ঢাকা,  শনিবার
২১ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

ভারতে দুই রাজ্যে মুসলিম স্থাপনা ও বসতবাড়িতে বুলডোজার অভিযান চলছেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:১৭, ২০ নভেম্বর ২০২৬

ভারতে দুই রাজ্যে মুসলিম স্থাপনা ও বসতবাড়িতে বুলডোজার অভিযান চলছেই

ভারতে দুই রাজ্যে মুসলিম স্থাপনা ও বসতবাড়িতে বুলডোজার অভিযান চলছেই

ভারতের মধ্যপ্রদেশ ও আসামে মুসলিম ধর্মীয় স্থাপনা এবং বসতবাড়িতে প্রশাসনের বুলডোজার অভিযানকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মধ্যপ্রদেশের খান্ডোয়ায় প্রায় ৩০০ বছরের পুরোনো একটি দরগাহ আংশিক বা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে আসামের লখিমপুরে সরকারি জমি দখলমুক্ত করার অভিযানে ৪২টি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। এসব ঘটনায় উচ্ছেদ প্রক্রিয়ার স্বচ্ছতা, আইনি বৈধতা ও মানবিক দিক নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মীরা। উল্লেখযোগ্য বিষয় হলো, দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে হিন্দুত্ববাদী বিজেপি।

মধ্যপ্রদেশের খান্ডোয়ার মানসিং অয়েল মিল ক্রসিং এলাকায় অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরোনো হজরত কাসিম শাহ ওয়ালির দরগাহটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত করে জেলা প্রশাসন। এরপর সেখানে উচ্ছেদ অভিযান শুরু হয়।

তবে অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সিটি কাজি সৈয়দ নিসার আলী ঘটনাস্থলে উপস্থিত সিটি ম্যাজিস্ট্রেটের কাছে উচ্ছেদের লিখিত নির্দেশনা ও রাস্তার নকশা দেখতে চান। এ নিয়ে কিছু সময়ের জন্য অভিযান স্থগিত থাকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা এলাকা ছেড়ে চলে যাওয়ার পর রাতের অন্ধকারে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের নিরাপত্তায় বুলডোজার চালিয়ে দরগাহ ও এর সংলগ্ন দেয়াল ভেঙে ফেলা হয়। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য স্থাপনাটির আংশিক অপসারণের কথা বলা হয়েছে।

তবে বিভিন্ন সূত্রের বরাতে দরগাহটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি। রাতের অন্ধকারে একটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনায় এ ধরনের অভিযান পরিচালনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

অন্যদিকে আসামের লখিমপুর জেলার বরবিল গ্রামে সরকারি জমি দখলমুক্ত করার অভিযানে বুলডোজার চালিয়ে ৪২টি মুসলিম পরিবারের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, বিজ্ঞপ্তিভুক্ত আদিবাসী বলয়ের প্রায় ১৭ বিঘা সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতেই এ অভিযান চালানো হয়েছে।

তবে এ অভিযানে নারী ও শিশুসহ শতাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। স্থানীয় স্কুলশিক্ষক তোয়েব আলী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অধিকাংশই কয়েক প্রজন্ম ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন।

তোয়েব আলীর ভাষ্য অনুযায়ী, অতীতে সরকারি কর্মকর্তারা বাসিন্দাদের জমি দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু বর্তমানে সেই প্রতিশ্রুতির বিষয়ে আর কোনো আলোচনা হচ্ছে না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উচ্ছেদের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়েছে। বিশেষ করে শীতের মধ্যে শিশুদের নিয়ে কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। বিকল্প বাসস্থানের ব্যবস্থার জন্যও আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ উচ্ছেদ অভিযানের পেছনে ধর্মীয় বৈষম্যের বিষয়ও রয়েছে।

পরপর দুই রাজ্যে এমন উচ্ছেদ অভিযান ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন মানবাধিকারকর্মীরা। তাদের মতে, ধর্মীয় স্থাপনা কিংবা বসতভিটা উচ্ছেদের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ, পূর্ব নোটিশ প্রদান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করা জরুরি।

মানবাধিকারকর্মীরা আরও বলছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কিংবা সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগের ক্ষেত্রে সাধারণ মানুষের জীবন-জীবিকা, আবাসন এবং ধর্মীয় অনুভূতির সুরক্ষা নিশ্চিত করতে হবে। অন্যথায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বঞ্চনা, বৈষম্য ও নিরাপত্তাহীনতার অনুভূতি আরও গভীর হতে পারে।

Advertisement
Advertisement

আরো পড়ুন