ঢাকা,  বুধবার
১১ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল থেকে আদায় করতে চান ট্রাম্প

প্রকাশিত: ১২:৫৩, ১১ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল থেকে আদায় করতে চান ট্রাম্প

ইরান যুদ্ধের সময় যেসব দেশকে সামরিক সুরক্ষা দিয়েছে যুক্তরাষ্ট্র, তাদের কাছ থেকে যুদ্ধের খরচের শতভাগ ক্ষতিপূরণ আদায়ের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, বাহরাইন ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলোও রয়েছে।

গত রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সংবাদদাতা রস ডাউথ্যাটের নেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক সুরক্ষার বিনিময়ে সংশ্লিষ্ট দেশগুলোকে যুদ্ধের যাবতীয় ব্যয় পুরোপুরি পরিশোধ করতে হবে।

ট্রাম্পের ভাষায়, ‘আমরা এসব অর্থ ফেরত পেতে যাচ্ছি। তারা এটি করতে বাধ্য, শতভাগ করবে। কারণ, আমরা না থাকলে তাদের কোনো অস্তিত্বই থাকত না।’

সাক্ষাৎকারে এবারই প্রথম সরাসরি ইসরায়েলের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ চাওয়ার কথা উল্লেখ করেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ না থাকলে ইসরায়েলের অস্তিত্বই টিকে থাকত না।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও তাঁর রিপাবলিকান দলের বড় ধরনের ধাক্কা খাওয়ার পর ক্ষতিপূরণের এ দাবি সামনে এল। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষকে নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে স্বীকার করেছেন স্বয়ং ট্রাম্পও।

যদিও শুরু থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে ‘খুব ভালো সিদ্ধান্ত’ বলে সমর্থন করে আসছেন তিনি। তবে রাজনৈতিক ও সামরিক দিক থেকে যুদ্ধটি কার্যত শেষ হয়েছে বলেও ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এ ক্ষতিপূরণ দাবি কতটা বাস্তবসম্মত, কোন কোন দেশের কাছ থেকে তিনি অর্থ আদায় করতে চান এবং এতে মার্কিন মিত্রদের সঙ্গে সম্পর্কের ওপর কী প্রভাব পড়তে পারে—তা নিয়ে বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা।

কোন কোন দেশের কাছে ক্ষতিপূরণ চান ট্রাম্প

এবারের সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে ইসরায়েলের নাম উল্লেখ করেছেন। শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে দেশটি।

নিজের দাবির পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের পারমাণবিক অস্ত্রভান্ডার ধ্বংস করে দিয়েছি। আমরা যদি তা না করতাম, তবে এ মুহূর্তে ইসরায়েল নামের কোনো দেশের অস্তিত্ব থাকত না। ইসরায়েল পুরোপুরি মুছে যেত।’

এর আগে গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও ক্ষতিপূরণ আদায়ের কথা বলেছিলেন ট্রাম্প। তাঁর যুক্তি ছিল, হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক বাহিনী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় যে পাহারা দিচ্ছে, তার সুফল ভোগ করছে এ অঞ্চলের ধনী দেশগুলো।

সে সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের অত্যন্ত ধনী একটি অঞ্চলকে পাহারা দিচ্ছে। এর পেছনে বিপুল অর্থ ব্যয় হওয়ায় সুরক্ষার বিনিময়ে ক্ষতিপূরণ নেওয়া হবে।

তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় মিত্রদের মধ্যে শুরু থেকেই মতবিরোধ রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালালেও উপসাগরীয় দেশগুলোর দাবি, সামরিক অভিযানের পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটন তাদের আগেভাগে কিছু জানায়নি।

অথচ যুদ্ধ শুরুর পর ইরানের পাল্টা হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এসব দেশ। এ পরিস্থিতিতে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্যরা সামরিক সংঘাতের পরিবর্তে শুরু থেকেই কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে আসছে।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ কত

মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, গত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৪৭ দশমিক ১ বিলিয়ন বা ৪ হাজার ৭১০ কোটি ডলার।

তবে প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে। কারণ, সামরিক বাহিনীর দেওয়া এ হিসাবের মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো মেরামতের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি।

এ ছাড়া যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রতি মাসে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ কোটি ডলার ব্যয় হতে পারে বলে গত সেপ্টেম্বরে প্রাক্কলন করেছিল মার্কিন কংগ্রেসের বাজেট কার্যালয়।

ট্রাম্প কি সত্যিই ক্ষতিপূরণ আদায় করবেন

বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এ বক্তব্যকে সরাসরি বাস্তবায়নযোগ্য কোনো নীতিগত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ কম। বরং এটি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে সম্পর্কিত একটি রাজনৈতিক বার্তা।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো নিল কুইলিয়াম আল-জাজিরাকে বলেন, ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব দিয়ে নেওয়ার মতো কোনো নীতিগত প্রস্তাব হিসেবে দেখা ঠিক হবে না। এটি মূলত একধরনের রাজনৈতিক বার্তা।

কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও চ্যাথাম হাউসের সহযোগী ফেলো বদর আল-সাইফও একই ধরনের মত দিয়েছেন। তাঁর মতে, উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের এ মন্তব্যকে খুব একটা গুরুত্ব দেবে না।

বদর আল-সাইফ বলেন, ট্রাম্প মার্কিন টেলিভিশনে যে বক্তব্য দিয়েছেন, তা মূলত নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভোটারদের সন্তুষ্ট করার উদ্দেশ্যে। উপসাগরীয় দেশগুলোও বিষয়টিকে সেভাবেই দেখবে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিবিষয়ক বিশ্লেষক স্টিফান লুকাসের মতে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের দায় অন্যের ওপর চাপাতে চাইছেন ট্রাম্প। নির্বাচনের ফলাফল থেকে মানুষের দৃষ্টি সরাতেই তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন।

লুকাস মনে করেন, উপসাগরীয় আরব মিত্রদের কাছ থেকে ওয়াশিংটনকে এত বড় অঙ্কের সরাসরি ক্ষতিপূরণ দিতে হবে না।

তবে ইসরায়েলের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে ট্রাম্প কিছুটা আন্তরিক হতে পারেন বলে মনে করেন তিনি। বিশেষ করে চলতি বছরের পর ইসরায়েলকে আর মার্কিন সহায়তা দেওয়া হবে না বলে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর এ সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

লুকাসের ধারণা, ট্রাম্পের দৃষ্টিভঙ্গিতে ইসরায়েলই তাঁকে ইরানের সঙ্গে এ ধ্বংসাত্মক যুদ্ধে জড়ানোর পেছনে ভূমিকা রেখেছিল। সে কারণেই দেশটির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি তাঁর কাছে গুরুত্ব পেতে পারে।

কীভাবে আদায় করা হতে পারে ক্ষতিপূরণ

উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ট্রাম্প প্রচলিত পদ্ধতির বাইরে নতুন কৌশল নিতে পারেন বলে মনে করেন বদর আল-সাইফ। তাঁর মতে, দেশগুলোর সঙ্গে বিদ্যমান বাণিজ্যচুক্তি কিংবা যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আগের প্রতিশ্রুতিগুলোকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে উপস্থাপন করতে পারেন ট্রাম্প।

বদর আল-সাইফ বলেন, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগের বিষয়ে উপসাগরীয় দেশগুলোর অনেক আগেই বিভিন্ন প্রতিশ্রুতি রয়েছে। এসব চুক্তির সূত্র ধরেই ট্রাম্প নিজের পাওনা দাবি করতে পারেন।

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যের রাজনীতি বিষয়ের সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর মতে, ওয়াশিংটন উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রে আরও বেশি বিনিয়োগের জন্য চাপ দিতে পারে। পরে সেই বিনিয়োগকেই যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে প্রচার করা হতে পারে।

ফরিদ বুসাইদের ভাষায়, সরাসরি অর্থ আদায়ের পরিবর্তে পরোক্ষ পদ্ধতি বেছে নেওয়ার সম্ভাবনাই বেশি। এর মধ্যে থাকতে পারে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক বিনিয়োগ বাড়ানো, আগের ক্রয়াদেশের বাইরে আরও বেশি মার্কিন অস্ত্র কেনা কিংবা ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায় অর্থ বিনিয়োগ।

অতীতেও বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যচুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য পাওয়া ‘উপহার’ কিংবা ‘পাওনা শোধ’ হিসেবে উপস্থাপন করেছেন ট্রাম্প।

২০২৫ সালের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্যচুক্তির পর তিনি দাবি করেছিলেন, ইইউ যুক্তরাষ্ট্রকে ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি ডলার উপহার দিয়েছে, যা মার্কিন প্রশাসন ইচ্ছেমতো খাতে ব্যয় করতে পারবে।

তবে যৌথ চুক্তির বিষয়বস্তু ছিল ভিন্ন। সেখানে বলা হয়েছিল, ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৌশলগত খাতে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

একই বছরের জুলাইয়ে জাপানের সঙ্গে নতুন বাণিজ্যচুক্তির আওতায় ৫৫০ বিলিয়ন বা ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আসে। সে সময় ট্রাম্প এ বিনিয়োগকে বেসবল খেলোয়াড়দের চুক্তি সইয়ের সময় পাওয়া বোনাসের সঙ্গে তুলনা করেছিলেন।

ট্রাম্পের প্রথম মেয়াদেও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পুরো খরচ মেক্সিকো সরকার বহন করবে বলে বারবার দাবি করেছিলেন তিনি। কিন্তু দেয়াল নির্মাণের কাজ শেষ হয়নি এবং মেক্সিকোও এর জন্য কোনো অর্থ দেয়নি। পরে ট্রাম্প দাবি করেন, মেক্সিকোর সঙ্গে নতুন বাণিজ্যচুক্তির সুফল থেকেই দেয়াল নির্মাণের খরচ উঠে আসবে।

ক্ষতিপূরণের দাবিতে মিত্রদের প্রতিক্রিয়া কেমন হতে পারে

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের কারণে ইতিমধ্যে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের ক্ষতিপূরণ দাবি সহজভাবে নেবে না। যে যুদ্ধ তারা শুরু করেনি, সেই যুদ্ধের জন্য নতুন করে অর্থ দিতে তারা আগ্রহী হবে না।

নিল কুইলিয়ামের মতে, সরাসরি ক্ষতিপূরণের দাবি এলে উপসাগরীয় নেতারা নীরব প্রতিরোধের পথ বেছে নিতে পারেন। তাঁদের যুক্তি হবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, বিপুল বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে তাঁরা আঞ্চলিক নিরাপত্তায় ইতিমধ্যেই বড় অবদান রাখছেন।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানে ব্যবহৃত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটির রক্ষণাবেক্ষণের খরচও বহন করে উপসাগরীয় দেশগুলো।

ফরিদ বুসাইদের মতে, ট্রাম্পের এ ধরনের অর্থনৈতিক দাবি মেনে নিতে উপসাগরীয় দেশগুলো রাজি হবে না। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান যখন পাল্টা আক্রমণ চালায়, তখন উপসাগরীয় দেশগুলোর বেসামরিক ও সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

বদর আল-সাইফের মতে, ট্রাম্পের অহংকারপূর্ণ ও অপমানজনক বক্তব্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বিপুল বিনিয়োগ করা দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা নয়।

ইসরায়েলের ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সহজ হবে না বলে মনে করেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মারজিয়াহ কুহি এসফাহানি।

তাঁর মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইসরায়েল বরাবরই সহায়তা গ্রহণকারীর ভূমিকায় থেকেছে, সহায়তা প্রদানকারীর নয়। দীর্ঘদিনের এ সম্পর্কের ধরন হঠাৎ বদলে যাবে, এমন সম্ভাবনা কম।

মারজিয়াহ কুহি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখনো গোয়েন্দা তথ্য বিনিময় করছে এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে যৌথভাবে কাজ করছে। কিন্তু যুদ্ধের আর্থিক ব্যয়ের বড় অংশ ইসরায়েলকে বহন করতে বলা তাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সম্পর্কের সম্পূর্ণ বিপরীত। তা ছাড়া ইসরায়েলের বর্তমান অভ্যন্তরীণ সম্পদের সীমাবদ্ধতাও এ ক্ষেত্রে বড় বাধা।

সব মিলিয়ে, ট্রাম্পের ক্ষতিপূরণ আদায়ের ঘোষণা মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে নতুন বিতর্ক তৈরি করতে পারে। তবে বিশ্লেষকদের ধারণা, সরাসরি অর্থ আদায়ের পরিবর্তে বিনিয়োগ, অস্ত্র কেনা কিংবা বাণিজ্যিক চুক্তির মাধ্যমে মিত্রদের কাছ থেকে বাড়তি অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে ওয়াশিংটন।

Advertisement
Advertisement