ঢাকা,  বৃহস্পতিবার
১৯ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

এক রাতেই নিঃস্ব ৩ শতাধিক পরিবার, আগুনের পর নতুন আতঙ্ক চোরের উৎপাত

প্রকাশিত: ১৯:৩২, ১৮ নভেম্বর ২০২৬

এক রাতেই নিঃস্ব ৩ শতাধিক পরিবার, আগুনের পর নতুন আতঙ্ক চোরের উৎপাত

এক রাতেই নিঃস্ব ৩ শতাধিক পরিবার, আগুনের পর নতুন আতঙ্ক চোরের উৎপাত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে শত শত ঘর। আধা পাকা ঘর, আসবাব, প্রয়োজনীয় জিনিসপত্র—কিছুই রক্ষা করতে পারেননি বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে এলেও থামেনি তাঁদের কান্না। কারও সারা জীবনের সঞ্চয় পুড়ে ছাই হয়েছে, কেউ হারিয়েছেন মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও। এর মধ্যেই নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে চোর চক্রের তৎপরতা। আগুন থেকে জিনিসপত্র বাঁচাতে গিয়ে অনেকেই হারিয়েছেন মূল্যবান সামগ্রী।

বুধবার (১৮ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫০টি ঘর পুড়ে যাওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত হয়েছে তিন শতাধিক পরিবার।

পোড়া টিন ও কাঠের ধ্বংসস্তূপের পাশে বসে হাউমাউ করে কাঁদছিলেন মুক্তা আক্তার। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু কিছুতেই কান্না থামছিল না তাঁর। মুক্তার দাবি, আগুনে তাঁর ও মায়ের সারা জীবনের জমানো ১২ লাখ টাকার গয়না এবং তিন লাখ টাকার বেশি নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে।

মুক্তার আত্মীয় আন্না খানম জানান, মুক্তা ছোট একটি কসমেটিকসের দোকান চালান। সেখানকার সামান্য আয়েই কোনোরকমে সংসার চলে। খেয়ে না-খেয়ে তিনি টাকা জমিয়েছিলেন। তাঁর মা বিদেশে কাজ করে টাকা পাঠাতেন। সেই টাকা, সোনা ও রুপার গয়না সব এক জায়গায় রাখা ছিল। গত মঙ্গলবারই সেগুলো ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।

মুক্তা বলেন, ‘আগুনের খবর পেয়ে এসে দেখি, পুরো ঘর পুড়ে যাচ্ছে। কিছুই রক্ষা করতে পারিনি। এখন আমার মাকে কী জবাব দেব?’

হারিয়ে গেছে শেষ আশ্রয়টুকুও

বস্তির আরেক বাসিন্দা গৃহকর্মী রাহেলা খাতুন। আগুনের পর পোড়া ঘরের সামনে দীর্ঘ সময় বাক্‌রুদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। পরে নিজের কষ্টের কথা জানিয়ে বলেন, স্বামীর এক পা অকেজো হয়ে যাওয়ায় তিনি কাজ করতে পারেন না। এ কারণে ময়মনসিংহের তারাকান্দা থেকে ঢাকায় এসে সাততলা বস্তিতে তিন হাজার টাকা ভাড়ায় একটি ঘরে থাকতেন। মানুষের বাসায় কাজ করে চলত তাঁদের সংসার।

প্রতিদিনের মতো বুধবার সকালেও কাজে গিয়েছিলেন রাহেলা। আগুনের খবর পেয়ে ছুটে এসে দেখেন, সব পুড়ে ছাই হয়ে গেছে। তাঁর ভাষায়, ‘একটা সুতাও অবশিষ্ট নেই। স্বামী ও ছেলেকে নিয়ে আজ কোথায় থাকব, কোথায় যাব? একটি টাকাও আমার হাতে নেই।’

আগুন লাগার সময় রাহেলার স্বামী বাইরে ছিলেন। ১৪ বছর বয়সী ছেলে পল্টনে কাজে গিয়েছিল।

একইভাবে সব হারিয়েছেন রিকশাচালক কামাল মিয়া। গভীর রাত পর্যন্ত রিকশা চালিয়ে ভোরে ঘুমিয়েছিলেন তিনি। হঠাৎ চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভাঙলে দেখেন, আগুন পাশের ঘর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কোনো রকমে প্রাণ নিয়ে বের হতে পেরেছেন।

কামাল বলেন, ‘আমি দিন আনি দিন খাই। টাকা জমা রেখে মালিকের রিকশা চালাই। সেই টাকাও হাতে নাই। এখন পেটে ক্ষুধা নিয়ে কোথায় যাব? ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় রইল না।’

আগুনের মধ্যে চোরের উৎপাত

অগ্নিকাণ্ডের সময় বাসিন্দারা ঘর থেকে টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র বের করে সড়কে রাখছিলেন। এ সুযোগে চোর চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, বিভিন্ন বাসা থেকে টাকা, মোবাইল ফোন ও গয়না চুরি হয়েছে।

ভুক্তভোগী মো. খালিদ জানান, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় তিনি ঘরের মালামাল বের করে সড়কে রেখেছিলেন। সেখান থেকে তাঁর সাড়ে চার হাজার টাকা, চুলাসহ বেশ কিছু জিনিস চুরি হয়ে যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ওরা আগুনের চেয়ে ভয়ংকর।’

আরেক বাসিন্দা হাজেরা আক্তার বলেন, ধোঁয়া ছড়িয়ে পড়ার পর তিনি দ্রুত ঘরের মালামাল বাইরে সরিয়ে আনছিলেন। প্রথম দফায় জিনিসপত্র রেখে ঘরে ফিরে দেখেন, চোরেরা সব তছনছ করে ফেলেছে।

ঘটনাস্থলে অন্তত পাঁচজন চুরির অভিযোগ করেন। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে বস্তির বাসিন্দারা দল বেঁধে বিভিন্ন গলির প্রবেশমুখে পাহারা দিতে শুরু করেন। যাতায়াতকারীদের পরিচয় নিশ্চিত হয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন তাঁরা। এ কাজে সহযোগিতা করেন পুলিশ সদস্যরাও।

তবে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাঁদের তাৎক্ষণিক অগ্রাধিকার। এখন পর্যন্ত কেউ থানায় চুরির অভিযোগ করেননি।

আট ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, সকাল ১০টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ শেষ করতে সারা দিন লাগতে পারে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে। আগুন নেভানোর পর পুরো এলাকায় তল্লাশি চালানো হবে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ৩৫০টি ঘর পুড়ে যাওয়ার তথ্য তাঁরা পেয়েছেন। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

আগুন নিয়ন্ত্রণে এলেও সাততলা বস্তির বাসিন্দাদের সামনে এখন বড় প্রশ্ন—কোথায় থাকবেন তাঁরা, কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন? এক রাতের আগুনে নিঃস্ব হওয়া এসব মানুষের কাছে আপাতত সবচেয়ে বড় অনিশ্চয়তা আগামী দিনের জীবন।

Advertisement
Advertisement