পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব
চট্টগ্রামের রাউজানে মুঠোফোনে কল করে চাঁদা দাবি এবং তা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি রাজনৈতিক দলের নেতাকে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নেতা মাওলানা ইলিয়াস নুরী।
ইলিয়াস নুরী ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি। পাশাপাশি তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।
থানায় দেওয়া লিখিত অভিযোগে ইলিয়াস নুরী উল্লেখ করেন, গত বৃহস্পতিবার দুপুরে তাঁকে একটি মুঠোফোন নম্বর থেকে কল করে চাঁদা দাবি করা হয়। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে তাঁকে চাঁদা দিতে বলেন। এ সময় ১৫ মিনিটের মধ্যে একটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যথায় যেখানে পাওয়া যাবে, সেখানেই গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, প্রথমবার ফোন করার প্রায় ১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও কল আসে। এ সময় চাঁদা পাঠানো হয়েছে কি না জানতে চেয়ে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। পাশাপাশি তাঁকে হত্যার হুমকি দিয়ে বলা হয়, তাঁকে বাঁচানোর জন্যই আবার ফোন করা হয়েছে। চাঁদা না দিলে তাঁকেও গুলি করে হত্যা করা হবে।
ঘটনার বর্ণনায় মাওলানা ইলিয়াস নুরী জানান, যখন তাঁকে ফোন করা হয়েছিল, তখন তিনি মসজিদে অবস্থান করছিলেন। হুমকিদাতা চাঁদা দাবি করলেও নির্দিষ্ট কোনো টাকার পরিমাণ উল্লেখ করেননি। নিজের পরিচয় গোপন রেখে স্থানীয় এক সন্ত্রাসীর নাম ব্যবহার করে একটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলেন।
ইলিয়াস নুরী বলেন, ‘আমাকে বলেছে, পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব। কসম কেটে বলেছে, চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে। আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।’
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’



.png)
.png)