ঢাকা,  রোববার
২৭ সেপ্টেম্বর ২০২৬

Advertisement
Advertisement

এমবাপ্পের চোট, কত দিন মাঠের বাইরে থাকবেন?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের চোট, কত দিন মাঠের বাইরে থাকবেন?

এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে কত দিন মাঠের বাইরে থাকবেন—এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ম্যাচে চোট পাওয়ার পর তাঁকে নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ। এই চোটের কারণে ক্লাবের হয়ে আগামী ম্যাচগুলোতেও এমবাপ্পেকে পাওয়া যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

একটি বিষয় অবশ্য এরই মধ্যে নিশ্চিত—চলমান ফিফা উইন্ডোতে এমবাপ্পেকে আর পাচ্ছে না ফ্রান্স। এই সময়ে ফ্রান্সের আরও তিনটি ম্যাচ রয়েছে। আগামীকাল বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ২ অক্টোবর ইতালির বিপক্ষে এবং ৫ অক্টোবর আবার বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফ্রান্স।

শুক্রবার তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয়ে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। গোল করার কিছুক্ষণ পরই তাঁকে মাঠ ছাড়তে হয়। চোটের বিষয়টি গুরুতর হতে পারে—এমন শঙ্কা তৈরি হলে ফ্রান্স দলের সঙ্গে না থেকে পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদ্রিদে ফিরে যান তিনি।

রিয়াল মাদ্রিদ জানিয়েছে, এমবাপ্পের বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপারএক্সটেনশনের চোট ধরা পড়েছে। ক্লাবের মেডিক্যাল বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চোট থেকে সেরে উঠতে এমবাপ্পের অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক বিরতি শেষে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচেই তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে। আগামী ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরবে রিয়াল।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, এমবাপ্পেকে দ্রুত মাঠে ফেরানোর ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবে না। বিশেষ করে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তাঁর পুরোপুরি সুস্থ হওয়ার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হতে পারে।

তবে আশার কথা, ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোর আগেই এমবাপ্পে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement