নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ এনসিপির
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রলবোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এ ছাড়া দুটি ছাগল পুড়ে মারা গেছে। তবে সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।
তিনি আরও জানান, নুসরাত তাবাসসুমের মা-বাবা বাড়ি থেকে ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। ওই ভবনে আগুন লাগেনি।
এদিকে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে এ হামলার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও তাঁর ফেসবুক পোস্টে পেট্রলবোমা হামলার অভিযোগ করেন।
ঘটনার সময় বাড়িতে নুসরাত তাবাসসুমের মা-বাবা, চাচাতো ভাইবোন, দুই ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান। তিনি জানান, হামলার খবর পেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।
ওয়াহিদুজ্জামানের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অন্যটি বাড়ির উঠানে পড়ে। এতে বাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়। পরিবারের সদস্যরাও আহত হন। এ ছাড়া গবাদিপশুর শেডে আগুন ধরে কয়েকটি পশু দগ্ধ হয়।
তবে পেট্রলবোমা হামলার অভিযোগের বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে আগুন লাগার কারণ জানা যাবে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন।



.png)
.png)