বাংলাদেশ ব্যাংক
বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবারের সদস্যসংখ্যা কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রভাব কমানো এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন, পরিচালক নিয়োগ, তাঁদের দায়িত্ব পালনের মেয়াদ এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণক্ষমতা বাড়ানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই সংশোধনী খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর অনুমোদনের জন্য এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছিল, তার বেশির ভাগ সুপারিশই নতুন খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপি
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। শুধু পরিচালনা পর্ষদ নয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও রাজনৈতিক পদধারীদের নিয়োগের সুযোগ বন্ধ করার প্রস্তাব করা হয়েছে।
ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমান ব্যাংক কোম্পানি আইনে ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী ও সংসদ সদস্যদের থাকার বিষয়ে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। তবে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের (৩) উপ-অনুচ্ছেদে মন্ত্রিসভার সদস্যদের লাভজনক পদে থাকা এবং মুনাফার উদ্দেশ্যে পরিচালিত কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।
এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমাতে তাঁদের সংখ্যা সীমিত করার প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে একটি পরিবার থেকে সর্বোচ্চ তিনজন সদস্য একই সময়ে একটি ব্যাংকের পরিচালক থাকতে পারেন। নতুন প্রস্তাবে এই সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। পাশাপাশি একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগও কমানো হচ্ছে। বর্তমানে এ ধরনের দুটি প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগ থাকলেও নতুন প্রস্তাবে তা কমিয়ে একজন করার কথা বলা হয়েছে।
অতীতে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ, বেক্সিমকো, প্রিমিয়ার গ্রুপ ও সিকদার গ্রুপের মতো শিল্পগোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার বিষয়টিও আলোচনায় আসে। ব্যাংকের ওপর পারিবারিক নিয়ন্ত্রণ কমাতেই নতুন এ বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিচালকদের একটানা মেয়াদ কমে ৬ বছর
ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে।
একসময় পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ছয় বছর ছিল। ২০১৮ সালের সংশোধনীতে তা বাড়িয়ে নয় বছর করা হয়। পরে ২০২৩ সালে আরও বাড়িয়ে ১২ বছর নির্ধারণ করা হয়।
নতুন প্রস্তাব অনুযায়ী, কোনো পরিচালক একটানা ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না।
এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, তাঁরা পরিচালকদের মেয়াদ নয় বছর করার প্রস্তাব দিয়েছিলেন। তবে ছয় বছর নির্ধারণের সিদ্ধান্তও তাঁরা মেনে নিয়েছেন।
বাড়ছে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা
ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পরিচালনা পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে এ সংখ্যা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে।
অন্যদিকে, পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা ২০ জনের কম হলে বর্তমানে অন্তত দুজন স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক। সংশোধনীতে এ সংখ্যা বাড়িয়ে তিনজন করার প্রস্তাব রয়েছে।
স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রেও ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করতে চায় সরকার। এ ছাড়া ব্যাংকের সঙ্গে অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে—এমন কাউকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ না দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
কৌশলগত বিনিয়োগকারীদের জন্য শেয়ার ধারণে ছাড়
ব্যাংকের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারী আকৃষ্ট করতে শেয়ার ধারণের সীমা শিথিল করার প্রস্তাব রয়েছে সংশোধনীতে।
বর্তমান আইন অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সরাসরি কিংবা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। তবে নতুন প্রস্তাবে ব্যাংক খাতের স্বার্থ বিবেচনায় কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে।
এ ধরনের বিনিয়োগকারীর যোগ্যতা, উপযুক্ততা ও শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ শেয়ার ধারণের সীমা বহাল থাকলেও বিশেষ বিনিয়োগকারীদের ক্ষেত্রে ব্যতিক্রমী সুযোগ তৈরি হবে।
বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বেশি সুবিধা রেখে দেশীয় বিনিয়োগকারীদের ক্ষেত্রে বৈষম্য তৈরি না করার দাবি জানিয়েছিলেন তাঁরা।
পদ ছাড়লেও পরিশোধ করতে হবে ব্যাংকের ঋণ
ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় নেওয়া ঋণ পরিশোধের ক্ষেত্রেও কঠোর বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে কোনো পরিচালকের পদ শূন্য হলে তাঁর কাছে ব্যাংকের পাওনা অর্থ শেয়ার সমন্বয়ের মাধ্যমে আদায়ের বিধান রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, পরিচালকের পদ শূন্য হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া অগ্রিম বা ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। পুনঃতফসিল কিংবা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ থাকবে না।
এ ছাড়া পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের উপস্থিতি নিশ্চিত করতে নতুন বিধান যুক্ত হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। তবে বিশেষ ক্ষেত্রে বছরে সর্বোচ্চ একবার এর চেয়ে বেশি সময় অনুপস্থিত থাকার অনুমতি দেওয়া যাবে।
বাড়ছে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা
ব্যাংকের পরিচালনা পর্ষদ আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে বাংলাদেশ ব্যাংক বর্তমানে সেই পর্ষদ বাতিল করতে পারে। নতুন সংশোধনীতে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এতে বাংলাদেশ ব্যাংক নিজস্ব সিদ্ধান্তে নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে পারবে। প্রয়োজন অনুযায়ী পর্ষদের মেয়াদ কমানো বা বাড়ানোর ক্ষমতাও পাবে কেন্দ্রীয় ব্যাংক। তবে নতুন পর্ষদের মেয়াদ কোনোভাবেই তিন বছরের বেশি হবে না।
নতুন পর্ষদ গঠনের পর পরবর্তী সাধারণ সভায় ব্যাংকের সদস্যদের মাধ্যমে পরিচালক নির্বাচনের বিধান রাখার প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।
এ ছাড়া ব্যাংকের সংঘবিধি বা পরিচালনাসংক্রান্ত মৌলিক নিয়ম পরিবর্তনের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বাড়ানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ ছাড়া কোনো ব্যাংক কোম্পানির সংঘবিধি পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রস্তাবিত সংশোধনীতে স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংজ্ঞাও আরও বিস্তৃত করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচালক হলে, ওই প্রতিষ্ঠানের ২০ শতাংশের বেশি শেয়ারের মালিক হলে কিংবা ঋণের জামিনদার হলে সেটিকে তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে গণ্য করার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে, প্রয়োজনীয় হিসাব, বিবরণী বা তথ্য দিতে ব্যর্থ হলে কিংবা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করলে জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এ ধরনের অপরাধে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে সর্বনিম্ন জরিমানা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। সর্বোচ্চ জরিমানা পাঁচ লাখ টাকাই থাকছে।
উদ্যোগকে ইতিবাচক বলছেন সাবেক গভর্নর
ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। তবে তাঁর মতে, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে প্রস্তাবিত সংশোধনীতে আরও কিছু পরিবর্তন প্রয়োজন।
তিনি বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে ৫০ শতাংশ করা উচিত। বৈশ্বিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রাখতে এ পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি।
কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রেও আরও সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন সাবেক এই গভর্নর। তাঁর মতে, দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২০, ৩০ এমনকি ১০০ শতাংশ পর্যন্ত শেয়ার কেনার সুযোগ দেওয়া যেতে পারে। তবে এ সুবিধা ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য নয়, কেবল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য রাখা উচিত।
আহসান এইচ মনসুর জানান, তিনি গভর্নর থাকাকালে পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ছয় বছর করা এবং এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক রাখার প্রস্তাব দিয়েছিলেন।
মন্ত্রী ও সংসদ সদস্যদের পাশাপাশি সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিচারপতি বা বিচারকদেরও ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ না দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।
এ ছাড়া ব্যাংক খাতে কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইনের মতো গুরুত্বপূর্ণ আইনও সংসদে পাস করা জরুরি বলে মনে করেন সাবেক এই গভর্নর।
প্রস্তাবিত সংশোধনীটি মন্ত্রিসভায় অনুমোদন এবং পরবর্তী আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পন্ন হলে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন, পরিচালক নিয়োগ ও কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে বড় ধরনের পরিবর্তন আসবে। তবে এসব পরিবর্তন বাস্তবে ব্যাংক খাতে কতটা সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, তা নির্ভর করবে আইনটির কার্যকর প্রয়োগের ওপর।



.png)
.png)