সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আশঙ্কা করছেন তদন্তকারীরা। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে নাশকতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলে পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটির বৈদ্যুতিক সংযোগ ও ওয়্যারিং পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি এখনো নিশ্চিত নয়। পূর্ণাঙ্গ তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।
এর আগে সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি তদন্তে বিজিবি, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বিজিবির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালে পেট্রলবোমার আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। স্থানীয়দের বক্তব্য ও অন্যান্য আলামত থেকেও পেট্রলবোমা ব্যবহারের কোনো তথ্য মেলেনি।
মন্ত্রী আরও বলেন, ছবি, অডিও ও ভিডিওসহ বিভিন্ন আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়িটির বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো ও দুর্বল ছিল। তবে বিষয়টি এখনো অনুমাননির্ভর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
অগ্নিকাণ্ডের সময় বাড়িটিতে কেউ বসবাস করতেন না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে দুটি ছাগলসহ কিছু জিনিসপত্র ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গেছেন। তিনিও বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সালাহউদ্দিন আহমদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধিকতর তদন্তে যদি পরিকল্পিত নাশকতার প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।



.png)
.png)