যুক্তরাষ্ট্রজুড়ে ৪ ঘণ্টা বন্ধ ফ্লাইট চলাচল, যা জানা গেল
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে ফ্লাইট চলাচলে জারি করা নিষেধাজ্ঞা প্রায় চার ঘণ্টা পর তুলে নিয়েছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও যাত্রীদের দুর্ভোগ কমেনি। ফ্লাইট সূচি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে এটিই ছিল সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ফ্লাইট চলাচল বন্ধের ঘটনা।
ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় শুক্রবার যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। এ ছাড়া শনিবারের জন্য আগেই আরও প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাব অনুযায়ী, ফ্লাইট বাতিলের কারণে প্রায় ১৫ লাখ যাত্রী আটকা পড়েছেন।
বিমান চলাচল বিশ্লেষকদের আশঙ্কা, চার ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এয়ারলাইনসগুলোর স্বাভাবিক সূচি ফিরিয়ে আনতে কয়েক দিন লেগে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, কোনো নিরাপত্তা হুমকির কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এ সপ্তাহে মাইক্রোসফটের সেবায় বিঘ্ন ঘটানো বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। সমস্যাটি সাইবার হামলার কারণে হয়েছে, এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি।
দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং অতিরিক্ত তথ্যের চাপে থাকা রাউটারগুলোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এফএএর প্রাথমিক ধারণা, সমস্যাটির সূত্রপাত শিকাগোর মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে তা দেশের অন্যান্য বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা দীর্ঘদিন ধরেই পুরোনো প্রযুক্তি, যোগাযোগসংক্রান্ত ত্রুটি এবং জনবলসংকটের চাপে রয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতেও প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ৯০ মিনিটের জন্য দেশটির অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন স্থগিত রেখেছিল এফএএ।



.png)
.png)