বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ
বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে গুরুতর হুমকি মনে করেন যুক্তরাজ্যের ৭৮ শতাংশ নাগরিক। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) গত সপ্তাহে প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ২০ বছর আগে ইসরায়েলকে একই ধরনের হুমকি মনে করতেন ৪৮ শতাংশ ব্রিটিশ। গত এক বছরে এই হার বেড়েছে ১০ শতাংশ।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে রাশিয়াকে বিবেচনা করেন ব্রিটিশরা। দেশটিকে হুমকি মনে করেন ৮৯ শতাংশ উত্তরদাতা। তালিকায় এরপর রয়েছে ইসরায়েল (৭৮ শতাংশ), ইরান (৭৫ শতাংশ), যুক্তরাষ্ট্র (৭৪ শতাংশ), উত্তর কোরিয়া (৬৬ শতাংশ), চীন (৬২ শতাংশ) এবং সৌদি আরব (৩৪ শতাংশ)। গত এক বছরে হুমকি হিসেবে বিবেচিত হওয়ার ক্ষেত্রে উত্তর কোরিয়াকেও ছাড়িয়ে গেছে ইসরায়েল।
একই জরিপে যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন ৭৪ শতাংশ উত্তরদাতা। ২০২৪ সালে এ হার ছিল ৩৫ শতাংশ। অর্থাৎ দুই বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হুমকি মনে করা মানুষের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।
জরিপের ফলাফল বিশ্লেষণ করে ন্যাটসেন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে জড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই দশক আগে ব্রিটিশদের অর্ধেকেরও কম মানুষ ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করতেন। তবে ২০২৪ সালের শরৎকালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর এই হার বেড়ে প্রায় ৭৫ শতাংশে পৌঁছায়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ওই অভিযান শুরু করে ইসরায়েল।
পরবর্তী সময়ে এই হার কিছুটা কমে প্রায় দুই-তৃতীয়াংশে নেমে এলেও চলতি বছরের বসন্তে ইরানে ইসরায়েলের বোমা হামলার পর তা আবার বেড়ে ৭৮ শতাংশে দাঁড়ায়।
ন্যাটসেনের বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাজ্যের অনেক মানুষ শুধু ইসরায়েলের নিজস্ব কর্মকাণ্ডের কারণে দেশটিকে হুমকি মনে করছেন না। তাঁদের আশঙ্কা, ইসরায়েলকে ঘিরে চলমান ঘটনাবলি বৃহত্তর আঞ্চলিক সংঘাত সৃষ্টি করতে পারে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়াতে পারে।
রাজনৈতিক অবস্থানভেদে ভিন্ন দৃষ্টিভঙ্গি
জরিপে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্পর্কে ব্রিটিশদের মনোভাবের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ভেদে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। কনজারভেটিভ ও রিফর্ম পার্টির সমর্থকদের তুলনায় লেবার, লিবারেল ডেমোক্র্যাট ও গ্রিন পার্টির সমর্থকেরা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করার ক্ষেত্রে এগিয়ে।
অন্যদিকে, চীন, উত্তর কোরিয়া ও ইরানকে হুমকি হিসেবে দেখার প্রবণতা কনজারভেটিভ ও রিফর্ম পার্টির সমর্থকদের মধ্যে বেশি। গ্রিন পার্টি ও রিফর্ম পার্টির সমর্থকদের মধ্যে এই পার্থক্য সবচেয়ে স্পষ্ট। রিফর্ম পার্টির সমর্থকদের তুলনায় গ্রিন পার্টির সমর্থকদের মধ্যে ইসরায়েলকে হুমকি মনে করার হার ২৬ শতাংশ পয়েন্ট বেশি। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ব্যবধান ৪৬ শতাংশ পয়েন্ট।
বিপরীতে, চীন, উত্তর কোরিয়া ও ইরানকে হুমকি মনে করার ক্ষেত্রে রিফর্ম পার্টির সমর্থকেরা গ্রিন পার্টির সমর্থকদের চেয়ে যথাক্রমে ২৯, ৩০ ও ৩৫ শতাংশ পয়েন্ট এগিয়ে।
তরুণদের মধ্যে নেতিবাচক ধারণা বেশি
বয়সভেদেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কে দৃষ্টিভঙ্গির পার্থক্য পাওয়া গেছে। বয়স্কদের তুলনায় তরুণ ব্রিটিশরা দেশ দুটিকে বিশ্বশান্তির জন্য বেশি হুমকি মনে করেন। জরিপের এই ফলাফলকে ব্রিটেনের দীর্ঘদিনের মিত্ররাষ্ট্রগুলোর বিষয়ে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ন্যাটসেন বলেছে, জরিপের ফলাফল সরকারের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগগত চ্যালেঞ্জ তৈরি করেছে। জাতীয় স্বার্থ রক্ষায় সরকারের নীতি গ্রহণের ক্ষেত্রে জনসমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার মতো তাৎক্ষণিক ও দৃশ্যমান হুমকির বিষয়ে জনমতের মধ্যে সবচেয়ে বেশি ঐকমত্য রয়েছে। তবে চীনের মতো প্রযুক্তিগতভাবে জটিল কিংবা কৌশলগতভাবে পরোক্ষ নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে বয়স ও রাজনৈতিক অবস্থান অনুযায়ী মানুষের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য দেখা যায়।
সংস্থাটির মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দীর্ঘদিনের মিত্ররাষ্ট্রগুলো যখন তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে, তখন এসব দেশ সম্পর্কে জনমত আরও জটিল হয়ে ওঠে।



.png)
.png)