ঢাকা,  রোববার
২২ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

তিন বছর ধরে দুই দেশে মৌসুমী-ওমর সানী, বিচ্ছেদের গুঞ্জনের নেপথ্যে কী?

প্রকাশিত: ১৩:৫৬, ২২ নভেম্বর ২০২৬

তিন বছর ধরে দুই দেশে মৌসুমী-ওমর সানী, বিচ্ছেদের গুঞ্জনের নেপথ্যে কী?

মৌসুমী-ওমর সানী

তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। স্ত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে, আর স্বামী ওমর সানী রয়েছেন বাংলাদেশে। দীর্ঘদিনের এই দূরত্ব ঘিরে মাঝেমধ্যেই তাঁদের দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। তবে দুজনের ভাষ্য, পারিবারিক প্রয়োজনেই আপাতত আলাদা দেশে থাকতে হচ্ছে তাঁদের। সম্প্রতি বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে দুই দেশে থাকার কারণ এবং দীর্ঘ দাম্পত্য জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তাঁরা।

২০২৩ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর আর দেশে ফেরা হয়নি তাঁর। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, মেয়ে ফাইজার পড়াশোনার দেখভাল এবং অসুস্থ মায়ের পরিচর্যার জন্যই তাঁকে যুক্তরাষ্ট্রে থাকতে হচ্ছে। বিশেষ করে মায়ের শারীরিক অবস্থার কারণে চাইলেও দেশে ফিরতে পারছেন না তিনি।

মৌসুমীর মা বয়সজনিত নানা সমস্যায় ভুগছেন। এখন আর একা চলাফেরা করতে পারেন না। পাশাপাশি রয়েছে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার সমস্যা। কখনো নিজে হাঁটাচলা করতে পারলেও পরদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন। ফলে সব সময় তাঁর পাশে কাউকে থাকতে হয়।

দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে মৌসুমী বলেন, ‘ফিরে তো আসতাম আরও আগে। আমি এখানে যে কাজে এসেছিলাম, তা অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু আম্মার কারণে এখন আসতে পারছি না। আম্মা অনেক দিন ধরে অসুস্থ, তাঁর দেখাশোনার বিষয়টা আছে। নিজের নিয়মিত কাজের পাশাপাশি আম্মার দেখাশোনার বিষয়টা তো অবশ্যই আছে।’

মায়ের সঙ্গে সময় কাটানোকে জীবনের বিশেষ প্রাপ্তি মনে করেন এই অভিনেত্রী। একসময় অভিনয়ের ব্যস্ততার কারণে মাকে পর্যাপ্ত সময় দিতে পারেননি। এখন কাজের ব্যস্ততা কম থাকায় সেই সুযোগ কাজে লাগাচ্ছেন তিনি। মৌসুমীর ভাষায়, ‘কাজের ব্যস্ততার কারণে একটা সময় তো আম্মাকে সেভাবে সময় দিতে পারিনি। শুটিং আরও অন্যান্য ব্যস্ততা। চাইলেও তখন সময় দেওয়াটা সম্ভব ছিল না। তাই এখন যেহেতু কাজ কম, তাই মাকে এখন সময় দিচ্ছি। চোখের সামনে আম্মাকে শিশুর মতো হয়ে যেতে দেখছি। এ সময় আম্মার পাশে থাকতে পারছি, এটাই অনেক বেশি আনন্দের ও ভালো লাগার।’

অন্যদিকে স্ত্রীকে যুক্তরাষ্ট্রে থাকার পরামর্শ দিয়েছিলেন ওমর সানী নিজেই। তাঁর মতে, শাশুড়ির অসুস্থতা এবং মেয়ে ফাইজার পড়াশোনার বিষয়টি বিবেচনা করেই মৌসুমীর সেখানে থাকা প্রয়োজন। পরিবারের সদস্য হিসেবে অসুস্থ মায়ের যত্ন নেওয়াকে নিজেদের দায়িত্ব বলেই মনে করেন এই অভিনেতা।

২০২৬ সালের জানুয়ারিতে একটি পডকাস্টে ওমর সানী জানান, তিনিও যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন। কিন্তু ভিসা পাননি। এরপর আর যাওয়ার চেষ্টা করেননি।

মৌসুমীর সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন তাঁদের মেয়ে ফাইজা। তিনি নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন। পরিবারের বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন থাকেন দুবাইয়ে। আর বাংলাদেশে থেকে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন ওমর সানী। অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসা নিয়েও ব্যস্ত তিনি। ঢাকার মানিকগঞ্জ ও হেমায়েতপুরে তাঁর রেস্তোরাঁর দুটি শাখা রয়েছে। সিনেমার কাজও আগের তুলনায় কমিয়ে দিয়েছেন এই অভিনেতা।

দুই দেশে থাকলেও মৌসুমী ও ওমর সানীর মধ্যে যোগাযোগের কোনো ঘাটতি নেই। নিয়মিত ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। গত ৬ মে ওমর সানীর জন্মদিনে স্ত্রীকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন মৌসুমী। সেখানে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসার কথাও প্রকাশ করেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে স্ত্রীকে ধন্যবাদ জানান ওমর সানী। আবার গত ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিনেও স্ত্রীকে শুভেচ্ছা জানানোর বিষয়টি ফেসবুকে প্রকাশ করেন এই অভিনেতা।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি মৌসুমী। সেখানে ‘কন্ট্যাক্ট ম্যারেজ’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও অংশ নিচ্ছেন।

 

এদিকে দীর্ঘদিন আলাদা দেশে থাকার কারণে তাঁদের বিচ্ছেদের যে গুঞ্জন ছড়িয়েছে, তা সরাসরি নাকচ করেছেন ওমর সানী। তাঁর মতে, প্রায় ৩১ বছরের দাম্পত্য জীবনে পারিবারিক প্রয়োজনেই কিছু সময় আলাদা থাকতে হচ্ছে তাঁদের। তবে এই দূরত্ব স্থায়ী নয়। শিগগিরই আবার দুজনের দেখা হবে বলেও আশাবাদী তিনি।

উল্লেখ্য, মৌসুমী ও ওমর সানীর প্রেম ও দাম্পত্য জীবনের গল্প তিন দশকের বেশি সময় ধরে দর্শকের আগ্রহের বিষয়। ১৯৯৫ সালের ৪ মার্চ চুপিসারে বিয়ে করেন তাঁরা। বিয়ের প্রায় দেড় বছর পর, ২ আগস্ট আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনার। এরপর পেরিয়ে গেছে ৩১ বছর। দীর্ঘ এই পথচলায় সংসার, সন্তান, অভিমান আর বিচ্ছেদের নানা গুঞ্জন পেরিয়ে এখনো একসঙ্গে রয়েছেন এই তারকা দম্পতি। সম্প্রতি নিজেদের সম্পর্কের গল্প বলতে গিয়ে মৌসুমীর প্রতি নিজের ভালোবাসার কারণও জানিয়েছেন ওমর সানী।

 

Advertisement
Advertisement