ঢাকা,  রোববার
২২ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

পেস অলরাউন্ডারের অভাবে ভুগছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ সাজানোই বড় চ্যালেঞ্জ

প্রকাশিত: ১৩:৪১, ২২ নভেম্বর ২০২৬

পেস অলরাউন্ডারের অভাবে ভুগছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ সাজানোই বড় চ্যালেঞ্জ

পেস অলরাউন্ডারের অভাবে ভুগছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ সাজানোই বড় চ্যালেঞ্জ

‘নির্বাচকদের বলেছি, আমাদের একজন অলরাউন্ডার দেন। কিন্তু পাচ্ছি না। এই জায়গায় আমরা সব সময় ভুগছি।’ জোহানেসবার্গ টেস্টে হারের পর দলের সমন্বয় এবং একজন পেসার কম খেলানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আক্ষেপের সুরে কথাগুলো বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্তর সেই অসহায়ত্বের চিত্র আরও স্পষ্ট হয়েছে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডের মন্তব্যে। পেস ও বাউন্সনির্ভর ওয়ান্ডারার্সের উইকেটে বাংলাদেশ খেলেছে মাত্র তিন পেসার ও একজন স্পিনার নিয়ে। একাদশ দেখেই বিস্মিত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের এমন দল নির্বাচনকে তিনি ‘স্রেফ রক্ষণশীল মানসিকতা’ বলে আখ্যা দিয়েছেন।

জোহানেসবার্গ টেস্টজুড়েই একজন বাড়তি বোলারের অভাব প্রবলভাবে অনুভব করেছে বাংলাদেশ। একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ আক্রমণে এলেই প্রতিপক্ষের ব্যাটাররা চড়াও হয়েছেন। ইবাদত হোসেনও ছিলেন বেশ এলোমেলো। ফলে বাড়তি চাপ সামলাতে হয়েছে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদকে। সেই ধকলের প্রভাবও পড়েছে দলে। চোটে পড়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন হাসান। একাদশে আরেকজন পেসার থাকলে তাসকিন ও হাসানকে আরও সতেজ রেখে বোলিং করানো যেত।

কিন্তু বোলারের ঘাটতি বুঝতে পারলেও বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সামনে বিকল্প খুব বেশি নেই। কারণ, একজন বাড়তি পেসার খেলাতে গেলে কমাতে হবে একজন স্বীকৃত ব্যাটার। তাতে লম্বা হয়ে যাবে দলের ব্যাটিংয়ের লেজ। আর এই দুশ্চিন্তাই আটকে রেখেছে বাংলাদেশের দল নির্বাচনকে।

অন্যদিকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা চার পেসার ও একজন স্পিনার নিয়ে কার্যকর সমন্বয় গড়েছে। তাদের চার পেসারের মধ্যে মার্কো ইয়ানসেন ও ভিয়েন মুল্ডার ব্যাট হাতেও সমান কার্যকর। এমনকি কাগিসো রাবাদাও ব্যাটিংয়ে দলের জন্য অবদান রাখতে পারেন। জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষেই যার প্রমাণ মিলেছে। ফলে চার পেসার খেলিয়েও ব্যাটিংয়ের গভীরতা নিয়ে ভাবতে হচ্ছে না প্রোটিয়াদের।

বাংলাদেশের সমস্যাটা ঠিক এখানেই। চার পেসার খেলাতে হলে একজন ব্যাটার কমাতে হবে। এতে লেজ আরও দীর্ঘ হবে, যা টেস্ট ক্রিকেটে বড় ঝুঁকি। সাম্প্রতিক সময়ে হাসান মাহমুদ ছাড়া বাকি লোয়ার অর্ডার ব্যাটারদের ওপরও খুব বেশি আস্থা রাখতে পারছে না দল। এর সঙ্গে যোগ হয়েছে ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজের ছন্দহীনতা।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও স্বীকার করেছেন এই সীমাবদ্ধতার কথা। তাঁর ভাষায়, ‘ওদের যেমন ইয়ানসেন আর মুল্ডার পুরোপুরি ব্যাটসম্যান, মানে জেনুইন ব্যাটসম্যান। আর রাবাদা দেখলেন কেমন ব্যাট করল। চার পেসার খেলালে আমাদের টেইল অনেক লম্বা হয়ে যায়।’

দক্ষিণ আফ্রিকার মতো পেসসহায়ক কন্ডিশনে একজন পেস অলরাউন্ডারের অভাব তাই নতুন করে সামনে এসেছে। সাত নম্বরে ব্যাটিং করার পাশাপাশি পেস আক্রমণে অবদান রাখতে পারেন, এমন একজন ক্রিকেটার থাকলে বাংলাদেশের জন্য আদর্শ সমাধান হতে পারত। দক্ষিণ আফ্রিকার মুল্ডার যে দায়িত্ব পালন করছেন, বাংলাদেশও ঠিক এমন একজনকে খুঁজছে। কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও সেই ঘাটতি পূরণ করা সম্ভব হয়নি।

প্রধান নির্বাচক হাবিবুল বাশারের কণ্ঠেও মিলেছে সেই অসহায়ত্বের প্রতিধ্বনি। তিনি বলেন, ‘এটা আমাদের অনেকদিন ধরেই একটা ঘাটতি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই জায়গায় টেস্ট খেলার মতো কেউ আমাদের হাতে নেই। মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাটিংটা পারে, কিন্তু সে তো লাল বলে খেলে না। পেস অলরাউন্ডার তো বটেই, আমাদের স্পিন অলরাউন্ডারেরও ঘাটতি আছে।’

তবে সম্ভাবনাময় ক্রিকেটারদের খোঁজার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের নাম উল্লেখ করে হাবিবুল বলেন, ‘আমরা খোঁজে আছি তেমন কারও। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান একজন আছে, তবে সর্বোচ্চ পর্যায়ে খেলার চেয়ে সে এখনো অনেক দূরে।’

পেস অলরাউন্ডারের অভাব পূরণে একসময় পেসারদের ব্যাটিং দক্ষতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু তাসকিন আহমেদ, ইবাদত হোসেন কিংবা শরিফুল ইসলামের ব্যাটিংয়ে প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি। শুধু ব্যাটিং দক্ষতা নয়, ম্যাচের পরিস্থিতি বুঝে ক্রিজে টিকে থাকা এবং শেষ স্বীকৃত ব্যাটারকে সহযোগিতা করার মানসিকতারও অভাব রয়েছে বলে মনে করছেন নির্বাচকরা। এ ক্ষেত্রে হাসান মাহমুদ কিছুটা এগিয়ে থাকলেও অন্যদের কাছ থেকে তেমন অবদান পাওয়া যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার পেসার খেলানোর সাহসও করতে পারছে না বাংলাদেশ। তবে সেঞ্চুরিয়ন টেস্টের আগে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় একাদশের সমীকরণে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, আট ব্যাটার ও চার বোলারের প্রচলিত সমন্বয় থেকে বেরিয়ে আসার সাহস দেখায় কি না টিম ম্যানেজমেন্ট।

সেঞ্চুরিয়নে শরিফুল ইসলামের খেলা প্রায় নিশ্চিত। খালেদ আহমেদেরও একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় প্রশ্ন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের মধ্যে কাকে খেলানো হবে, নাকি দুজনকেই রেখে চার পেসারে আক্রমণ সাজাবে বাংলাদেশ।

তিন পেসার নিয়ে মাঠে নামলে সেঞ্চুরিয়নেও একই সমস্যায় পড়তে হতে পারে দলকে। বিশেষ করে হাসান মাহমুদকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার ২০ উইকেট তুলে নেওয়া বাংলাদেশের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত পেসার সংকট, ব্যাটিংয়ের গভীরতা আর দলের ভারসাম্যের মধ্যে কোনটিকে বেশি গুরুত্ব দেয় টিম ম্যানেজমেন্ট, সেটিই এখন দেখার বিষয়।

Advertisement
Advertisement

আরো পড়ুন