ঢাকা,  বৃহস্পতিবার
১৯ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

হরমুজে আমিরাতের জাহাজে হামলা, আহত ১১ ক্রু; নিখোঁজ একজন

প্রকাশিত: ১৯:৪৮, ১৮ নভেম্বর ২০২৬

হরমুজে আমিরাতের জাহাজে হামলা, আহত ১১ ক্রু; নিখোঁজ একজন

হরমুজে আমিরাতের জাহাজে হামলা, আহত ১১ ক্রু; নিখোঁজ একজন

হরমুজ প্রণালি পার হওয়ার সময় হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) মালিকানাধীন একটি জাহাজ। এ ঘটনায় জাহাজটির ১১ জন ক্রু আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। মঙ্গলবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এডিএনওসি।

বিবৃতিতে বলা হয়, হামলার পর জাহাজটির বাকি ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ ক্রুর সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চলছে। তবে হামলার শিকার জাহাজটির নাম কিংবা হামলার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র বা ড্রোনের মতো কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়। এরপর জাহাজটির ক্রুরা সেটি ছেড়ে চলে যান।

এদিকে, মঙ্গলবার ইরানের রেভোল্যুশনারি গার্ডস ও নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি জাহাজ এবং দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় একটি ট্যাংকারে দ্বিতীয় দফায় হামলার পর সেটির ক্রুদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ওমানের খাসাবের উত্তরে এ হামলার ঘটনা ঘটে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।

এডিএনওসি জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তাদের ১৫টি জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

হরমুজ প্রণালির পাশাপাশি কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী কুয়েতে অবস্থিত আলি আল সালেম বিমানঘাঁটিতে এ হামলা চালায়।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের এ ধরনের হামলা কুয়েতের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বারবার এ ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা বিপজ্জনকভাবে বাড়িয়ে তুলছে এবং উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করছে। নিজেদের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার কুয়েতের রয়েছে।

‘ইরান পিছু হটবে না’

এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের আরও প্রস্তুত বলে দাবি করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। তিনি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর সামনে পিছু হটেনি, ভবিষ্যতেও হটবে না।

ইরানের বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেনি এজেই দাবি করেছেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর সময়ের তুলনায় বর্তমানে ইরানের হাতে অনেক বেশি সামরিক সরঞ্জাম রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘আজ শত্রুর মোকাবিলায় আমরা আরও বেশি প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর সামনে পিছু হটেনি, ভবিষ্যতেও হটবে না। যুদ্ধের মধ্যেও আমাদের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতা ও সামর্থ্য বাড়িয়ে চলেছে।’

চলতি মাসে হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার ঘটনা বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের জবাবে ইরান গুরুত্বপূর্ণ এ জলপথ অবরুদ্ধ করে রেখেছে। এতে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি হুমকির মুখে পড়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং হরমুজ প্রণালি আবার চালু করার কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

গত সোমবার এক মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মাধ্যমে রণতরিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় আগে থেকেই অবস্থানরত অন্য দুটি বিমানবাহী রণতরির সঙ্গে যুক্ত হয়েছে।

Advertisement
Advertisement