ছয়জনকে হত্যার পর ভুতুড়ে বাড়ির গল্প, সত্য নাকি সাজানো রহস্য?
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ডের ছোট্ট শহর অ্যামিটিভিল। রাত পেরিয়ে ভোর হচ্ছে। ১১২ ওশান অ্যাভিনিউর তিনতলা বাড়িটিতে তখন গভীর ঘুমে ছয়জন মানুষ। বাড়ির বাইরে ঝুলছে একটি সাইনবোর্ড, তাতে লেখা ‘হাই হোপস’।
হঠাৎ একে একে ছয়টি গুলির শব্দ। কিন্তু আশপাশের কেউ কিছুই টের পেলেন না। পরদিন সকালে ওই বাড়ি থেকেই উদ্ধার করা হলো ছয়টি মরদেহ। তাঁরা হলেন রোনাল্ড ডিফিও সিনিয়র, তাঁর স্ত্রী লুইস এবং তাঁদের চার সন্তান ডন, অ্যালিসন, মার্ক ও জন। হত্যাকাণ্ডের সময় তাঁদের বয়স ছিল যথাক্রমে ৪৩, ৪২, ১৮, ১৩, ১২ ও ৯ বছর।
খবরটি ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সবচেয়ে বিস্ময়কর ঘটনা ছিল অন্য কিছু। যিনি পুলিশকে খবর দিয়েছিলেন, বন্ধুদের নিয়ে যিনি প্রথম বাড়িতে এসেছিলেন, তিনিই একসময় হয়ে উঠলেন ছয়টি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত। তাঁর নাম রোনাল্ড ডিফিও জুনিয়র। বয়স তখন ২৩ বছর। নিহত ছয়জনের মধ্যে ছিলেন তাঁর নিজের মা-বাবা ও চার ভাইবোন।
কিন্তু এই হত্যাকাণ্ডের গল্প এখানেই শেষ হয়নি। বরং পরবর্তী সময়ে এই বাড়িকে ঘিরে জন্ম নেয় যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত ভুতুড়ে বাড়ির কিংবদন্তি। সত্যিই কি বাড়িটিতে অশুভ কোনো শক্তির উপস্থিতি ছিল, নাকি ভয়াবহ হত্যাকাণ্ডকে পুঁজি করে তৈরি হয়েছিল একটি বাণিজ্যিক গল্প?
বন্ধুদের নিয়ে নিজের বাড়িতে ফিরলেন তিনি
১৯৭৪ সালের ১৩ নভেম্বর। দিনটি অন্য দিনের মতোই শুরু হয়েছিল ডিফিও পরিবারের। নিউইয়র্কের অ্যামিটিভিল শহরের ১১২ ওশান অ্যাভিনিউর বাড়িতে বসবাস করতেন রোনাল্ড ডিফিও সিনিয়র, তাঁর স্ত্রী লুইস এবং পাঁচ সন্তান।
সেদিন সন্ধ্যায় পরিবারের বড় ছেলে রোনাল্ড ডিফিও জুনিয়র স্থানীয় একটি পানশালায় যান। সেখানে গিয়ে বন্ধুদের জানান, তাঁর মা-বাবাকে গুলি করা হয়েছে। এমন খবর শুনে বন্ধুরা বিস্মিত হন। পরে তাঁরা ডিফিওর সঙ্গে বাড়িতে যান।
বাড়িতে পৌঁছে ভয়াবহ দৃশ্য দেখতে পান তাঁরা। একজন দ্রুত পুলিশকে ফোন করেন। খবর পেয়ে পুলিশ এসে একে একে ছয়টি মরদেহ উদ্ধার করে।
পরদিন ১৪ নভেম্বর লং আইল্যান্ডের সংবাদপত্র নিউজডে প্রথম পাতায় বড় করে খবরটি প্রকাশ করে। শিরোনাম ছিল, ‘সিক্স ইন অ্যামিটিভিল ফ্যামিলি ফাউন্ড মার্ডার্ড অ্যাট হোম’। প্রতিবেদনে বলা হয়, পরিবারের ছয় সদস্যকে তাঁদের শোবার ঘরে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, প্রত্যেকের পিঠে ছিল একটি করে গুলির ক্ষত।
ঘটনাস্থলে হত্যার কোনো স্পষ্ট উদ্দেশ্য খুঁজে পাচ্ছিল না পুলিশ। আশপাশের কেউ গুলির শব্দ শোনেননি। বাড়ির ভেতরেও বড় ধরনের ধস্তাধস্তির চিহ্ন ছিল না।
তদন্তের একপর্যায়ে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে পরিবারের একমাত্র জীবিত ছেলে রোনাল্ড ডিফিও জুনিয়রের ওপর। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হলে প্রথমে দাবি করেন, মাফিয়ারা তাঁর পরিবারকে হত্যা করেছে। কিন্তু তাঁর বক্তব্যে নানা অসংগতি ধরা পড়ে।
১৫ নভেম্বর নিউজডে জানায়, পরিবারের ছয় সদস্যকে হত্যার ঘটনায় ডিফিওকে অভিযুক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যার কথা স্বীকারও করেন।
ছবি: উইকিমিডিয়া কমনস
কেন নিজের পরিবারকে হত্যা করেছিলেন ডিফিও?
তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল একটি পয়েন্ট ৩৫ ক্যালিবারের মার্লিন রাইফেল। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁদের গুলি করা হয়েছিল। হত্যার পর অস্ত্রটি সরিয়ে ফেলার চেষ্টাও করেছিলেন ডিফিও।
কিন্তু নিজের মা-বাবা ও চার ভাইবোনকে কেন এমন নির্মমভাবে হত্যা করেছিলেন তিনি? এ প্রশ্নের উত্তর নিয়ে শুরু থেকেই তৈরি হয় ধোঁয়াশা।
ডিফিও কখনো বলেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ ছিল। আবার কখনো দাবি করেছেন, অদৃশ্য কণ্ঠস্বর তাঁকে হত্যার নির্দেশ দিয়েছিল। বিভিন্ন সময়ে তাঁর বক্তব্যেও পরিবর্তন দেখা যায়।
১৯৭৫ সালের অক্টোবরে শুরু হয় তাঁর বিচার। আইনজীবীরা মানসিক অসুস্থতার যুক্তিতে তাঁকে দায়মুক্ত করার চেষ্টা করেন। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেননি। একই বছরের ২২ নভেম্বর ছয়টি হত্যার দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। প্রতিটি হত্যার জন্য আলাদাভাবে ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
কিন্তু হত্যাকাণ্ডের বিচার শেষ হলেও অ্যামিটিভিলের বাড়িটিকে ঘিরে শুরু হয় আরও অদ্ভুত এক অধ্যায়।
২৮ দিনেই বাড়ি ছেড়ে পালাল লুটজ পরিবার
ছয়জনের হত্যাকাণ্ডের পর বাড়িটি বিক্রি করা কঠিন হয়ে পড়ে। মানুষ জানত, এখানে একটি পরিবারের ছয় সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। স্বাভাবিকভাবেই এমন বাড়িতে বসবাস করতে আগ্রহী ছিলেন না অনেকে। প্রায় ১৩ মাস খালি পড়ে থাকার পর ১৯৭৫ সালের ডিসেম্বরে বাড়িটি কিনে নেন জর্জ লুটজ ও তাঁর স্ত্রী ক্যাথলিন লুটজ।
জর্জ পেশায় ছিলেন ভূমি জরিপকারী। মাত্র ৮০ হাজার ডলারে বাড়িটি কেনেন তাঁরা। ছয়টি শয়নকক্ষ, সুইমিংপুল ও নৌকা রাখার জায়গাসহ বাড়িটি তাঁদের কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছিল। পরিবারের সঙ্গে ছিল ক্যাথলিনের আগের সংসারের তিন সন্তান।
১৮ ডিসেম্বর নতুন বাড়িতে ওঠেন তাঁরা। কিন্তু সেই বসবাস স্থায়ী হয়নি।
লুটজ পরিবারের দাবি, বাড়িতে ওঠার পর থেকেই একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। কখনো দেয়াল বেয়ে গড়িয়ে পড়ত সবুজাভ-কালো আঠালো পদার্থ। কখনো জানালার কাচ ভেঙে যেত। বাড়ির ভেতরে দেখা যেত অদ্ভুত সব অবয়ব। এমনকি এক রাতে তাঁদের মেয়ের জানালায় লাল চোখের শূকরসদৃশ প্রাণীও দেখা গিয়েছিল বলে দাবি করেন তাঁরা।
ক্যাথলিন লুটজের দাবি ছিল, একসময় তিনি ঘুমের মধ্যে শূন্যে ভেসে উঠেছিলেন। বাড়ির দরজা-জানালা নিয়েও ঘটত অস্বাভাবিক ঘটনা। পরিবারের সদস্যদের মনে হতে থাকে, কোনো অশুভ শক্তি যেন পুরো বাড়িটিকে নিয়ন্ত্রণ করছে।
লুটজ পরিবারের বর্ণনায় উঠে আসে এক যাজকের কথাও। বাড়িটি শুদ্ধীকরণের জন্য তাঁকে ডেকে আনা হয়েছিল। তাঁদের দাবি, প্রার্থনার সময় এক অদৃশ্য কণ্ঠস্বর ওই যাজককে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।
একপর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সেখানে আর থাকা সম্ভব হয়নি বলে দাবি করে পরিবারটি। ১৯৭৬ সালের জানুয়ারিতে মাত্র ২৮ দিন বসবাসের পর বাড়িটি ছেড়ে চলে যান তাঁরা।
কিন্তু সত্যিই কি বাড়িটি অভিশপ্ত ছিল?
একটি বই বদলে দিল বাড়িটির পরিচয়
লুটজ পরিবারের অদ্ভুত অভিজ্ঞতার কথা লেখক জে অ্যানসনের কানে পৌঁছায়। তাঁদের বক্তব্য ও সাক্ষাৎকারের ভিত্তিতে তিনি লেখেন ‘দ্য অ্যামিটিভিল হরর: আ ট্রু স্টোরি’ বইটি। ১৯৭৭ সালে প্রকাশিত বইটি দ্রুত জনপ্রিয়তা পায়।
এরপর গল্পটি ছড়িয়ে পড়ে আরও বড় পরিসরে। ১৯৭৯ সালের ২৭ জুলাই মুক্তি পায় ‘দ্য অ্যামিটিভিল হরর’ চলচ্চিত্র। বাস্তব হত্যাকাণ্ডের সঙ্গে কথিত অতিপ্রাকৃত অভিজ্ঞতার মিশেলে তৈরি সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
বই ও চলচ্চিত্রের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বাড়িটি পরিচিত হয়ে ওঠে বিশ্বের অন্যতম আলোচিত ভুতুড়ে বাড়ি হিসেবে। কিন্তু এর মধ্যেই শুরু হয় নতুন বিতর্ক। লুটজ পরিবারের অভিজ্ঞতাগুলো কি সত্যিই ঘটেছিল, নাকি ভয়াবহ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছিল একটি বাণিজ্যিক গল্প?
ভূতের গল্প, নাকি অর্থ উপার্জনের পরিকল্পনা?
১৯৭৯ সালের ১৬ সেপ্টেম্বর দ্য ওয়াশিংটন পোস্ট প্রকাশ করে একটি অনুসন্ধানী প্রতিবেদন। শিরোনাম ছিল ‘দ্য ক্যালামিটভিল হরর’। প্রতিবেদনে লুটজ পরিবারের দাবির নানা অসংগতি তুলে ধরা হয়।
এর আগেই, ১৯৭৭ সালে বাড়িটি কিনে নেন জেমস ও বারবারা ক্রোমার্টি দম্পতি। তাঁদের কেনা বাড়িতে কোনো অতিপ্রাকৃত অভিজ্ঞতার কথা শোনা যায়নি। বরং তাঁদের অভিযোগ ছিল, ভুতুড়ে বাড়ির গল্প ছড়িয়ে পড়ার পর কৌতূহলী মানুষ বাড়িটির সামনে ভিড় জমাতেন। কেউ দরজায় কড়া নাড়তেন, কেউ আবার রোনাল্ড ডিফিও সেখানে আছেন কি না, তা জানতে চাইতেন।
আরও গুরুত্বপূর্ণ বিষয় ছিল, লুটজ পরিবারের বর্ণনায় যেসব স্থানীয় পুলিশ কর্মকর্তা ও যাজকের অস্বাভাবিক অভিজ্ঞতার কথা বলা হয়েছিল, তাঁদের কয়েকজন সেই দাবির সত্যতা অস্বীকার করেন।
এদিকে ডিফিওর সাবেক আইনজীবী উইলিয়াম ওয়েবার দাবি করেন, তিনি ও লুটজ পরিবার মিলে কয়েক বোতল ওয়াইন পান করতে করতে ভুতুড়ে বাড়ির গল্পটি তৈরি করেছিলেন। তাঁর অভিযোগ, ডিফিওর হত্যাকাণ্ডের বিভিন্ন বিবরণ ব্যবহার করে পরিকল্পিতভাবে গল্পটি সাজানো হয়েছিল।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলাও হয়। বইয়ের স্বত্ব, অর্থ ও চলচ্চিত্রের আয় নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। সংশ্লিষ্ট প্রতিবেদনে বিচারক জ্যাক ওয়েইনস্টাইনের একটি পর্যবেক্ষণের কথাও উঠে আসে। তাঁর মতে, বইটির বড় একটি অংশ কল্পনানির্ভর বলে মনে হয়েছে।
তবে লুটজ পরিবার শেষ পর্যন্ত নিজেদের অভিজ্ঞতার সত্যতা নিয়ে অনড় ছিল। ফলে বাড়িটিকে ঘিরে রহস্য ও বিতর্কের পুরোপুরি অবসান হয়নি।
জেমস ও বারবারা ক্রোমার্টি দম্পতি প্রায় ১০ বছর বাড়িটিতে বসবাস করেন। ১৯৮৭ সালের আগস্টে তাঁরা পিটার ও জিন ও’নিল দম্পতির কাছে বাড়িটি বিক্রি করে দেন। তত দিনে বাড়িটির বাহ্যিক নকশাতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
শেষ পর্যন্ত কী হলো সেই বাড়ির?
রোনাল্ড ডিফিও জুনিয়র ২০২১ সালের ১২ মার্চ কারাগারে মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। জীবদ্দশায় একাধিকবার তাঁর জামিনের চেষ্টা হলেও আদালত তাতে সাড়া দেননি।
অন্যদিকে অ্যামিটিভিলের সেই বাড়িটি এখনো টিকে আছে। তবে ঠিকানা পরিবর্তন করে ১০৮ ওশান অ্যাভিনিউ করা হয়েছে। বর্তমানে এটি একটি ব্যক্তিগত আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
অ্যামিটিভিলের বাড়িটি নিয়ে কয়েক দশক ধরে অসংখ্য বই, চলচ্চিত্র ও নানা গল্প তৈরি হয়েছে। কেউ একে অভিশপ্ত বাড়ি মনে করেন, কেউ আবার পুরো ঘটনাকে সাজানো প্রচারণা হিসেবে দেখেন। কিন্তু এসব বিতর্কের মধ্যেও একটি সত্য অস্বীকার করার উপায় নেই।
সেটি হলো, ১৯৭৪ সালের ১৩ নভেম্বর রাতে একজন মানুষ নিজের মা-বাবা ও চার ভাইবোনকে হত্যা করেছিলেন। ছয়টি প্রাণ কেড়ে নেওয়া সেই ভয়াবহ হত্যাকাণ্ডই পরবর্তী সময়ে জন্ম দিয়েছিল এক ভুতুড়ে বাড়ির কিংবদন্তির। আর সেই কিংবদন্তির আড়ালে চাপা পড়ে যায় অ্যামিটিভিলের সবচেয়ে ভয়ংকর বাস্তবতা—একটি পরিবারের নির্মম হত্যাকাণ্ড।



.png)
.png)