনো আপস করতে চান না।

সাবা বলেন, ‘আমি একা থাকতে পারি, কিন্তু নিঃসঙ্গ নই। নিজের মতো করে থাকতে আমার ভালো লাগে।’

তাঁর মতে, একটি সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, যত্ন ও বন্ধুত্ব। শুধু শারীরিক আকর্ষণ কিংবা রোমান্টিক রসায়ন দিয়ে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠে না। এমন একজন মানুষ প্রয়োজন, যার সঙ্গে মন খুলে কথা বলা যায় এবং যাঁকে নিঃসংকোচে বিশ্বাস করা যায়।

সাবার ভাষায়, ‘বিয়ের জন্য বিয়ে করতে চাই না। কাউকে প্রমাণ করারও কিছু নেই। সম্পর্কে থাকলে অনুভব করতে হবে, সেখানে আমাকে সম্মান করা হচ্ছে, আমার যত্ন নেওয়া হচ্ছে এবং বিষয়টি দুজনের জন্যই সমান।’

অভিনয় নয়, বেছে নিয়েছেন ভিন্ন পেশা

সাবা পতৌদির জন্ম ১৯৭৬ সালের ১ মে, নয়াদিল্লিতে। ২০২৬ সালে ৫০ বছরে পা দিয়েছেন তিনি। মা শর্মিলা ঠাকুরের মতো অভিনয়ে আসেননি। ভাই সাইফ আলী খান ও বোন সোহা আলী খান যখন চলচ্চিত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তখন সাবা বেছে নিয়েছেন তুলনামূলক আড়ালের জীবন।

পেশায় তিনি একজন জুয়েলারি ডিজাইনার। নিজের নকশায় গয়না তৈরি করেন। পাশাপাশি ট্যারো কার্ড রিডার ও আধ্যাত্মিক পরামর্শদাতা হিসেবেও কাজ করছেন।

নিজের ওয়েবসাইটে এসব পরিচয়ের পাশাপাশি ভোপালের ঐতিহ্যবাহী রাজপরিবারের দাতব্য সম্পত্তি ও তহবিল পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আউকাফ-ই-শাহি’র মুতাওয়াল্লি বা প্রধান ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেছেন সাবা।

পরিবারের তারকাখ্যাতি কিংবা রাজকীয় পরিচয়ের বাইরে নিজের পছন্দমতো জীবন গড়ে নিয়েছেন তিনি। বিয়ের জন্য তাড়াহুড়ো নয়, বরং নিজের মূল্যবোধ ও স্বাধীনতাকে গুরুত্ব দিয়েই এগিয়ে চলেছেন সাবা পতৌদি।

Advertisement
Advertisement