ঢাকা উত্তর সিটিতে ১২টি ‘ফুটসাল মাঠ’ নির্মাণের প্রস্তাব, হচ্ছে যেসব এলাকায়
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব দিয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে মাঠ নির্মাণের পরবর্তী কার্যক্রম শুরু হবে।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের পরিবেশ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনে প্রস্তাবিত মাঠ নির্মাণের স্থান পরিবর্তন হতে পারে। প্রাথমিকভাবে ১২টি মাঠ নির্মাণের পর সেগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের পরিস্থিতি মূল্যায়ন করে অন্যান্য এলাকাতেও ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এদিকে মিরপুরের কালশী উড়ালসড়কের নিচের খালি জায়গায়ও একটি ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা করছে ডিএনসিসি। তবে এটি নির্মাণ করা হবে সংস্থাটির নিজস্ব অর্থায়নে। এ জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।
ফুটসাল মূলত ফুটবলেরই ছোট পরিসরের সংস্করণ। সাধারণত নির্দিষ্ট সীমানায় ঘেরা ছোট মাঠে দুই দলের পাঁচজন করে খেলোয়াড় অংশ নেন। কৃত্রিম ঘাস কিংবা বিশেষ ধরনের মেঝেতে এ খেলা অনুষ্ঠিত হয়। তুলনামূলক কম জায়গায় ফুটসাল খেলার সুযোগ থাকায় ঘনবসতিপূর্ণ ঢাকায় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে এ ধরনের মাঠ কার্যকর ভূমিকা রাখতে পারে।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, মাঠের আকার ও সুযোগ-সুবিধার ভিত্তিতে তিন ধরনের ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। টাইপ-এ শ্রেণির মাঠে খেলার জায়গার পাশাপাশি দর্শকদের বসার জন্য গ্যালারি থাকবে। টাইপ-বি শ্রেণির মাঠে গ্যালারি না থাকলেও থাকবে শৌচাগার ব্লক। আর টাইপ-সি শ্রেণির মাঠে শুধু খেলার জায়গা রাখা হবে।
প্রস্তাবিত ১২টি মাঠের মধ্যে সাতটি টাইপ-এ, চারটি টাইপ-বি এবং একটি টাইপ-সি শ্রেণির। টাইপ-এ শ্রেণির মাঠ নির্মাণ করা হবে ২ নম্বর ওয়ার্ডের মিরপুর সেকশন-১২-এর কেন্দ্রীয় ঈদগাহ ও খেলার মাঠ (লাল মাঠ), ৩৭ নম্বর ওয়ার্ডের বাড্ডা খেলার মাঠ, ৪৪ নম্বর ওয়ার্ডের পলাশিয়া খেলার মাঠ, বারিধারা পার্ক, বনানীর ব্লক-সি পার্ক, মোহাম্মদপুরের শ্যামলী পার্ক এবং রায়েরবাজারের বৈশাখী খেলার মাঠে। এর মধ্যে বাড্ডা ও পলাশিয়ার মাঠে শৌচাগার ব্লক নির্মাণের প্রস্তাবও রয়েছে।
অন্যদিকে টাইপ-বি শ্রেণির চারটি মাঠ নির্মাণের প্রস্তাব করা হয়েছে ৪১ নম্বর ওয়ার্ডের বড়বেরাইদ এলাকার খেলার মাঠ, ৪৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার খেলার মাঠ এবং দক্ষিণখানের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের দুটি খেলার মাঠে। এসব মাঠে খেলার জায়গার পাশাপাশি শৌচাগার ব্লক থাকবে।
এ ছাড়া ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং পল্লবী দ্বিতীয় পর্বের জহুরুল হক খেলার মাঠে নির্মাণ করা হবে টাইপ-সি শ্রেণির একটি ফুটসাল মাঠ।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকারের একটা অঙ্গীকার আছে, যেখানে যেখানে খালি জায়গা থাকবে, সেগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেই আলোকে সিটি করপোরেশনের যেসব মাঠ আছে, সেগুলোর মধ্যে প্রাথমিকভাবে ১২টিতে ফুটসাল নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’
তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা ছিল। তবে প্রথম পর্যায়ে ১২টি মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো নির্মাণের পর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যথাযথভাবে মাঠগুলোর দেখভাল ও সংস্কার করছেন কি না, তা মূল্যায়ন করে পরবর্তী সময়ে অন্য ওয়ার্ডগুলোতেও ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় ফুটসাল ও ফুটবল খেলার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। ইতিমধ্যে অনেক এলাকায় বেসরকারি উদ্যোগে অর্থের বিনিময়ে কৃত্রিম মাঠে ফুটবল খেলার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, নাগরিকেরা কর দেন। তাঁদের করের টাকায় নির্মিত মাঠে খেলাধুলার সুযোগ ধনী-দরিদ্র সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ ইতিবাচক হলেও সেগুলো যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত না হয়, তা নিশ্চিত করতে হবে। অর্থের অভাবে কোনো নাগরিক যেন এসব মাঠে খেলার সুযোগ থেকে বঞ্চিত না হন।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, উত্তর সিটির বিভিন্ন এলাকায় মোট ৭৬টি মাঠ ও পার্ক রয়েছে। এর মধ্যে ৩৮টি মাঠ এবং ৩৮টি পার্ক। এসব মাঠ ও পার্ক সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার আওতাধীন। এর মধ্যে ঢাকা উত্তর সিটির মালিকানা ও তত্ত্বাবধানে রয়েছে ৩৭টি। কিছু এলাকায় একই সীমানার মধ্যে পাশাপাশি মাঠ ও পার্ক রয়েছে।



.png)
.png)