ঢাকা,  সোমবার
০২ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

অপুকে চুমু দিয়ে আলোচনায় আদনান, কে এই যুবক?

প্রকাশিত: ১৪:১০, ১ নভেম্বর ২০২৬

অপুকে চুমু দিয়ে আলোচনায় আদনান, কে এই যুবক?

অপু বিশ্বাস

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নতুন কোনো সিনেমা নয়, একটি ভিডিও ঘিরেই এই আলোচনা। ভিডিওতে দেখা যায়, মেহেদি পরানোর সময় হঠাৎ অপু বিশ্বাসকে চুমু দিচ্ছেন এক যুবক। এমন ঘটনায় কিছুটা লাজুক ভঙ্গিতে হেসে ওঠেন অভিনেত্রী। গতকাল শনিবার দিনভর ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই কৌতূহল তৈরি হয়, কে এই যুবক?

খোঁজ নিয়ে জানা গেছে, ওই যুবকের নাম আদনান আজাদ। তাঁরা দুজন একটি প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়েছেন। ভিডিওতে অপু বিশ্বাস ও আদনানকে দেখা গেছে হবু বর-কনের সাজে। মেহেদি পরানোর আয়োজন ঘিরে দুজনের মধ্যে চলছিল নানা খুনসুটি। একপর্যায়ে দুষ্টুমি করেই অপুকে চুমু দেন আদনান। আকস্মিক এই ঘটনায় লজ্জা পেয়ে হেসে ওঠেন অভিনেত্রী। তাঁদের এমন রোমান্টিক মুহূর্তই নজর কেড়েছে নেটিজেনদের। জানা গেছে, দর্শকদের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ধারণ করা হয়েছে চুমুর দৃশ্যটি।

এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক ও একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই জানতে চান, কে এই আদনান আজাদ?

প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই সিনেমার মাধ্যমেই নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা পান অপু বিশ্বাস। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।

সম্প্রতি তাঁদের একসঙ্গে ফটোশুটের পেছনে নতুন সিনেমায় কাজ করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছিলেন অপু বিশ্বাস। তাঁর ভাষ্য, আদনান বড় পরিসরে একটি ভালো সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে একটি দক্ষ দল নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। এ বিষয়ে দুজনের মধ্যে কথাবার্তাও চলছে।

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি আদনান আজাদ বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত। সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাসের সঙ্গে তাঁর নতুন করে বড় পর্দায় ফেরার সম্ভাবনা নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, পুরোনো এই জুটি সত্যিই নতুন কোনো সিনেমায় একসঙ্গে হাজির হন কি না।

Advertisement
Advertisement