সম্পূরক পরীক্ষায় আগ্রহ নেই আড়াই লাখের বেশি শিক্ষার্থীর
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় সম্পূরক পরীক্ষার সুযোগ দেওয়া হলেও তাতে সাড়া মিলছে না আশানুরূপ। এক বা দুই বিষয়ে অকৃতকার্য চার লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত আবেদন করেছেন মাত্র এক লাখ ৫৮ হাজার ২৬৮ জন। অর্থাৎ সুযোগ পেয়েও সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আগ্রহ দেখাননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী।
গতকাল শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ১০টি শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোট এক লাখ ৫৮ হাজার ২৬৮ শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন। একটি বোর্ডের তথ্য এখনো পাওয়া যায়নি। দ্রুত তথ্য পাঠাতে সংশ্লিষ্ট বোর্ডকে বলা হয়েছে।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্যদের মধ্যে এক বিষয়ে দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন রয়েছেন।
গত ৩১ অক্টোবর ফল প্রকাশের দিনই এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছিলেন, এক মাসের মধ্যে এসব পরীক্ষা নেওয়া হবে। পরে ৫ নভেম্বর থেকে সম্পূরক পরীক্ষার ফরম পূরণ শুরু হয়, যা চলে ৯ নভেম্বর পর্যন্ত।
যশোর বোর্ডে আবেদন ৩৯ হাজার
যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ৩৯ হাজার ২২৭ শিক্ষার্থী। চলতি বছর এ বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ১২ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে পাস করেন ৫০ হাজার ৬৬৮ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, সম্পূরক পরীক্ষার প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি শেষ হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার প্রতিটি উপজেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে। প্রতি ৩০০ থেকে ৫০০ পরীক্ষার্থীর জন্য একটি কেন্দ্র নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আত্মবিশ্বাসের সংকট ও বিকল্প চিন্তা
সুযোগ পেয়েও বিপুলসংখ্যক শিক্ষার্থীর সম্পূরক পরীক্ষায় অংশ নিতে অনাগ্রহের পেছনে একাধিক কারণ দেখছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী মনে করেন, দীর্ঘদিনের শিক্ষাজীবনে অকৃতকার্য হওয়ার কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও পাস করতে না পারার আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে। ফলে নতুন করে প্রস্তুতি নেওয়ার পরিবর্তে অনেকে পরীক্ষা থেকে দূরে থাকাকেই নিরাপদ মনে করছেন।
তার মতে, ফল বিপর্যয়ের পর শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মতো বিষয়ে দুর্বল শিক্ষার্থীরা মনে করছেন, অল্প সময়ে প্রস্তুতি নিয়ে ভালো ফল করা সম্ভব নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কর্মমুখী শিক্ষা কিংবা বিকল্প পেশায় যাওয়ার চিন্তা।
শিক্ষাবিদদের মতে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীদের জন্য কার্যকর কাউন্সেলিং ও একাডেমিক সহায়তার ব্যবস্থা করা হয়নি। কোন বিষয়ে কেন তারা পিছিয়ে পড়েছেন এবং কীভাবে অল্প সময়ে প্রস্তুতি নিয়ে উত্তীর্ণ হওয়া সম্ভব, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাব রয়েছে। অনেক শিক্ষার্থী কলেজের নিয়মিত পাঠদান থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে নতুন করে প্রস্তুতি নেওয়ার মতো পরিবেশ পাচ্ছেন না তারা।
বিশেষজ্ঞরা মনে করেন, বিপুলসংখ্যক শিক্ষার্থীর দ্বিতীয় সুযোগ গ্রহণ না করার কারণ অনুসন্ধান করা জরুরি। এ জন্য শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের অনাগ্রহের কারণ চিহ্নিত করা। পাশাপাশি বিনা মূল্যে বিশেষ ক্লাস, বিষয়ভিত্তিক পরামর্শ, অনলাইন প্রস্তুতি সহায়তা ও মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে এসব শিক্ষার্থীর শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি ঝরে পড়ার ঝুঁকিও বাড়তে পারে।
২ ডিসেম্বর শুরু সম্পূরক পরীক্ষা
শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে সম্পূরক পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন ইংরেজি প্রথম পত্র, ৩ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৪ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৬ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।
আগে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় বসতে হতো। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। এবার বিশেষ ব্যবস্থায় দ্রুত সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের আর এক বছর অপেক্ষা করতে হচ্ছে না।
সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। একই সুযোগ পাবেন উত্তরপত্র পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
অকৃতকার্যদের জন্য বিকল্প শিক্ষার প্রস্তাব
এদিকে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে গণসাক্ষরতা অভিযান। সংস্থাটির মতে, পুনঃপরীক্ষাতেও অকৃতকার্য হওয়া কিংবা পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা তরুণদের জন্য বিকল্প শিক্ষার পথ তৈরি করা জরুরি।
গত বুধবার রাজধানীর পর্যটন করপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ প্রস্তাবনা তুলে ধরে সংস্থাটি। এতে বলা হয়, শুধু পরীক্ষায় আবার অংশ নেওয়ার সুযোগ দিলেই হবে না। যেসব শিক্ষার্থী প্রচলিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে আর এগিয়ে যেতে পারবেন না, তাদের জন্য বিকল্প দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ইউরোপের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।
এ ছাড়া এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ বিধিবদ্ধ করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে কত বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবেন, আবেদনের সময়সীমা, পরীক্ষা ফি, উত্তরপত্র মূল্যায়ন, দ্রুত ফল প্রকাশ এবং পরবর্তী সময়ে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সুস্পষ্ট নির্দেশনা রাখার কথা বলা হয়েছে।



.png)
.png)