ঢাকা,  শনিবার
২১ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার কথা ভাবছে সরকার: প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৬:৩৮, ২১ নভেম্বর ২০২৬

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার কথা ভাবছে সরকার: প্রতিমন্ত্রী

মীর শাহে আলম

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ শনিবার রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে। সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে বর্তমান সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে তা করবে।’

তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। এই বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের শেষ দিনের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পতিত ও পরাজিত নিষিদ্ধ সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলা ও থানায় অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তাদের ধারণা, এভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদসহ আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে উপেক্ষা করে নতুন করে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে। তবে এসব কর্মকাণ্ডে কোনো লাভ হবে না।

সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু দমন করতে চায় না সরকার। এ কারণে সাম্প্রতিক ঘটনাগুলো ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো জেলার মানুষ যদি মনে করে তাদের এলাকায় থানা প্রয়োজন নেই, তাহলে সেখানে থানা রাখা হবে না। একইভাবে কোনো এলাকার মানুষ যদি সরকারি অফিস-আদালত বা উন্নয়ন কর্মকাণ্ড না চায়, সরকার সেটিও বিবেচনা করবে। অর্থাৎ, জনগণ কী চায়, তার ওপরই এসব সিদ্ধান্ত নির্ভর করবে।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, সারা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অতীতে দলটি গাড়িতে অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় একই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা আন্তর্জাতিকভাবেও নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রীর ভাষ্য, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে সিদ্ধান্ত নিয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে সেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণিত হয়েছে।

Advertisement
Advertisement

আরো পড়ুন