ফুটবলে সবচেয়ে দামি পাঁচ ভাইয়ের জুটি, শীর্ষে এমবাপ্পে ভাইয়েরা
ছোটবেলায় একই উঠানে ফুটবল খেলেছেন। কখনো দেয়ালে বল মেরে অনুশীলন, কখনো বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের লড়াই। একজনের গোল হলে অন্যজনের মুখে হাসি, আবার কখনো ভাইয়ের কাছে হেরে অভিমান। ফুটবল–দুনিয়ায় এমন ভাইয়ের গল্প নতুন নয়। চার্লটন ব্রাদার্স থেকে নেভিল ব্রাদার্স—কত ভাই যে একসঙ্গে সমৃদ্ধ করেছেন ফুটবলকে!
তবে সময়ের সঙ্গে বদলেছে ফুটবলের হিসাব-নিকাশও। আগে ভাইয়ে-ভাইয়ে তুলনা হতো কে কত ট্রফি জিতেছেন কিংবা জাতীয় দলের হয়ে কার ম্যাচসংখ্যা বেশি। এখন সেই হিসাবের সঙ্গে যুক্ত হয়েছে বাজারমূল্য। আর সেই বাজারদরের অঙ্ক শুনলে চোখ কপালে উঠতে পারে অনেকেরই।
বর্তমানে পেশাদার ফুটবলে খেলা ভাইদের মধ্যে সবচেয়ে দামি জুটি কিলিয়ান ও এথান এমবাপ্পে। দুই ভাইয়ের সম্মিলিত বাজারমূল্য ২১ কোটি ২০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯৪৯ কোটি টাকা!
ফুটবলারদের বাজারমূল্যবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট বিশ্বের পেশাদার ফুটবলে খেলা ভাইদের মধ্যে সম্মিলিত বাজারমূল্যের ভিত্তিতে সেরা পাঁচ জুটির তালিকা প্রকাশ করেছে। মজার ব্যাপার হলো, তালিকায় এমন কয়েকজনও আছেন, যাঁদের ভাই যে পেশাদার ফুটবলার, সেটিই হয়তো অনেকের অজানা।
তালিকার শীর্ষে থাকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। তাঁর একার বাজারমূল্য ২০ কোটি ইউরো। বাজারমূল্যের হিসাবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলার তিনি। চলতি মৌসুমেও রিয়ালের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন। অন্যদিকে ছোট ভাই এথান খেলছেন ফরাসি ক্লাব লিলের হয়ে। ১৯ বছর বয়সী এই উইঙ্গারের বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ইউরো। চলতি মৌসুমে লিগে ৮ ম্যাচে করেছেন ২ গোল।
দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের দুই ভাই জুড ও জোব বেলিংহাম। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ২০ কোটি ইউরো। ২০২৩ সালে ১০ কোটি ৩০ লাখ ইউরোতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন জুড। রিয়াল ও ইংল্যান্ড জাতীয় দল—দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। তাঁর বাজারমূল্য ১৬ কোটি ইউরো। অন্যদিকে ছোট ভাই জোবের বাজারমূল্য ৪ কোটি ইউরো। ২০২৫ সালে সান্ডারল্যান্ড থেকে ডর্টমুন্ডে যোগ দিয়ে তিনিও নিজের ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন।
তালিকার তিন নম্বরে রয়েছেন ফ্রান্সের দুই ভাই দেজিরে দুয়ে ও গুয়েলা দুয়ে। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ১৫ কোটি ইউরো। পিএসজির হয়ে খেলা দেজিরের বাজারমূল্য ১২ কোটি ইউরো। চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে ছুটছে তাঁর দল। অন্যদিকে বড় ভাই গুয়েলা খেলেন বায়ার লেভারকুসেনে। ২৪ বছর বয়সী এই রাইটব্যাকের বাজারমূল্য ৩ কোটি ইউরো।
চতুর্থ স্থানে আছেন জর্জিয়ার দুই ভাই খিচা কাভারাস্কেইয়া ও তর্নিকে কাভারাস্কেইয়া। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ১৪ কোটি ১৫ লাখ ইউরো। ২০২৪ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর খিচা বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ংকর উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর বাজারমূল্য ১৪ কোটি ইউরো। তবে সম্প্রতি এসিএল চোটে পড়েছেন এই জর্জিয়ান তারকা।
কাভারাস্কেইয়া পরিবারে ফুটবলের গল্প অবশ্য এখানেই শেষ নয়। খিচার ছোট ভাই তর্নিকের বয়স মাত্র ১৬ বছর। এরই মধ্যে নিজের পরিচয় তৈরি করতে শুরু করেছেন তিনি। দিনামো তিবিলিসির হয়ে খেলা এই কিশোরের বাজারমূল্য ১৫ লাখ ইউরো। ইউরোপের কয়েকটি বড় ক্লাবও তাঁকে দলে নিতে আগ্রহী বলে জানা গেছে।
তালিকার পঞ্চম স্থানে আছেন ব্র্যাডলি ও ম্যালকম বারকোলা। দুই ভাইয়ের সম্মিলিত বাজারমূল্য ১০ কোটি ইউরো। ফ্রান্সের তরুণ উইঙ্গার ব্র্যাডলির নাম অনেকের কাছেই পরিচিত। পিএসজি থেকে বড় অঙ্কের চুক্তিতে লিভারপুলে যোগ দিয়েছেন তিনি। তাঁর বাজারমূল্য ১০ কোটি ইউরো।
তবে ব্র্যাডলির বড় ভাই ম্যালকম যে একজন গোলরক্ষক, তা হয়তো অনেকেরই জানা নেই। ২৭ বছর বয়সী ম্যালকম খেলেন মরক্কোর ক্লাব ইত্তিহাদ তাঞ্জিয়েরে। তাঁর বাজারমূল্য মাত্র ৫০ হাজার ইউরো।
একই পরিবারের একজন ১০ কোটি ইউরোর উইঙ্গার, অন্যজনের বাজারমূল্য মাত্র ৫০ হাজার ইউরো! দুই ভাইয়ের বাজারদরে ব্যবধান যে আকাশ-পাতাল, তা বলাই বাহুল্য। তবে এই বিশাল ব্যবধান নিয়ে পারিবারিক আড্ডায় কে কাকে কতটা খোঁচা দেন, সেটি অবশ্য অজানাই রয়ে গেছে।



.png)
.png)