ঢাকা,  শনিবার
২১ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

ইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন নিরাপদ ঘাঁটি মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা

প্রকাশিত: ২২:২৭, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:২৮, ২০ নভেম্বর ২০২৬

ইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন নিরাপদ ঘাঁটি মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা

ইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন নিরাপদ ঘাঁটি মরক্কো

গত মাসে মরক্কোর মারাকেশ এয়ার শোতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্যাভিলিয়ন খুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে রাষ্ট্রীয় মালিকানাধীন ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) ও রাফায়েলসহ আটটি ইসরায়েলি প্রতিষ্ঠান ড্রোন, লয়টারিং মিউনিশন বা লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানার জন্য অপেক্ষমাণ অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রদর্শন করে। একই সময়ে এলবিটের মরক্কোভিত্তিক যৌথ উদ্যোগ ঘোষণা দেয়, ২০২৭ সালের মার্চ থেকে তারা মরক্কোর সেনাবাহিনীকে সামরিক যানবাহনের জন্য বিশেষ টারেট সরবরাহ করবে।

এয়ার শোতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এজও মরক্কোর ড্রোনে অস্ত্র সংযোজনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। মিডলইস্ট আইয়ের প্রতিবেদন। 

৭ অক্টোবরের হামলার বার্ষিকীর সঙ্গে মিলে যায় এই আয়োজন। এ উপলক্ষে রাজধানী রাবাতে পার্লামেন্টের বাইরে প্রতিবাদী সমাবেশ করেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক করার লক্ষ্যে সরকারের নেওয়া নতুন পদক্ষেপ বাতিলের দাবিতে মরক্কোর প্রায় ৩০টি শহরে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। মারাকেশ এয়ার শো বয়কটের ডাক দেয় বিডিএস মরক্কো।

এই আয়োজন দেখিয়ে দিয়েছে, ২০২০ সালে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার পর থেকে মরক্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কীভাবে বদলেছে। একসময় মরক্কো ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনত। এখন দেশটি ইসরায়েলি অস্ত্র নিজের ভূখণ্ডে তৈরি করছে। গাজায় যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটির ওপর নিষেধাজ্ঞা বাড়তে থাকায় এই সামরিক অংশীদারত্ব আরও গতি পেয়েছে।

ইউরোপে স্পেন ইসরায়েলের সঙ্গে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো বা ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি বাতিল করেছে। অন্যদিকে ফ্রান্স দেশটিকে ইউরোসেটরি প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে বাধা দিয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধও ইসরায়েল ও আমিরাতের প্রতিরক্ষা শিল্পের দুর্বলতা সামনে এনেছে। ইরান দাবি করেছে, তারা রাফায়েল ও আইএআইয়ের স্থাপনার পাশাপাশি একটি ড্রোন সরবরাহকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এ ছাড়া আবুধাবিতে এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামের কারখানাও উল্লেখযোগ্য ক্ষতির শিকার হয়েছে।

এ পরিস্থিতিতে আব্রাহাম চুক্তির অংশীদারদের জন্য মরক্কো হয়ে উঠেছে একটি নিরাপদ শিল্পভিত্তিক কেন্দ্র। ক্ষেপণাস্ত্র হামলা ও নিষেধাজ্ঞার ঝুঁকি থেকে দূরে এখানে উৎপাদন চালিয়ে যেতে পারছে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো। উৎপাদন, গোয়েন্দা তৎপরতা, প্রশিক্ষণ, অস্ত্র পরীক্ষা, পরিবহন এবং গাজায় পুলিশি কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে মরক্কোর সমন্বয় বিস্তৃত হয়েছে।

সব মিলিয়ে মরক্কো ক্রমেই ইসরায়েলের নিরাপত্তা কৌশলের একটি সম্প্রসারিত অংশ হয়ে উঠছে।

বদলে যাচ্ছে সামরিক সম্পর্কের ধরন

গাজা যুদ্ধ শুরুর পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধিরা রাবাত ছেড়ে চলে যান। ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বন্ধ ছিল দেশটিতে ইসরায়েলের লিয়াজোঁ কার্যালয়। এ সময়ে আব্রাহাম চুক্তিতে থাকা দেশগুলোর কাছে ইসরায়েলের অস্ত্র রপ্তানির পরিমাণ ২০২৩ সালে কমে মাত্র ৩ শতাংশে নেমে আসে।

তবে সামরিক সহযোগিতা বেশিদিন স্থবির থাকেনি। ২০২৪ সালের জুলাইয়ে প্রায় ১ বিলিয়ন ডলারে ইসরায়েলের একটি গোয়েন্দা স্যাটেলাইট কেনে মরক্কো। পরের বছর ফ্রান্সের সিজার স্বচালিত কামানের পরিবর্তে ইসরায়েলের এলবিটের তৈরি অ্যাটমস কামান বেছে নেয় দেশটি। একই সময়ে মরক্কোর বিশেষ বাহিনী ইসরায়েলি সেনাদের সঙ্গে টানেলের ভেতরে যুদ্ধ করার প্রশিক্ষণ নেয়।

২০২৫ সালের জুনে ইরান দাবি করে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় রাফায়েলের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাঁচ মাস পর মরক্কোর বেনস্লিমানে লয়টারিং মিউনিশন তৈরির কারখানা চালু করে আইএআইয়ের সহযোগী প্রতিষ্ঠান ব্লুবার্ড।

এরপর ২০২৬ সালের জন্য একটি যৌথ ইসরায়েল-মরক্কো প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণ করা হয়। একই সঙ্গে এলবিটের সঙ্গে ২৭৭ মিলিয়ন ডলারের টারেট সরবরাহ চুক্তি হয়।

চলতি বছরের মার্চে ইরান রাফায়েল ও আইএআইয়ের স্থাপনায় ড্রোন হামলার ঘোষণা দেওয়ার পর দুই দেশের সহযোগিতা আরও গভীর হয়। জুন নাগাদ মরক্কোর সিদি ইয়াহিয়া কারখানায় এলবিটের গোলাবারুদ উৎপাদন শুরু হয়েছে বলে খবর প্রকাশিত হয়।

সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা'আর দুই দেশের লিয়াজোঁ কার্যালয়কে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার বিষয়ে একমত হন। পাশাপাশি রাষ্ট্রদূত নিয়োগ এবং বছরের শেষ নাগাদ বিনিয়োগ ও করসংক্রান্ত চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত হয়।

এই সহযোগিতা শুধু গাজাকেন্দ্রিক নয়। ইসরায়েলের সঙ্গে সাইবার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরকারী প্রথম আব্রাহাম চুক্তিভুক্ত দেশ মরক্কো। দেশটির গোয়েন্দা সংস্থা ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যারও সংগ্রহ করেছে। অভিযোগ রয়েছে, স্পেন ও ফ্রান্সের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নজরদারিতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে মরক্কোয় উৎপাদিত অস্ত্র দেশটির সেনাবাহিনীর জন্য তৈরি করা হচ্ছে। তবে উৎপাদনের একটি অংশ রাষ্ট্রীয় অনুমোদন নিয়ে রপ্তানির জন্য সংরক্ষিত রাখা হয়। আইন অনুযায়ী, এসব রপ্তানি লাইসেন্সের তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক নয়। বাস্তবে উৎপাদিত অস্ত্রের কিছু অংশ শেষ পর্যন্ত ইসরায়েলেও পৌঁছাতে পারে।

খবরে বলা হয়েছে, সিদি ইয়াহিয়া কারখানায় বছরে আড়াই লাখের বেশি গোলাবারুদ তৈরি হয়। এর মধ্যে রয়েছে এলবিটের ক্যাটালগে থাকা ১৫৫ মিলিমিটার ও ৩০ মিলিমিটারের গোলা। অথচ ইসরায়েল ইতোমধ্যে ভারত থেকে ১৫৫ মিলিমিটারের গোলা কিনছে এবং নিজ দেশেও কয়েক হাজার করে এসব গোলার অর্ডার দিচ্ছে।

মরক্কোর একমাত্র সক্রিয় সামরিক সংঘাত পশ্চিম সাহারায় পলিসারিও ফ্রন্টের সঙ্গে। সেখানে মূলত ড্রোন ব্যবহার করে যুদ্ধ পরিচালিত হয়। ফলে দেশটিতে এত বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এলবিটের যৌথ উদ্যোগ জানিয়েছে, তারা ইউরোপের ন্যাটোভুক্ত একটি অজ্ঞাত দেশের কাছে পণ্য রপ্তানির পরিকল্পনা করছে। অন্যদিকে ইসরায়েল নিয়মিত তৃতীয় দেশের মাধ্যমে সামরিক সরঞ্জাম পরিবহন করে থাকে।

আফ্রিকার সামরিক প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠছে মরক্কো

শুধু মরক্কোতেই উৎপাদন সরিয়ে নিচ্ছে না ইসরায়েল। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে রেথিয়ন ও রাফায়েলের যৌথ কারখানা গত মাসে ইসরায়েলের বাইরে প্রথমবারের মতো সম্পূর্ণ তৈরি তামির ইন্টারসেপ্টর সরবরাহ করেছে। অন্যদিকে জার্মানির ওসনাব্রুকে ভক্সওয়াগনের একটি কারখানাকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরির কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করছে রাফায়েল। প্রতিষ্ঠানটির ভাষ্য, সেখানে সম্পূর্ণ জার্মানিতে উৎপাদিত প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করা হবে। এ ছাড়া সার্বিয়ায় নতুন একটি ড্রোন কারখানার ৫১ শতাংশ মালিকানা রয়েছে এলবিটের।

ভারত ও মরক্কোতেও গোলাবারুদ ও বিভিন্ন যন্ত্রাংশ পাঠানো হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি অস্ত্র নির্মাতাদের কাছে ৯ হাজার ৬০০টি গোলার খোল, এক হাজার আর্টিলারি গোলা, ১২২টি বিস্ফোরক ওয়ারহেড এবং ৪০ হাজারের বেশি মেশিনগানের যন্ত্রাংশ পাঠিয়েছে।

আফ্রিকায় প্রকাশ্যে স্বীকৃত তথ্য অনুযায়ী, ইসরায়েলি অস্ত্র উৎপাদনের একমাত্র কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে মরক্কো। মহাদেশটিতে ইসরায়েলের সামরিক প্রযুক্তির প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে দেশটি।

কাসাব্লাঙ্কার কাছে মিডপার্ক শিল্পাঞ্চলে রয়েছে মহাকাশ ও উড়োজাহাজ প্রযুক্তিতে দক্ষ জনশক্তি। এলবিটের যৌথ উদ্যোগের দাবি, সেখানে কর্মরত কর্মীদের ৯৯ শতাংশই মরক্কোর নাগরিক। পাশাপাশি ২০২০ সালের একটি আইনের আওতায় গড়ে উঠেছে প্রতিরক্ষা শিল্পাঞ্চল। ওই আইন অনুযায়ী, রাষ্ট্রীয় লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান অস্ত্র রপ্তানি করতে পারে না।

ভূমধ্যসাগর পেরিয়ে কোনো তৃতীয় দেশের ভূখণ্ড অতিক্রম না করেই মরক্কোয় পৌঁছাতে পারে ইসরায়েল। এমনকি হুতিদের নিয়ন্ত্রিত ঝুঁকিপূর্ণ নৌপথও এড়িয়ে চলা সম্ভব। ২০২৫ সালের মে মাসে স্বাক্ষরিত একটি সামুদ্রিক চুক্তির মাধ্যমে এই পরিবহনপথ আনুষ্ঠানিক রূপ পেয়েছে। উত্তর ও পশ্চিম আফ্রিকায় প্রবেশের কৌশলগত প্রবেশদ্বার হিসেবে মরক্কোকে বিবেচনা করে ইসরায়েল।

ইসরায়েলের পথ অনুসরণ করছে আবুধাবিও। ২০২৪ সালে মিসর, জর্ডান ও বাহরাইনকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে গঠিত একটি শিল্প অংশীদারত্বে যোগ দেয় মরক্কো। এ ছাড়া আমিরাতের ব্যবহৃত ৩০টি মিরাজ যুদ্ধবিমান পাওয়ার কথা রয়েছে দেশটির।

আব্রাহাম চুক্তির কূটনৈতিক অগ্রগতি যখন স্থবির, তখনই এই সামরিক সম্প্রসারণ ঘটছে। ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ এক বছর ধরে কোনো ইসরায়েলি রাজনীতিক মরক্কো সফর করেননি। অন্যদিকে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর, যার মাধ্যমে আব্রাহাম চুক্তিকে অর্থনৈতিক ভিত্তি দেওয়ার পরিকল্পনা ছিল, ইসরায়েল অংশে এসে কার্যত থমকে গেছে।

তবে সামরিক ও শিল্প সহযোগিতা ইঙ্গিত দিচ্ছে, কূটনীতি ও বাণিজ্যিক যোগাযোগে অগ্রগতি না থাকলেও নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে এই জোট সচল রাখা সম্ভব।

যুক্তরাষ্ট্রের ছাতার নিচে ইসরায়েল-মরক্কো সামরিক সম্পর্ক

ইসরায়েলের সঙ্গে মরক্কোর নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ওয়াশিংটন। সম্প্রতি পেন্টাগনে স্বাক্ষরিত ২০২৬ থেকে ২০৩৬ সাল পর্যন্ত মেয়াদের একটি রোডম্যাপ অনুযায়ী, ন্যাটোভুক্ত দেশগুলোর মতো একই ধরনের অস্ত্র কেনার সুযোগ পাবে মরক্কো। দেশটির কাছে হিমার্স ক্ষেপণাস্ত্রব্যবস্থা, ৬০০টি স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল লক্ষ্যভেদী বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে গত মাসে মরক্কোর প্রথম এফ-১৬ ব্লক ৭২ যুদ্ধবিমান আকাশে উড়েছে। দেশটির এফ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার পথেও ইসরায়েলের সম্মতির বিষয়টি গুরুত্বপূর্ণ।

মরক্কোয় পরীক্ষামূলক সামরিক ঘাঁটি স্থাপন করেছে মার্কিন সেনাবাহিনী। গত আগস্টে সেখানে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান কভেন্যান্ট। চলতি বছরের শুরুতে স্পেনের সঙ্গে সেউটা সীমান্ত সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরক্কোকে সমর্থনের পাশাপাশি দেশটিতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—উভয় দেশই পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে। গত বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এ ভূখণ্ডের ওপর মরক্কোর দাবির পক্ষে অবস্থান নেয়।

একই সময়ে ট্রাম্পের গাজাবিষয়ক ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে মরক্কোর তৎপরতা নতুন একটি সমীকরণ তৈরি করেছে। একে বলা হচ্ছে ‘শান্তির বিনিময়ে অস্ত্র’। অর্থাৎ, গাজায় যুক্তরাষ্ট্র পরিচালিত বাহিনীর জন্য রাজনৈতিক সমর্থন ও সেনা পাঠানোর বিনিময়ে আমেরিকার কাছ থেকে অস্ত্র ও সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। গাজায় মোতায়েনের জন্য ইতোমধ্যে মরক্কোর সর্বোচ্চ ৫০০ সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজ গাজায় গণহত্যায় জড়িত ৬৩টি দেশের তালিকায় মরক্কোর নাম উল্লেখ করেছেন। ইসরায়েলে সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য দেশটির বন্দর ও বিমানবন্দর ব্যবহারের সুযোগ দেওয়াকে এর কারণ হিসেবে দেখানো হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে শ্রমিক সংগঠনগুলোর দাবি অনুযায়ী, ইসরায়েলের জন্য এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বহনকারী কয়েকটি জাহাজ তাঞ্জিয়ার ও কাসাব্লাঙ্কা বন্দরে ভিড়েছিল।

এ পুরো সময়ে মরক্কোর অর্থেই অর্থায়ন পেয়েছে এলবিট ও আইএআই। অন্যদিকে এলবিটের যৌথ উদ্যোগ এখন মরক্কোর প্রকৌশলীদের বেতন দিচ্ছে। ফলে দুই দেশের অর্থনৈতিক ও শিল্পগত সম্পর্ক আরও গভীর হচ্ছে।

জনমতের বিরোধিতা ও নিষেধাজ্ঞার ঝুঁকি

দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে সম্পর্ক উন্নয়নের পথে এগোলেও মরক্কোর সাধারণ মানুষের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সমর্থন কমেছে। ২০২৩ সালের অক্টোবরের পর এই সমর্থন ৩১ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে নেমে এসেছে।

ইসরায়েলের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে মরক্কোয় কয়েকজন কর্মীকে কারাগারেও পাঠানো হয়েছে। দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নীত করে দূতাবাস স্থাপনের বিরোধিতা করছে।

আব্রাহাম চুক্তির কারণে মরক্কোয় বিদ্যমান সামাজিক অসন্তোষ আরও বাড়তে পারে। হাসপাতাল ও শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে ২০২৫ সালে দেশটির তরুণরা যেসব বিক্ষোভে রাস্তায় নেমেছিলেন, তার পেছনেও এসব ক্ষোভ কাজ করেছিল।

এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ও অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞার প্রভাব মরক্কোর ওপরও পড়তে পারে। কারণ, এলবিট ও আইএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে তৈরি কারখানাগুলোও ইউরোপীয় দেশগুলোর নিয়ন্ত্রণের আওতায় চলে আসতে পারে। বিশেষ করে ইউরোপের দেশগুলো যদি বিদেশে উৎপাদিত ইসরায়েলি অস্ত্রের ওপরও রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে, তাহলে মরক্কো বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে। দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন।

অর্থাৎ, ইসরায়েলের সমস্যাগুলোও এখন নিজেদের মধ্যে টেনে নিচ্ছে মরক্কো। আব্রাহাম চুক্তির নিরাপত্তা ও সামরিক শিল্পের কেন্দ্র হয়ে ওঠার এই উদ্যোগ শেষ পর্যন্ত দেশটির জন্য বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য বয়ে আনতে পারে।

Advertisement
Advertisement