ঢাকা,  শনিবার
১৪ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

ধ্বংসস্তূপের মাঝেও কোরআনের আলো, গাজায় এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

প্রকাশিত: ২০:২৩, ১৩ নভেম্বর ২০২৬

ধ্বংসস্তূপের মাঝেও কোরআনের আলো, গাজায় এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

ধ্বংসস্তূপের মাঝেও কোরআনের আলো, গাজায় এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

যুদ্ধের ধ্বংসস্তূপ, বাস্তুচ্যুতি আর চরম মানবিক সংকটও দমাতে পারেনি গাজাবাসীর পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা। নানা প্রতিকূলতার মধ্যেও ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এক হাজার হাফেজ ও হাফেজা। তাঁদের সম্মাননা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজা নগরীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। আলজেরিয়ার দাতব্য সংস্থা জমিয়তুল বারাকার পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে বিভিন্ন বয়সী হাফেজ-হাফেজাদের অংশগ্রহণে আয়োজন করা হয় কোরআন পদযাত্রা। হাতে পবিত্র কোরআনের কপি নিয়ে তাঁরা নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করেন অংশগ্রহণকারীরা।

যুদ্ধের ধ্বংসস্তূপের পাশ দিয়ে কোরআন হাতে তাঁদের এই পদযাত্রা হয়ে ওঠে ধর্মীয় বিশ্বাস, কোরআনের প্রতি গভীর ভালোবাসা এবং প্রতিকূলতার মধ্যেও ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার এক অনন্য প্রতীক।

অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কোরআন ও সুন্নাহ বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-গালবান, আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা, সহসভাপতি হাতেম আল-ইয়াজি, মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, হাফেজ-হাফেজাদের পরিবারের সদস্যসহ বিপুলসংখ্যক মানুষ।

অনুষ্ঠানে ড. মুহাম্মদ সালেম বলেন, এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দেওয়ার এই আয়োজন কেবল একটি সম্মাননা অনুষ্ঠান নয়; বরং এটি ধৈর্য, অধ্যবসায় ও ঈমানি প্রচেষ্টার এক হাজার গল্পের উদ্‌যাপন। অসংখ্য প্রতিকূলতা ও কঠিন চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিনে কোরআনের শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম অব্যাহত রয়েছে—এই অর্জন তারই প্রমাণ।

নবীন হাফেজ-হাফেজাদের উদ্দেশে তিনি বলেন, কোরআন মুখস্থ করাই যেন তাঁদের পথচলার শেষ না হয়, বরং এটি হওয়া উচিত নতুন যাত্রার সূচনা। কোরআনের আয়াতের অর্থ বোঝা, তা গভীরভাবে অনুধাবন করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে সন্তানদের কোরআন চর্চা অব্যাহত রাখতে অভিভাবকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান এই ধর্মীয় কর্মকর্তা।

অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ-হাফেজার হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের পরিবার-পরিজন ও অতিথিদের মধ্যে আনন্দ, আবেগ ও গর্বের আবহ তৈরি হয়।

যুদ্ধবিধ্বস্ত গাজায় এমন আয়োজন শুধু এক হাজার কোরআনপ্রেমীর সাফল্য উদ্‌যাপন নয়, বরং কঠিন পরিস্থিতিতেও ধর্মীয় শিক্ষা ও ঐতিহ্য ধরে রাখার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে রইল।

Advertisement
Advertisement

আরো পড়ুন