ঢাকা,  শনিবার
২১ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

মেসি নেই, আর্জেন্টিনার ম্যাচে দর্শকখরা, টিকিটের দাম কমানোর দাবি মার্তিনেজের

প্রকাশিত: ১৯:০৫, ২০ নভেম্বর ২০২৬

মেসি নেই, আর্জেন্টিনার ম্যাচে দর্শকখরা, টিকিটের দাম কমানোর দাবি মার্তিনেজের

মেসি নেই, আর্জেন্টিনার ম্যাচে দর্শকখরা, টিকিটের দাম কমানোর দাবি মার্তিনেজের

লিওনেল মেসি নেই, তাই কি আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে দর্শকদের আগ্রহেও ভাটা পড়েছে? তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সাম্প্রতিক দুটি প্রীতি ম্যাচের গ্যালারির চিত্র অন্তত তেমন প্রশ্নই সামনে এনেছে। স্টেডিয়ামের বড় একটি অংশ ফাঁকা থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সমর্থকদের আবারও মাঠে ফেরাতে টিকিটের দাম কমানো এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত অক্টোবরে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক উপস্থিতি। ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দলকে বিদায় জানান এই কিংবদন্তি ফুটবলার। আর্জেন্টিনার হয়ে তিনি জিতেছেন ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ২০৮ ম্যাচ খেলে করেছেন রেকর্ড ১২৬ গোল।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচেই দেখা যায় দর্শক উপস্থিতির হতাশাজনক চিত্র। গত শনিবার বুয়েনস এইরেসের বিখ্যাত বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারে আলবিসেলেস্তেরা। ৫৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে উপস্থিতি ছিল প্রত্যাশার তুলনায় অনেক কম। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনের তথ্য অনুযায়ী, ম্যাচটি দেখতে মাঠে এসেছিলেন মাত্র ২০ থেকে ২৫ হাজার দর্শক।

এরপর বুধবার কর্দোবার এস্তাদিও মারিও আলবের্তো কেম্পেসে কোস্টারিকাকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারায় আর্জেন্টিনা। তবে বিশাল জয়ের রাতেও গ্যালারি পূর্ণ করতে পারেনি দলটি। ৫৭ হাজার আসনের স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে দর্শক উপস্থিতি ছিল ৩১ হাজার। ক্লারিন জানিয়েছে, ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে অনেক টিকিট বিনা মূল্যে বিতরণ করা হয়েছিল। এমনকি খেলা শুরু হওয়ার পরও উল্লেখযোগ্যসংখ্যক দর্শক স্টেডিয়ামে প্রবেশ করেন।

গ্যালারির এমন চিত্রে হতাশা প্রকাশ করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অবশ্যই আমরা চাই, স্টেডিয়ামগুলো আরও বেশি দর্শকে পূর্ণ থাকুক। শিশুদের মাঠে আনার জন্য সহায়ক উদ্যোগ নিতে হবে আমাদের। মানুষকে আবার এই জাতীয় দলের প্রেমে ফেলতে হবে।’

মেসির অনুপস্থিতিতে দর্শকদের আগ্রহ কমে যাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন চেলসির এই ৩৪ বছর বয়সী গোলরক্ষক। তার ভাষায়, ‘আমরা জানি, লিও (মেসি) এখন এখানে নেই। মানুষ যে তাকে আরও বেশি খেলতে দেখতে চেয়েছিল, সেটাও স্বাভাবিক। কিন্তু দিন শেষে এটি আর্জেন্টিনার জাতীয় দল। আর এই দলের প্রতি মানুষের ভালোবাসা আমাদের প্রয়োজন।’

সমর্থকদের মাঠে ফেরাতে শুধু আহ্বান জানানোই নয়, টিকিটের দাম কমানোরও দাবি জানিয়েছেন মার্তিনেজ। তিনি বলেন, ‘আমাদের আবার পূর্ণ গ্যালারিতে খেলতে হবে। সেটি সম্ভব করার দায়িত্ব আমাদের খেলোয়াড়, কোচিং স্টাফ আর কর্মকর্তাদের। মানুষকে ভালোবাসা দিতে হবে, টিকিটের দাম কিছুটা কমাতে হবে এবং স্টেডিয়ামের সব আসন পূর্ণ করতে হবে। মানুষকে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে হবে, যা আমাদেরও প্রয়োজন।’

গত জুলাইয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এখন পর্যন্ত পাঁচটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে চারটিতে জয় এবং একটিতে হারের স্বাদ পেয়েছে তারা। মাঠের পারফরম্যান্সে বড় কোনো সংকট না থাকলেও মেসির অবসরের পর তাঁর শূন্যতা পূরণের পাশাপাশি সমর্থকদের আগ্রহ ধরে রাখাও এখন আর্জেন্টিনা দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
Advertisement