ঢাকা,  শুক্রবার
২০ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

গোপালগঞ্জে দুই এমপির বাড়িসহ থানা ও ব্যাংকে হামলা-আগুন

প্রকাশিত: ১৬:৪৮, ১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে দুই এমপির বাড়িসহ থানা ও ব্যাংকে হামলা-আগুন

গোপালগঞ্জে দুই এমপির বাড়িসহ থানা ও ব্যাংকে হামলা-আগুন

নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভের পাশাপাশি বিএনপির দুই সংসদ সদস্যের বাড়ি, মুকসুদপুর থানা এবং গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তেজিত জনতা বাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এইচ খানের শহরের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। থানা এলাকায় দাঁড়িয়ে থাকা অন্তত ২০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের খবর পাওয়া গেছে।

মহাসড়কে অবরোধ, অস্ত্র নিয়ে বিক্ষোভ

বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন সড়কে অবস্থান নেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা শহর, বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার ও কাঠ জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও স্লোগানও দেন।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করেন।

এতে জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। আতঙ্কে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে বন্ধ হয়ে যায় দূরপাল্লার যান চলাচল। এর আগে ১৭ নভেম্বর রাত থেকেই টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

মাদারীপুরেও অবরোধ, বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জের সহিংসতার প্রভাব পড়েছে পার্শ্ববর্তী মাদারীপুর জেলাতেও। জেলার সীমান্তবর্তী চরপ্রসন্নদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা সাদ্দাম শেখের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে দেশীয় অস্ত্র নিয়ে রাঘদি ও চরপ্রসন্নদী এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় টেকেরহাট বন্দরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যানবাহনের চালক ও যাত্রীরা।

এদিকে সহিংসতার আশঙ্কায় মাদারীপুর থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস মালিক সমিতি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ জানান, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু ছোট যানবাহন চলাচল করছে।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের রুট সংক্ষিপ্ত

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাজশাহী থেকে গোবরাগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচলের রুটও সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি রাজশাহী থেকে কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে। কালুখালী-গোবরা অংশে ট্রেনটির চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, রাজশাহী-গোবরা রুটে চলাচলকারী ৭৮৩/৭৮৪ নম্বর আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে সাময়িকভাবে কালুখালী-গোবরা অংশ থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ট্রেনটির খালি রেক রাতে রাজবাড়ী স্টেশনে রাখা হবে। পরদিন সকালে নির্ধারিত সময়ে সেখান থেকে কালুখালী জংশনে নিয়ে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

এর আগে ১৮ নভেম্বর জেলার বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় পরিবহন অপারেটররা কয়েকটি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন।

Advertisement
Advertisement