ইরানের ভয়ে বিদেশের সামরিক ঘাঁটি থেকে সেনা ও সরঞ্জাম সরাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটি। ১৯৯৯ সালের মার্চ মাসের শেষ দিকের এক সকাল। যুক্তরাষ্ট্রের একটি বি-৫২ বোমারু বিমান ঘাঁটিটি থেকে উড্ডয়ন করল দক্ষিণ-পূর্ব দিকে। এর কয়েক মিনিটের মধ্যে একই পথে আকাশে উড়ল আরও সাতটি যুদ্ধবিমান। গন্তব্য তৎকালীন যুগোস্লাভিয়া। সেদিন দেশটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অভিযান শুরু হয়েছিল।
যুগোস্লাভিয়ায় হামলা চালানোর জন্য মার্কিন যুদ্ধবিমানগুলোর গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই ফেয়ারফোর্ড ঘাঁটি। শুধু যুদ্ধবিমান উড্ডয়নই নয়, অভিযানে অংশ নেওয়া উড়োজাহাজগুলোতে জ্বালানি সরবরাহের কাজেও ব্যবহৃত হতো ঘাঁটিটি।
এর আগে ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধেও একইভাবে ব্যবহার করা হয়েছিল ঘাঁটিটি। সর্বশেষ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের শুরুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেয়ারফোর্ড।
কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে পরিস্থিতি। ইরানের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে গত অক্টোবরে ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে ১২টি মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। এর কয়েক দিন আগে যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনী ঘাঁটিটিতে হামলার ষড়যন্ত্রের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে। দেশটির সরকারের দাবি, এর পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে। যদিও তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।
শুধু ফেয়ারফোর্ড নয়, যুক্তরাজ্যের আরেকটি সামরিক ঘাঁটি আরএএফ মিলডেনহল থেকেও এ মাসের শুরুতে ১২টি মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলো থেকেও সামরিক সরঞ্জাম সরানোর উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। কিছু সরঞ্জাম জর্ডানে স্থানান্তর করা হয়েছে। সেগুলো ইসরায়েলে নেওয়ার প্রস্তাবও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
দীর্ঘ কয়েক দশক ধরে বিদেশের এসব সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে পরিচিত। নিজ ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরে সামরিক অভিযান পরিচালনা, যুদ্ধবিমান মোতায়েন এবং মিত্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এসব ঘাঁটির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত সেই হিসাব-নিকাশ বদলে দিচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম ভিত্তি হিসেবে পরিচিত বিদেশের ঘাঁটিগুলো এখন দেশটির জন্য নতুন নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। এমনকি ইউরোপের মিত্রদেশগুলোতে থাকা মার্কিন স্থাপনাও হামলার আশঙ্কা থেকে মুক্ত নয়।
যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবনের ভাষায়, যুক্তরাষ্ট্রের নিরাপত্তাছাতা এখন ক্রমেই দুই ধারওয়ালা তলোয়ারে পরিণত হচ্ছে। অর্থাৎ যে সামরিক উপস্থিতি একসময় মিত্রদের নিরাপত্তার নিশ্চয়তা দিত, সেটিই এখন তাদের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।
নিরাপত্তার নিশ্চয়তা, নাকি নতুন বিপদ?
দীর্ঘদিন ধরে ইউরোপ, উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার মিত্রদেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে গুরুত্বপূর্ণ মনে করে এসেছে। এসব দেশে মার্কিন সেনা ও সামরিক ঘাঁটি থাকা সম্ভাব্য শত্রুর বিরুদ্ধে একধরনের প্রতিরোধব্যবস্থা হিসেবে কাজ করত।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একসময় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের ‘অটুট অঙ্গীকারের’ কথা বলেছিলেন। অন্যদিকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের সম্পর্ককে প্রায়ই ‘বিশেষ সম্পর্ক’ হিসেবে উল্লেখ করে। ডোনাল্ড ট্রাম্পও প্রেসিডেন্ট হওয়ার আগে মিত্রদেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে নির্ভরযোগ্য রক্ষক হিসেবে উপস্থাপন করেছেন।
কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর সেই ধারণা প্রশ্নের মুখে পড়েছে। মিত্রদেশগুলো এখন ভাবছে, নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়ে তারা কি উল্টো নিজেদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে?
যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাঁদের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা ইরানের মদদপুষ্ট এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রায় ২০টি হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিও ছিল।
অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার বিষয়ে ইরান স্পষ্ট করেছে, এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকায় সেগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু। তেহরান কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে হামলা চালিয়েছে। পাশাপাশি ওমান, জর্ডান ও ইরাকেও হামলা হয়েছে।
পেন্টাগনের নজরদারি সংস্থার গত সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম চার মাসে কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার কয়েক শ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলায় অন্তত পাঁচটি কেসি-১৩৫ জ্বালানিবাহী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এসব উড়োজাহাজ মাঝ-আকাশে অন্য যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করে। পরবর্তী আরেকটি হামলায় মাটিতে থাকা অন্তত একটি আকাশপথে নজরদারি ও নিয়ন্ত্রণ উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়।
বিশ্লেষকদের মতে, এসব ঘটনা যুক্তরাষ্ট্রের ইউরোপীয় ও উপসাগরীয় মিত্রদের সামনে নতুন নিরাপত্তাসংকট তৈরি করেছে। কারণ, যুক্তরাষ্ট্রের সেনাদের ঘাঁটি স্থাপনের সুযোগ দেওয়ায় দেশগুলো এমন একটি যুদ্ধে পাল্টা হামলার ঝুঁকিতে পড়েছে, যে যুদ্ধ শুরুর সিদ্ধান্তে তাদের কোনো ভূমিকা ছিল না।
অবশ্য এসব ঘাঁটি মিত্রদেশগুলোর নিরাপত্তা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করা, অস্ত্র সরবরাহ এবং সামরিক সহায়তার মাধ্যমে দেশগুলোকে হামলা থেকে রক্ষা করে মার্কিন স্থাপনাগুলো।
তবে ইরানের সঙ্গে সংঘাতের কারণে জাহাজ ও উড়োজাহাজ চলাচল এবং পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। হুমকির মুখে পড়েছে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তেল ও গ্যাস রপ্তানি।
মধ্যপ্রাচ্যে একের পর এক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে কুয়েতের সামরিক ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
কুয়েতের শুয়াইবা বন্দরে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ছয়জন সামরিক সদস্য নিহত হন। ধ্বংস হয় একটি অভিযান পরিচালনা কেন্দ্র। আলী আল-সালেম বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজ চলাচলের অবকাঠামো। ক্যাম্প বুহরিংয়েও হামলায় রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সরবরাহের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলায় আগাম সতর্কবার্তা দেওয়ার রাডারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অভিযান পরিচালনার সদর দপ্তর অবস্থিত।
অন্যদিকে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ইরানের ড্রোন হামলায় যোগাযোগ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব ক্ষয়ক্ষতির ফলে বড় প্রশ্ন দেখা দিয়েছে—হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পরও যুক্তরাষ্ট্রের এসব সামরিক ঘাঁটি কতটা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব?
কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও উপসাগরীয় অঞ্চলবিষয়ক অধ্যাপক গের্ড ননেম্যানের মতে, ইরান যুদ্ধ দেখিয়ে দিয়েছে, বেশ কিছু মার্কিন সামরিক ঘাঁটি নিজেরাই যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এমনকি অনেক ঘাঁটি যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল, এখন সেই কাজও ঠিকমতো করতে পারছে না।
সস্তা ড্রোনে ব্যয়বহুল সামরিক ঘাঁটিতে আঘাত
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার অন্যতম কারণ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা। তুলনামূলক কম খরচে তৈরি এসব অস্ত্র দিয়ে বড় সামরিক স্থাপনাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি করা সম্ভব হচ্ছে।
লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হিলবোর্ন বলেন, বড় সামরিক ঘাঁটিগুলোয় এখন তুলনামূলক সহজেই হামলা চালানো যাচ্ছে। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইরান নিজস্ব প্রযুক্তিতে কম খরচে ড্রোন তৈরিতে ব্যাপক বিনিয়োগ করেছে। এসব ড্রোন দিয়ে তুলনামূলক কম ব্যয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালানো যায়। অথচ সেগুলো প্রতিহত করতে প্রতিপক্ষকে অনেক বেশি দামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়। ফলে প্রতিরক্ষার পেছনে ব্যয়ও বাড়ছে।
যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক ও প্রশিক্ষণ বিভাগের প্রধান আরবান কনিংহাম বলেন, সামরিক ঘাঁটিগুলো আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এখন যে কেউ বাড়ির বেজমেন্টে বসেও ড্রোন তৈরি করতে পারে। এমনকি নাশকতা সৃষ্টিতে আগ্রহী ব্যক্তিরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সহায়তাও নিতে পারে। ফলে হামলার পেছনে কারা জড়িত, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
তাঁর মতে, এসব বাস্তবতা সামরিক ঘাঁটির নিরাপত্তা ও কৌশলগত গুরুত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে যুক্তরাষ্ট্রকে।
ইসরায়েলের ওপর নির্ভরতা বাড়াতে পারে যুক্তরাষ্ট্র
উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ওপর ওয়াশিংটনের নির্ভরতা আরও বাড়তে পারে।
বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানির মতে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ অগ্রবর্তী সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের দিকে এগোচ্ছে। ইতিমধ্যে এমন কিছু ইঙ্গিতও পাওয়া গেছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানে সামরিক অভিযান শুরু করেছিল ইসরায়েল। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি মূলত তেল ও গ্যাস রপ্তানির ওপর নির্ভরশীল। যুদ্ধের কারণে এসব রপ্তানি হুমকির মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে মার্কিন সেনাদের কাছাকাছি রাখতে পারলে প্রয়োজনের সময় দ্রুত সামরিক পদক্ষেপ নিতে পারবে ওয়াশিংটন। তবে এতে ইসরায়েলে অবস্থানরত মার্কিন সেনারাও ইরানের হামলার ঝুঁকিতে থাকবেন।
আরবান কনিংহামের মতে, দীর্ঘ মেয়াদে এ সমস্যার সমাধান করতে হলে মিত্রদেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি এসব দেশকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো সক্ষম করে তুলতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মধ্যেও এ নিয়ে বিতর্ক রয়েছে। ইরানও বারবার বলছে, যত দিন এসব দেশে মার্কিন সেনারা অবস্থান করবেন, তত দিন সেগুলো হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকবে।
যুক্তরাষ্ট্রের সামনে কঠিন কৌশলগত সমীকরণ
দীর্ঘদিন ধরে বিদেশের সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে সামরিক প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে মিত্রদেশগুলোর নিরাপত্তার নিশ্চয়তা হিসেবেও কাজ করেছে এসব স্থাপনা।
কিন্তু ইরানের হামলা দেখিয়ে দিয়েছে, আধুনিক যুদ্ধের বাস্তবতায় বড় ও স্থায়ী সামরিক ঘাঁটিগুলো কতটা ঝুঁকির মুখে পড়তে পারে। একদিকে এসব ঘাঁটি ছাড়া দূরবর্তী অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা কঠিন, অন্যদিকে ঘাঁটিগুলোতে সেনা ও সরঞ্জাম মোতায়েন রাখলে সেগুলো শত্রুপক্ষের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
এটাই এখন ওয়াশিংটনের বড় কৌশলগত দ্বিধা। ঘাঁটি সরিয়ে নিলে সামরিক প্রভাব ও অভিযান পরিচালনার সক্ষমতা কমতে পারে। আবার রেখে দিলে মিত্রদেশগুলোর নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সামনে তাই সহজ কোনো সমাধান নেই। বরং মিত্রদেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতার ধরন, সামরিক ঘাঁটির অবস্থান এবং প্রতিরক্ষাব্যবস্থা—সবকিছুই নতুন করে পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে। ফলে একসময় যে বিদেশি ঘাঁটিগুলো ছিল মার্কিন শক্তির প্রতীক, সেগুলোই এখন ওয়াশিংটনের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠছে।



.png)
.png)