ঢাকা,  শনিবার
১৪ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের কোনো সুযোগ নেই, বলছে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

প্রকাশিত: ১৯:২৪, ১৩ নভেম্বর ২০২৬

নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের কোনো সুযোগ নেই, বলছে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

নুসরাতের বাড়িতে আগুন

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা নাকচ করেছেন পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা। ঘটনাস্থলে বিদ্যুতের মিটার, তার, মেইন সুইচ ও ফিউজ পরীক্ষা করে তিনি জানিয়েছেন, এসবের কোথাও ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি।

শুক্রবার পল্লী বিদ্যুতের প্রাগপুর সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক পোড়া বাড়িটি পরিদর্শন করেন। এর আগে গত বুধবার দিবাগত গভীর রাতে আগুন লাগার পর বিদ্যুৎ–সংযোগের মিটার খুলে নিয়ে যান পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। ওই কাজের দায়িত্বেও ছিলেন তোজাম্মেল হক।

পরিদর্শন শেষে তোজাম্মেল হক জানান, মিটার, বিদ্যুতের তার এবং মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া কাটআউট অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ট্রান্সফরমারের ফিউজ কিংবা মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও কাটেনি। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সুযোগ নেই।

তবে এ ঘটনায় আগের দিন বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, নুসরাতের বাড়িতে পেট্রলবোমা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। বাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অধিকতর তদন্তে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

এদিকে নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি কাজ শুরু করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ঘটনাস্থলে যান। সেখানে বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের সঙ্গে কথা বলেন তাঁরা। ঘটনার সময়ের বিভিন্ন বিষয় ও পরিস্থিতি সম্পর্কে তাঁদের কাছ থেকে তথ্য নেন তদন্ত কমিটির সদস্যরা।

অন্যদিকে তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কুষ্টিয়ায় তাঁর গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগের বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এ ঘটনার তদন্তের নিরপেক্ষতা নিয়ে তিনি সন্দিহান থাকবেন।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।

মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement

আরো পড়ুন