লাল রঙের আবেদনেই যেন নতুন এক রূপে ধরা দিলেন অভিনেত্রী সাবিলা নূর। গাউনজুড়ে ঢেউখেলানো ভাঁজ, নাটকীয় দীর্ঘ ট্রেন আর লাল গোলাপের নকশা—সব মিলিয়ে তাঁর এবারের সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও রোমান্টিকতার অনন্য সমন্বয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ফটোশুটের কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। জমকালো ওয়েস্টার্ন লুকে তাঁর এই উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। ছবির ক্যাপশনে ফরাসি ভাষায় লিখেছেন ‘লা ফেম রুজ’, যার অর্থ ‘লাল পোশাক পরা নারী’। নামের সঙ্গে সাজেরও যেন দারুণ মিল!
সাবিলা নূরের এবারের লুকের মূল আকর্ষণ নজরকাড়া লাল গাউন। পোশাকটির ওপরের অংশে রয়েছে প্লিটেড নকশা। কোমর থেকে নিচের দিকে নেমে আসা ঢেউখেলানো ভাঁজ ও কয়েক স্তরের ড্রেপিং গাউনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। মেঝে ছুঁয়ে যাওয়া দীর্ঘ স্কার্টের সঙ্গে যুক্ত হয়েছে নাটকীয় লম্বা ট্রেন, যা পুরো সাজে এনেছে রাজকীয় আবহ।
গাউনের কাঁধের কাছে বড় একটি লাল গোলাপের নকশা যোগ করেছে রোমান্টিক ছোঁয়া। পোশাকের রঙের সঙ্গে ফুলের এই সামঞ্জস্য পুরো লুককে করে তুলেছে আরও আকর্ষণীয়।
গয়নার ক্ষেত্রে আভিজাত্যের পাশাপাশি পরিমিতিও বজায় রেখেছেন সাবিলা। গলায় পরেছেন লাল পাথরের ঝলমলে নেকলেস। এর সঙ্গে ছিল মানানসই কানের দুল ও হীরার স্টাড। হাতে ছোট্ট একটি ব্যতিক্রমী নকশার হ্যান্ডব্যাগ, যাতে রয়েছে ঝলমলে ক্রিস্টালের অলংকরণ। যা তাঁর সাজে যোগ করেছে বাড়তি গ্ল্যামার।
অভিনেত্রীর মেকআপ করেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভার। চুল পেছনের দিকে টেনে উঁচু করে খোঁপা করেছেন তিনি। চোখের সাজে ছিল গাঢ় আইলাইনার ও কাজল, সঙ্গে শিমারি আইশ্যাডো। গালে হালকা ব্লাশ-অনের ছোঁয়া আর ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক—সব মিলিয়ে মেকআপেও ছিল গাউনের রঙের সঙ্গে দারুণ সামঞ্জস্য।
লাল গাউন, গোলাপের নকশা, ঝলমলে গয়না আর নিখুঁত মেকআপ—সবকিছু মিলিয়ে সাবিলা নূরের এবারের ফটোশুটে ফুটে উঠেছে এক রাজকীয় ও মুগ্ধকর উপস্থিতি।



.png)
.png)