গণহত্যার দায়ে মিয়ানমার দোষী, রায় কে কার্যকর করবে আর এখন কী হবে রোহিঙ্গাদের?
গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বিশ্বের সর্বোচ্চ এই আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। আদালত বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।
ঐতিহাসিক এই রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিচার আদালত কয়েকটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছেন। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলার ক্ষেত্রেও রায়টির গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রায়ের ফলে মিয়ানমার ও বাংলাদেশের জন্য বাস্তবে কী পরিবর্তন আসবে? রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ কি সহজ হবে? আর গণহত্যার জন্য কি ব্যক্তিগতভাবে বিচারের মুখোমুখি হতে হবে মিয়ানমারের ক্ষমতাসীন নেতা মিন অং হ্লাইংকে?
রায় বাস্তবায়নের দায়িত্ব কার?
আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে মিয়ানমারকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের দায়িত্ব দেশটির সরকারের। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো মামলার পক্ষ হলে সংশ্লিষ্ট রাষ্ট্র আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য। অর্থাৎ, আদালতের নির্দেশনা পালন করা মিয়ানমারের জন্য আইনগত বাধ্যবাধকতা।
মিয়ানমার রায় না মানলে কী হবে?
জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাষ্ট্র আন্তর্জাতিক বিচার আদালতের রায় অনুযায়ী তার ওপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে মামলার অপর পক্ষ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। সে ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ প্রয়োজন মনে করলে রায় বাস্তবায়নের জন্য সুপারিশ করতে পারে কিংবা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। তবে এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় নয়। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ওপরই এর কার্যকারিতা নির্ভর করবে।
বাস্তবে কতটা কার্যকর হবে এই রায়?
আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক হলেও বাস্তবে মিয়ানমারের বিরুদ্ধে তা কার্যকর করা বেশ কঠিন হতে পারে। আদালতের রায় অনুযায়ী, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব মিয়ানমারের। এর মধ্যে দেশটির সাবেক সেনাপ্রধান ও বর্তমানে ক্ষমতাসীন নেতা মিন অং হ্লাইংয়ের মতো ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রশ্ন রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মিয়ানমার সরকার স্বেচ্ছায় এমন পদক্ষেপ নেবে, সেই সম্ভাবনা খুবই কম।
এর আগেও আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়ন নিয়ে বড় ধরনের জটিলতা দেখা গেছে। ১৯৮৬ সালে নিকারাগুয়া বনাম যুক্তরাষ্ট্র মামলায় আইসিজে রায় দিয়েছিলেন, নিকারাগুয়ার বন্দরগুলোতে মাইন পেতে রাখা এবং কন্ট্রা বিদ্রোহীদের অর্থায়নের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। আদালত এসব কর্মকাণ্ড বন্ধ করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র সেই রায় মানেনি।
পরে নিকারাগুয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলে। আদালতের রায় মেনে চলার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হলে এর পক্ষে ১১টি ভোট পড়ে। তিনটি দেশ ভোটদানে বিরত থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হতে পারেনি।
একই ধরনের পরিস্থিতি দেখা গেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও। ২০২২ সালের মার্চে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক বিচার আদালত। কিন্তু মস্কো সেই নির্দেশ উপেক্ষা করে। নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলার ক্ষেত্রেও ইউক্রেনকে জটিলতার মুখে পড়তে হতো, কারণ সেখানে স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।
মিয়ানমারের ক্ষেত্রেও একই ধরনের বাধা আসতে পারে। দেশটির প্রতি সমর্থনশীল চীনের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা রয়েছে। ফলে মিয়ানমারের বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপন করা হলে বেইজিং তাতে ভেটো দিতে পারে। যদিও অতীতে মিয়ানমারের বিষয়ে চীন সব সময় ভেটো প্রয়োগ করেনি। কিছু ক্ষেত্রে দেশটি ভেটো না দিয়ে প্রস্তাব পাসের সুযোগও দিয়েছে।
নিরাপত্তা পরিষদে বাধা এলেও গাম্বিয়ার সামনে বিকল্প পথ রয়েছে। মামলার বাদী হিসেবে দেশটি বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে তুলতে পারে। সাধারণ পরিষদ এ বিষয়ে প্রস্তাব পাস করতে পারবে, যদিও সেগুলো আইনগতভাবে বাধ্যতামূলক নয়। এ ছাড়া বিভিন্ন দেশ মিয়ানমারের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। দেশটির জান্তা সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারের সুযোগ সীমিত করার উদ্যোগও নেওয়া যেতে পারে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে কতটা প্রভাব পড়বে?
বাংলাদেশের জন্য এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রোহিঙ্গা প্রত্যাবাসন। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো কার্যকর অগ্রগতি হয়নি।
বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের পথকে আরও জটিল করে তুলেছে। রাখাইন রাজ্যের বড় একটি অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। অন্যদিকে মিয়ানমারজুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত। এমন পরিস্থিতিতে মিয়ানমার সরকার দাবি করতে পারে, রোহিঙ্গাদের নিজ এলাকায় নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেওয়ার মতো নিয়ন্ত্রণ তাদের হাতে নেই।
তাই প্রত্যাবাসন কার্যকর করতে হলে শুধু মিয়ানমারের রাজধানী নেপিডোর সঙ্গে আলোচনা করলেই হবে না, আরাকান আর্মির সঙ্গেও সমঝোতায় পৌঁছাতে হবে। এ ক্ষেত্রে চীনের ভূমিকা ও নিশ্চয়তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় একটি অগ্রগতি হলেও এর ফলে দ্রুত প্রত্যাবাসন শুরু হবে, এমনটা মনে করার কারণ নেই। বরং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, রাখাইনের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ—সব মিলিয়ে প্রত্যাবাসনের পথে বড় বাধা থেকেই যাচ্ছে।
মিন অং হ্লাইংয়ের কি বিচার হবে?
এই রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মিয়ানমারের ক্ষমতাসীন নেতা মিন অং হ্লাইংয়ের ব্যক্তিগত দায়ের প্রশ্ন। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে তাকে গণহত্যার জন্য দায়ী করা হলেও এর অর্থ এই নয় যে, আদালত তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো ফৌজদারি সাজা ঘোষণা করেছেন।
কারণ, আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তি করেন। কোনো ব্যক্তির অপরাধের বিচার করার এখতিয়ার এই আদালতের নেই। ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মতো অভিযোগের বিচার করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এটি পরিচালিত হয় রোম সংবিধির অধীনে।
মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আইসিসির কৌঁসুলির পক্ষ থেকে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়ের ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যুক্তি আরও শক্তিশালী হতে পারে। তবে শেষ পর্যন্ত তার বিচার নিশ্চিত করতে হলে তাকে আইসিসির সামনে হাজির করতে হবে।
রায় পড়ার সময় আন্তর্জাতিক বিচার আদালতের প্রধান বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, রোহিঙ্গাদের ওপর যৌন সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে হামলার প্রমাণ থেকে এই জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়। এসব অপরাধের ধারাবাহিকতা ও পরিকল্পিত ধরনও মিয়ানমারের গণহত্যার অভিপ্রায়কে নির্দেশ করে।
গণহত্যার অভিপ্রায় বা উদ্দেশ্য প্রমাণ করা এ মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কারণ, আন্তর্জাতিক আইনে কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আইসিজের এই পর্যবেক্ষণ মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আইসিসিতে চলমান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তার বিরুদ্ধে বিচার শুরু হওয়া বা সাজা নিশ্চিত হওয়ার বিষয়টি নির্ভর করবে আইসিসির নিজস্ব বিচারিক প্রক্রিয়ার ওপর।
গাজায় গণহত্যার মামলাতেও কি প্রভাব পড়বে?
মিয়ানমারের বিরুদ্ধে এই রায়ের গুরুত্ব শুধু রোহিঙ্গা সংকটের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলার ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।
দুটি মামলার মধ্যে গণহত্যার অভিপ্রায়, বেসামরিক জনগোষ্ঠীর ওপর সহিংসতা এবং অপরাধের ধারাবাহিকতা বিশ্লেষণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ মিল রয়েছে। ফলে মিয়ানমারের মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া পর্যবেক্ষণ গাজার মামলার যুক্তিতর্কেও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। তবে প্রতিটি মামলার তথ্য-প্রমাণ ও আইনি প্রেক্ষাপট আলাদাভাবে বিবেচনা করবেন বিচারকেরা।
গাজার মামলার চূড়ান্ত রায় পেতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। ফলে মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া এই রায় আন্তর্জাতিক আইন ও গণহত্যা বিচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
সব মিলিয়ে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার জন্য মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠিত হওয়া নিঃসন্দেহে ঐতিহাসিক ঘটনা। তবে এই রায়ের প্রকৃত সাফল্য নির্ভর করবে এর বাস্তবায়নের ওপর। রোহিঙ্গারা নিজ দেশে নিরাপদে ফিরতে পারবেন কি না, অপরাধীরা বিচারের মুখোমুখি হবেন কি না এবং ভবিষ্যতে এ ধরনের গণহত্যা প্রতিরোধ করা সম্ভব হবে কি না—সেই প্রশ্নগুলোর উত্তর এখনো অনিশ্চিত।



.png)
.png)