পরচর্চা কি সবসময় খারাপ? গবেষণায় মিলছে ইতিবাচক দিকও
গসিপ বা পরচর্চা করাকে সাধারণত খারাপ অভ্যাস হিসেবেই দেখা হয়। অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা, কানাঘুষা কিংবা কারও অজান্তে তাঁর সমালোচনা—এসবকে অনেকেই নেতিবাচক আচরণ মনে করেন। তবে রাজনীতি, বিনোদন কিংবা কর্মক্ষেত্র—সব জায়গাতেই পরচর্চার প্রভাব রয়েছে। মজার বিষয় হলো, সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় পরচর্চার এমন কিছু ইতিবাচক দিক উঠে এসেছে, যা প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে।
মার্কিন সাময়িকী সায়েন্টিফিক আমেরিকানের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি গবেষণা অনুযায়ী, বর্তমানে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় এক ঘণ্টা সময় পরচর্চা করে কাটান। এতটাই স্বাভাবিকভাবে আমাদের সামাজিক জীবনের সঙ্গে মিশে আছে গসিপ। তবে গবেষকরা এখন শুধু এর নেতিবাচক প্রভাব নয়, বরং সামাজিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা তৈরিতে এর ভূমিকা নিয়েও অনুসন্ধান করছেন।
যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী তিয়ানজুন সান ও তাঁর সহগবেষকদের আগের গবেষণায় পরচর্চার ক্ষতিকর দিকগুলো গুরুত্ব পেয়েছিল। সেখানে মূলত পরচর্চাকারী এবং যাঁকে নিয়ে আলোচনা করা হচ্ছে, তাঁদের ওপর এর প্রভাব বিশ্লেষণ করা হয়েছিল। তবে বিজ্ঞানী সানের ভাষ্য অনুযায়ী, বর্তমানে গবেষণার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। এখন তাঁরা পরচর্চার ইতিবাচক দিক এবং এতে জড়িত তিন পক্ষ—পরচর্চাকারী, শ্রোতা ও যাঁকে নিয়ে কথা বলা হচ্ছে, তাঁদের পারস্পরিক সম্পর্ক ও আচরণ নিয়ে কাজ করছেন।
ভাষার বিবর্তনেও ভূমিকা ছিল গসিপের?
গসিপের ইতিহাস মানুষের ভাষার সূচনালগ্ন পর্যন্ত বিস্তৃত। বিবিসির এক প্রতিবেদনে বিবর্তনীয় মনোবিজ্ঞানী রবিন ডানবারের মত তুলে ধরে বলা হয়েছে, মানুষের মধ্যে গসিপ বা কানাঘুষার প্রবণতা থেকেই ভাষার বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি হয়েছিল।
তাঁর মতে, আদি সমাজে মানুষ পরস্পরের সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সামাজিক সম্পর্ক বজায় রাখত। কে বিশ্বাসযোগ্য, কার ওপর ভরসা করা যায় না, কে সুযোগসন্ধানী কিংবা কে দায়িত্ব এড়িয়ে চলে—এসব তথ্য ছড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল পরচর্চা। সময়ের সঙ্গে মানুষের সামাজিক পরিসর বড় হয়েছে, বদলেছে যোগাযোগের ধরন। কিন্তু অন্যের বিষয়ে তথ্য জানার ও তা ছড়িয়ে দেওয়ার প্রবণতা রয়ে গেছে।
ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের ফেলো ক্যাথরিন ওয়াডিংটন পরচর্চাকে শুধু তুচ্ছ বা ক্ষতিকর আচরণ হিসেবে দেখার প্রচলিত ধারণা নিয়ে গবেষণা করেছেন। তাঁর মতে, কর্মক্ষেত্র থেকে গসিপ পুরোপুরি দূর করার পক্ষে যেমন অনেক আলোচনা ও লেখালেখি রয়েছে, তেমনি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও পরচর্চা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে লেখা হয়েছে অসংখ্য বই।
তবে এসব নেতিবাচক ধারণার বাইরেও পরচর্চার সঙ্গে সহানুভূতি, সহমর্মিতা এবং অন্যের কষ্ট অনুধাবনের সম্পর্ক থাকতে পারে। এটি কেবল ইতিবাচক বা নেতিবাচক আবেগ প্রকাশের মাধ্যম নয়; বরং মনের ভেতরে জমে থাকা চাপ ও ক্ষোভ হালকা করার উপায়ও হতে পারে। একই সঙ্গে সামাজিক অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর মাধ্যম হিসেবেও কাজ করতে পারে গসিপ।
পরচর্চা বাড়াতে পারে পারস্পরিক সহযোগিতা
স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের অর্গানাইজেশনাল বিহেভিয়ারের অধ্যাপক মিশেল গেলফান্ডের মতে, গসিপ মানুষের যোগাযোগের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। স্থান-কাল নির্বিশেষে প্রায় প্রত্যেকেই কমবেশি পরচর্চা করেন।
গেলফান্ডের ভাষ্য, গসিপ উপকারী হতে পারে, কারণ এর মাধ্যমে মানুষের সুনাম ও অর্জনের তথ্য ছড়িয়ে পড়ে। অন্যদের সাফল্য সম্পর্কে জানতে গিয়ে মানুষ নিজের অর্জন নিয়েও সচেতন হতে পারে। পাশাপাশি যারা অন্যদের নিয়ে পরচর্চা করেন, তাঁরাও সচেতন থাকেন, যেন ভবিষ্যতে নিজেরা অন্যের আলোচনার বিষয়বস্তুতে পরিণত না হন।
তাঁর মতে, গসিপ সবসময় অবমাননাকর—এমন ধারণার কারণে এর ইতিবাচক দিকগুলো আমাদের নজরের বাইরে থেকে গেছে।
গেলফান্ড ও তাঁর গবেষক দল আরও দেখেছেন, পরচর্চার মাধ্যমে ছড়িয়ে দেওয়া তথ্য সঠিক হলে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রবণতা বাড়তে পারে।
মানুষ কীভাবে গসিপ করে, তা বোঝার জন্য গবেষকরা একটি তাত্ত্বিক মডেল তৈরি করেন। সেখানে কয়েকটি কাল্পনিক এজেন্ট বা চরিত্র রাখা হয়। তারা প্রতিবেশীদের সঙ্গে কীভাবে তথ্য আদান-প্রদান করবে, সে জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করত।
গেলফান্ড জানান, মডেলটিতে অনেক ধরনের কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছিল। যেসব কৌশল থেকে সবচেয়ে বেশি সুফল পাওয়া যায়, সেগুলোই শেখা বা অনুকরণের প্রবণতা বেশি দেখা যায়। অর্থাৎ সঠিক তথ্যভিত্তিক পরচর্চা মানুষের মধ্যে সহযোগিতামূলক আচরণ গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।
প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সম্পর্ক তৈরিতেও ভূমিকা
গসিপ বা পরচর্চা প্রান্তিক জনগোষ্ঠীর ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়েও গবেষণা হয়েছে। এস এ জার্নাল অব ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ের পরচর্চা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে শক্তিশালী সামাজিক সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করতে পারে।
২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে দক্ষিণ ইতালির রিয়াসে শহরে বসবাসরত শরণার্থী ও অভিবাসীদের সাক্ষাৎকার নিয়ে গবেষণাটি পরিচালনা করা হয়। এতে দেখা যায়, স্থানীয় মানুষের মধ্যে তথ্য আদান-প্রদান ও পরচর্চার মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখতে পারে।
বিভিন্ন গবেষণার ফলাফল থেকে বোঝা যায়, প্রচলিত ধারণার বিপরীতে গসিপের বড় একটি অংশই মিথ্যা বা ক্ষতিকর নয়; বরং তা সত্য ও তথ্যনির্ভর হতে পারে। তবে কোনো তথ্য কে, কী উদ্দেশ্যে ছড়াচ্ছেন, সেটি যাচাই করা জরুরি।
সব গসিপ কি তাহলে ভালো?
গবেষক ক্যাথরিন ওয়াডিংটন অবশ্য সব ধরনের পরচর্চাকে ইতিবাচক হিসেবে দেখার পক্ষপাতী নন। তাঁর মতে, অনেক সময় গসিপ ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ করতে পারে। বিশেষ করে উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক পরচর্চা একধরনের হয়রানিতে পরিণত হতে পারে, যা সংশ্লিষ্ট ব্যক্তির মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।
তাই পরচর্চা করা উচিত কি না, সেই সিদ্ধান্তকে তিনি নৈতিকতার প্রশ্ন হিসেবে দেখেন।
সব মিলিয়ে, গসিপ বা পরচর্চাকে এককথায় ভালো কিংবা মন্দ বলার সুযোগ নেই। কখনো এটি মানুষের মধ্যে তথ্য আদান-প্রদান, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতা বাড়ায়। আবার কখনো মিথ্যা তথ্য, অপবাদ ও ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কারও জীবন দুর্বিষহ করে তুলতে পারে। অর্থাৎ পরচর্চার প্রভাব নির্ভর করে কী বলা হচ্ছে, কেন বলা হচ্ছে এবং সেই তথ্যের সত্যতা কতটুকু—তার ওপর।



.png)
.png)