ঢাকা,  শুক্রবার
২০ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

বার্ষিক, ভর্তি ও বৃত্তি পরীক্ষা: বছরের শেষ সময়ে পরীক্ষার চাপে হাঁসফাঁস শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৬:৪০, ১৯ নভেম্বর ২০২৬

বার্ষিক, ভর্তি ও বৃত্তি পরীক্ষা: বছরের শেষ সময়ে পরীক্ষার চাপে হাঁসফাঁস শিক্ষার্থীরা

বার্ষিক, ভর্তি ও বৃত্তি পরীক্ষা: বছরের শেষ সময়ে পরীক্ষার চাপে হাঁসফাঁস শিক্ষার্থীরা

বার্ষিক পরীক্ষার ব্যস্ততা শেষ হওয়ার আগেই শুরু হয়েছে নতুন চিন্তা। আগামী শিক্ষাবর্ষে পছন্দের স্কুলে ভর্তি হতে দ্বিতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের দিতে হবে লিখিত পরীক্ষা। অন্যদিকে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রয়েছে বৃত্তি পরীক্ষা। ফলে বছরের শেষ সময়ে একের পর এক পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে রীতিমতো হাঁসফাঁস অবস্থা শিক্ষার্থীদের। খেলাধুলা, বিশ্রাম ও বিনোদনের সময় কমে যাওয়ায় বাড়ছে মানসিক চাপও।

ভর্তি পরীক্ষায় ভালো করতে বাংলা, ইংরেজি ও গণিতে বিশেষ জোর দিতে হচ্ছে শিক্ষার্থীদের। এর মধ্যে চলছে বার্ষিক পরীক্ষা। আবার পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতিও নিতে হচ্ছে। সব মিলিয়ে শিক্ষার্থীদের সামনে এখন তিন ধরনের পরীক্ষার চাপ।

দীর্ঘ ছয় বছর পর স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি আংশিক বাতিল করে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ফিরিয়েছে সরকার। এতে ভালো স্কুলে ভর্তির প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদের ওপর বাড়তি পড়াশোনার চাপ তৈরি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানীসহ বড় শহরগুলোর নামকরা স্কুলে সন্তানকে ভর্তি করাতে আগ্রহী অভিভাবকদের মধ্যে বেড়েছে প্রস্তুতির ব্যস্ততা।

অভিভাবকদের অভিযোগ, বার্ষিক পরীক্ষার মধ্যেই নতুন করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে শিশুদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি হচ্ছে। কমে যাচ্ছে খেলাধুলা ও বিশ্রামের সময়। ভর্তি পরীক্ষা চালুর কারণে কোচিং ও প্রাইভেট পড়ার প্রবণতাও বাড়ছে। শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীদের আশঙ্কা, পরীক্ষাকেন্দ্রিক এমন চাপ শিশুদের শেখার আগ্রহ ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বার্ষিক পরীক্ষার মধ্যেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে ১৯ নভেম্বর। পরীক্ষা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। ফল প্রকাশের জন্য ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। যদিও কোনো কোনো বিদ্যালয়ে ১৫ নভেম্বর থেকেই পরীক্ষা শুরু হয়েছে।

অন্যদিকে ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সংশোধিত নীতিমালা গত ১২ নভেম্বর প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পরীক্ষা হবে ১০০ নম্বরের। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের পরীক্ষা দিতে হবে। সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্ট শ্রেণির পাঠ্যবই থেকে প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমান বিদ্যালয় পরিবর্তন করে অন্য সরকারি-বেসরকারি স্কুলে যেতে আগ্রহী শিক্ষার্থীদের তাই বার্ষিক পরীক্ষার পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতিও নিতে হচ্ছে। একদিকে বার্ষিক পরীক্ষায় ভালো ফল, অন্যদিকে ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতায় টিকে থাকা—দুটিই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

রামপুরার একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তানজিমা আক্তার। আগামী বছর তাকে ভিকারুননিসা নূন স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি করাতে চান তার বাবা-মা। এ লক্ষ্যে গত সেপ্টেম্বর থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তানজিমা।

তানজিমার মা সালেহা বেগম বলেন, ‘গত বছর লটারির মাধ্যমে চেষ্টা করেও ভিকারুননিসা স্কুলে ভর্তি করাতে পারিনি। এবারও আবেদন করব। ভর্তি পরীক্ষা যেহেতু, সেহেতু বাড়তি পড়ালেখা করতে হচ্ছে মেয়েটার। ১৯ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা। দুই পরীক্ষার পড়ালেখা করতে গিয়ে গত সপ্তাহে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু পড়তে হবে। একটু সুস্থ হয়ে আবার কোচিং, টিউশনি ও হোমওয়ার্ক করতে হচ্ছে বাচ্চাটাকে। দিনে ৩০ মিনিট যে খেলবে, ঘুমাবে, সে সুযোগও নেই।’

পঞ্চম-অষ্টম শ্রেণিতে তিন পরীক্ষার চাপ

অন্য শ্রেণির তুলনায় পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ব্যস্ততা আরও বেশি। কারণ, তাদের সামনে রয়েছে বার্ষিক পরীক্ষার পাশাপাশি বৃত্তি ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার চ্যালেঞ্জ। বিশেষ করে যারা আগামী বছর অন্য বিদ্যালয়ে ভর্তি হতে চায়, তাদের ওপর চাপ আরও বাড়ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ১ ডিসেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এরপর ২০ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা।

অন্যদিকে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বর। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অর্থাৎ, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার কথা ৬ ডিসেম্বর। এর মাত্র দুই দিন পরই শুরু হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা। যারা নবম শ্রেণিতে অন্য বিদ্যালয়ে ভর্তি হতে চায়, তাদের আবার ভর্তি পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে।

একইভাবে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীদের মধ্যে যারা ষষ্ঠ শ্রেণিতে অন্য সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে চায়, তাদেরও বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। যদিও সব শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেবে না কিংবা সবাই বিদ্যালয় পরিবর্তন করবে না। তবে যারা দুই ধরনের পরীক্ষাতেই অংশ নিতে চায়, তাদের ওপর চাপ তুলনামূলক বেশি।

মিরপুরের পল্লবী এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইফান। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য স্কুল থেকে নির্বাচিত হয়েছে সে। কিন্তু ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। ফলে ষষ্ঠ শ্রেণিতে অন্য স্কুলে ভর্তি হতে হলে তাকে ভর্তি পরীক্ষাও দিতে হবে। তাই বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে হচ্ছে তাকে।

সাইফানের মা শিউলি আক্তার বলেন, ‘সকালে ৮টা থেকে ১১টা স্কুল। ১২টা থেকে ২টা পর্যন্ত কোচিং। দুপুরে বাসায় নিয়ে আসি, খাবার খেয়েই আবার হোম টিউশনিতে বসে। টিউশন শেষে বিকেলে আবার বৃত্তি পরীক্ষার জন্য স্কুলের স্পেশাল কোচিংয়ে নিয়ে যেতে হয়। খেলাধুলা, ঘুম, বিশ্রাম—কোনোটিই নেই বাচ্চার। ওর ওপর যে চাপ যাচ্ছে, কী থেকে কী হয়, তা নিয়ে আমরা টেনশনে আছি।’

লটারি বাতিল, বেড়েছে ভর্তি কোচিংয়ের চাপ

২০২১ শিক্ষাবর্ষ থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছিল। করোনাকালে সংক্রমণের ঝুঁকি এড়াতে চালু হওয়া এ পদ্ধতি পরবর্তী বছরগুলোতেও বহাল ছিল। এবার সেই নিয়মে পরিবর্তন এনে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের মতো নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রতিযোগিতা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার ফলে প্রস্তুতিমূলক কোচিং ও প্রাইভেট পড়ার প্রবণতা বাড়তে পারে। এতে অভিভাবকদের বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি নিয়মিত পড়াশোনার বাইরেও শিশুদের অতিরিক্ত সময় দিতে হবে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গণিতের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লটারি পদ্ধতিটা ভালো ছিল। বিশেষ করে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারি রাখলে সবচেয়ে ভালো হতো। পরীক্ষা চালু করায় শিশুদের ওপর পড়ালেখার চাপ বেড়েছে।’

তিনি বলেন, ‘আমাদের স্কুল তো বেশ ভালো, নামকরা। এখানে ভর্তির পর আর কেউ অন্য স্কুলে যেতে চায় না। তারপরও আমি খোঁজ নিয়ে দেখেছি, আমি যে ক্লাসের শ্রেণিশিক্ষক, সেই ক্লাসের ৬৭ জন শিশুর মধ্যে ২৭-২৮ জন স্কুলে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। কোচিং করছে, বাসায় টিউশনি নিচ্ছে। কেউ ভিকারুননিসায় যাবে, কেউ সেন্ট জোসেফে যাবে। আবার কেউ বাসার কাছাকাছি কোনো স্কুলে চলে যেতে চায়।’

ভালো স্কুলের স্বপ্নে তীব্র মানসিক চাপ

শিক্ষাবিদদের মতে, শিক্ষার্থীদের অগ্রগতি যাচাইয়ে নিয়মিত মূল্যায়ন গুরুত্বপূর্ণ। তবে অল্প সময়ের ব্যবধানে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তা শিশুদের মানসিক চাপ বাড়াতে পারে।

অন্যদিকে ভর্তি পরীক্ষার পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি, লটারির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী পছন্দের বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেত না। লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে নির্বাচন করা সম্ভব হবে।

তবে শুধু মেধা যাচাই নয়, পরীক্ষার সময়সূচি ও শিক্ষার্থীদের বয়স বিবেচনায় নেওয়াও জরুরি। বার্ষিক পরীক্ষার পর ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় রাখা হলে শিক্ষার্থীদের চাপ কিছুটা কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু ও কিশোর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সাদিয়া আফরিন বলেন, পরীক্ষা এলেই শিশুরা মানসিক চাপে পড়ে। শিশুদের পড়ানোর চেয়ে শেখানো বেশি জরুরি। কিন্তু পরীক্ষা দিতে শিশুদের পড়াতে হয়, মুখস্থ করাতে হয়। এভাবে বছরে চার থেকে পাঁচটি পরীক্ষা দিতে গেলে তাদের মানসিক চাপ বাড়ে।

তিনি আরও বলেন, অল্প বয়সে মানসিক চাপে পড়লে ভবিষ্যতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। তাই পরীক্ষা কমিয়ে শিশুদের শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হলে মানসিক চাপ কমবে এবং তাদের স্বাভাবিক বিকাশ সহজ হবে।

পাঠ্যবই থেকে প্রশ্ন, প্রয়োজন নতুন ভর্তিব্যবস্থা

নতুন ভর্তি নীতিমালায় পরীক্ষার নম্বর, সময় ও প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশনা থাকলেও বার্ষিক ও বৃত্তি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের প্রস্তুতির চাপ কমানোর বিষয়ে আলাদা কোনো ব্যবস্থা উল্লেখ করা হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, বার্ষিক ও বৃত্তি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে কি না। একই সঙ্গে কম বয়সী শিক্ষার্থীদের ওপর প্রতিযোগিতার চাপ কমাতে কী উদ্যোগ নেওয়া হবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা স্পষ্ট কোনো সমাধানের কথা জানাতে পারেননি।

মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ে ভর্তি কমিটির সভায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সার্বিক দিক বিবেচনা করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমার বা মাউশির কোনো একক সিদ্ধান্ত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো বলতে পারবেন।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক বলেন, ‘আমরা অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতেই ভর্তি পরীক্ষা নিচ্ছি। নভেম্বরে বার্ষিক পরীক্ষা হয়। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। সেক্ষেত্রে ডিসেম্বরে ছাড়া তো ভর্তি পরীক্ষা নেওয়ার অন্য কোনো সময় নেই। স্বাভাবিকভাবেই বার্ষিক পরীক্ষা ও ভর্তি পরীক্ষার চাপ একসঙ্গে শিশুদের ওপর পড়ছে। এটা তো অস্বীকার করার উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘তবে আমরা পাঠ্যবই থেকে প্রশ্নপত্র করার নির্দেশনা দিয়েছি। এমনভাবে প্রশ্ন করা হবে, যাতে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির মধ্যেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি হয়ে যায়। বাড়তি পড়ালেখা বা কোচিং করার কোনো প্রয়োজন থাকবে না।’

শিক্ষার্থীদের চাপ কমাতে একটি ভালো ও কার্যকর ভর্তিব্যবস্থা প্রণয়নের দাবি জানিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ। তিনি বলেন, ‘লটারি নিশ্চয়ই ভালো পদ্ধতি ছিল। বর্তমান সরকার ভর্তি পরীক্ষা চালু করেছে। এ ভর্তি ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো উচিত।’

এ শিক্ষাবিদের মতে, ভর্তির পদ্ধতি এমন হওয়া প্রয়োজন, যাতে শিশুদের স্বাভাবিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিশ্রামের সুযোগও গুরুত্ব পায়। কারণ, ভালো বিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতায় শিশুদের শৈশব যেন পরীক্ষার চাপেই হারিয়ে না যায়, সেটিও বিবেচনায় রাখা জরুরি।

Advertisement
Advertisement