সাগরের মৃত্যুদণ্ড, শিশুর দায়িত্ব নিল সরকার
নেত্রকোনার মদনে ধর্ষণের শিকার হয়ে ১১ বছর বয়সী এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে হুমকি দেওয়ার অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ ছালাম এ রায় ঘোষণা করেন।
আদালত উভয় আসামির উপস্থিতিতে মামলার সাক্ষীদের জবানবন্দি, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল। তিনি জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রধান আসামি সাগরকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
পিপি আরও জানান, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের সন্তান হিসেবে পরিচিত হবে। সে অনুযায়ী শিশুটির জন্মনিবন্ধন করার নির্দেশনা দিয়েছেন আদালত। তবে শিশুটির যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। এ বাবদ ব্যয় করা অর্থ রাষ্ট্র সাগরের কাছ থেকে আদায় করতে পারবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
যেভাবে ঘটনার সূত্রপাত
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মদন উপজেলার একটি মহিলা কওমি মাদরাসায় পড়াশোনা করত শিশুটি। ওই মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছিলেন আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর।
শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।



.png)
.png)