সন্ত্রাস-চাঁদাবাজিতে অস্থির খুলনা, আতঙ্কে নগরবাসী
‘এভাবে চললে খুলনার মানুষ বাঁচবে না। মানুষ অন্ধকারাচ্ছন্ন একটি শহরে বসবাস করবে। এর পরবর্তী ধাপ হচ্ছে, মানুষ আর এই শহরে থাকবে না। ব্যবসায়ীরা অলরেডি (ইতোমধ্যে) খুলনা ত্যাগ করেছেন।’ খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর এমন বক্তব্যে নগরীর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তাহীনতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
শুধু সিটি করপোরেশনের প্রশাসক নন, খুলনার সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য, পুলিশ কমিশনার, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সবারই দাবি, খুলনার মানুষ শান্তিতে বাঁচতে চান। নগরীতে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর দক্ষ সদস্যদের নিয়ে বিশেষ ইউনিট গঠন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
গত মঙ্গলবার জাতীয় সংসদে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর খুলনা মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি বলেন, ‘পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, এটি একটি মৃত নগরীতে পরিণত হয়েছে। এই চাঁদাবাজি ও সন্ত্রাসের হাত থেকে খুলনাবাসী বাঁচতে চায়।’
পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকাণ্ড ঘটেছে। আর চলতি বছরের গত সাড়ে ১০ মাসে হত্যার শিকার হয়েছেন ৭৭ জন। তাঁদের মধ্যে ২৫ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। এর পাশাপাশি নগরীতে সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছে চাঁদাবাজি।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সফরের দিনও একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনও ঘটে জোড়া খুনের ঘটনা।
গত ৯ জুন সন্ত্রাসীদের গুলিতে আহত এক ব্যক্তিকে দেখতে হাসপাতালে যান খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, নগরীতে একধরনের নীরব চাঁদাবাজি চলছে। চাঁদার অঙ্ক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। পাঁচ-ছয়টি গ্রুপ এভাবে চাঁদাবাজি করছে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। অভিযোগ করলে তা সন্ত্রাসীদের কাছে ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর অভিযোগ ফাঁস হলে গুলি কিংবা হত্যার শিকার হতে পারেন—এমন ভয়ে অনেকে নীরবে চাঁদা দিয়ে যাচ্ছেন।
নজরুল ইসলাম মঞ্জুর এই বক্তব্যের দিনই সন্ধ্যায় নগরীর রূপসা স্ট্যান্ড রোডের পরিচিত মল্লিক ব্রাদার্স ফার্মেসিতে গিয়ে চাঁদা দাবি ও হুমকি দেয় সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্যরা। ওই রাতেই বন্ধ হয়ে যায় ফার্মেসিটি।
শুধু ফার্মেসি নয়, গত এক মাসে চাঁদার দাবিতে অন্তত পাঁচটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও একটি রেস্তোরাঁয় প্রকাশ্যে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। গত ৭ নভেম্বর দুপুরে খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী নূর আজিমের হুমকিতে ৮ নভেম্বর রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। পরে আবারও হুমকি পেয়ে ৯ নভেম্বর দুপুরে প্রতিষ্ঠানটি খুলতে বাধ্য হন কর্তৃপক্ষ।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সহসভাপতি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মহানগর সভাপতি ডা. মোস্তফা কামাল বলেন, তাঁরা উদ্বিগ্ন। প্রতিবাদ কর্মসূচি পালন করলে ভুক্তভোগীরা আবারও হামলার শিকার হতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। তবে দ্রুতই তাঁরা কর্মসূচিতে যাবেন।
মহানগরীর আট থানায় ১৮১ সন্ত্রাসী সক্রিয়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কিছুটা সময় লেগেছিল। সেই সুযোগ কাজে লাগায় সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তার ও মাদকের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে শুরু হয় সংঘর্ষ ও খুনোখুনি।
অভিযোগ রয়েছে, একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও দুর্বল পুলিশি ব্যবস্থাপনার কারণে অনেক অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আবার কেউ গ্রেপ্তার হলেও দ্রুত জামিনে মুক্ত হয়ে অপরাধে জড়িয়ে পড়েছে। অপরাধ করেও পার পেয়ে যাওয়ার এই প্রবণতায় দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে সন্ত্রাসীরা।
খুলনা মহানগর পুলিশের অপরাধ বিভাগের তথ্য অনুযায়ী, নগরীর আটটি থানায় ১৮১ জন সন্ত্রাসী বেশি সক্রিয়। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর গড়ে তোলা বি কোম্পানি, নূর আজিম ও আশিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বেশি আসছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার রেজাউর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের প্রায় সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রধান অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমকে গত বছরের ২ জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল। তবে গত আগস্টে সে জামিনে মুক্তি পায়। সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে, তাদের বেশির ভাগকেই একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে তারা আবার অপরাধে জড়াচ্ছে।
অপরাধীদের বিরুদ্ধে মাঠে নামার হুঁশিয়ারি হুইপের
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
গত ৮ নভেম্বর খুলনা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে তিনি বলেন, অপরাধী যে-ই হোক, যত বড় সন্ত্রাসী কিংবা নেতা হোক, যার আশ্রয়-প্রশ্রয়েই থাকুক না কেন, প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধি হিসেবে তাঁরা মাঠে নামবেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, সরকারি দল কিংবা বিরোধী দল—এভাবে তাঁরা বিষয়টি দেখছেন না। তাঁরা জনগণের প্রতিনিধি। নগরীতে সন্ত্রাসের দৌরাত্ম্য বন্ধ করে সাধারণ মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে। এ জন্য প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে গত মঙ্গলবার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেন চিকিৎসকেরা। একই দিন বিকেলে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ—সবাই সন্ত্রাসমুক্ত খুলনা চান। তারপরও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, এমন প্রশ্নে খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, পুলিশ মাঠপর্যায়ের কিছু অপরাধীকে গ্রেপ্তার করলেও নেপথ্যের মূল হোতা ও আশ্রয়দাতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। পাশাপাশি ভুক্তভোগীদের মামলা না করার প্রবণতা আইনি প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা সভাপতি কুদরত ই খুদা বলেন, পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক, সামাজিক, পুলিশি ও বিচারিক—সব ধরনের উদ্যোগ প্রয়োজন। রাজনীতিবিদদের অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করে মাঠে নামতে হবে। সামাজিক নেতাদের জনমত গড়ে তুলতে হবে, পুলিশকে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং বিচারিক আদালতকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, খুনি ও সন্ত্রাসীদেরও আইনি অধিকার রয়েছে। তবে মাদক বিক্রেতাদের সহজে জামিন পাওয়ার বিষয়টি উদ্বেগজনক।
আতঙ্কে ব্যবসায়ীরা, আশ্বাস দিচ্ছে চেম্বার
সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে খুলনার ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে খুলনা চেম্বার অব কমার্সে বর্তমানে নির্বাচিত নেতৃত্ব নেই। চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম।
তিনি বলেন, ব্যবসায়ীদের দোকানপাট খোলা রাখতে আশ্বস্ত করা হচ্ছে। যেকোনো সমস্যায় পুলিশ ও চেম্বার কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পুলিশকে আরও তৎপর হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
সহযোগিতা চায় পুলিশ
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানের দাবি, পুলিশ অপরাধ দমনে কাজ করছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ মাসে সংঘটিত ৩৭টি হত্যা মামলার মধ্যে ৩৪টির রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১৬০ জনকে। তাঁদের মধ্যে ৪৩ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তবে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগীরা পুলিশকে তথ্য দিচ্ছেন না, এমনকি মামলাও করছেন না বলে অভিযোগ করেন পুলিশ কমিশনার। তাঁর মতে, মামলা না হলে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি জানান, যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি, সেখানে পুলিশি টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। তবে সাধারণ মানুষ তথ্য দিয়ে সহযোগিতা না করলে পুলিশের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। এ ক্ষেত্রে রাজনীতিবিদ ও সামাজিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তবে পুলিশের এমন বক্তব্যে আশ্বস্ত হতে পারছেন না ভুক্তভোগীরা। সম্প্রতি হামলার শিকার একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, ভাঙচুরের পর পুলিশ ঘটনাস্থলে এসেছিল। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরই এক সন্ত্রাসী ফোন করে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। টাকা না দিলে গুলি করার পাশাপাশি পুলিশও তাঁকে রক্ষা করতে পারবে না বলে হুমকি দেওয়া হয়।
ওই ব্যবসায়ী বলেন, পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে এবং জড়িতদের শনাক্ত করার কথা জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমন পরিস্থিতিতে মামলা করার সাহসও পাচ্ছেন না তাঁরা। প্রতিদিন আতঙ্ক নিয়ে প্রতিষ্ঠান খুলতে হচ্ছে, কখন আবার হামলা হয়, সেই ভয়েই দিন কাটছে।
সন্ত্রাস দমনে বিশেষ ইউনিট গঠনের দাবি
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যদের সমন্বয়ে বিশেষ ইউনিট গঠনের দাবি জানিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে পৃথক স্পেশাল ইউনিট গঠন করা প্রয়োজন। এই ইউনিট সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এমন উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
সব মিলিয়ে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখন রাজনৈতিক ও সামাজিক পরিসর ছাড়িয়ে ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ড, প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় নগরবাসীর মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শুধু অভিযান বা গ্রেপ্তার নয়, অপরাধীদের আশ্রয়দাতা ও নেপথ্যের হোতাদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।



.png)
.png)