মুশফিকুর রহিম
দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন তিনি। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সফলতম এই টেস্ট ব্যাটার। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিই হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জানাতে চাই। মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নিতে যাচ্ছে।’
মুশফিক কয়েক দিন আগেই নিজের অবসরের সিদ্ধান্তের কথা তাকে জানিয়েছেন বলেও জানান তামিম। তিনি বলেন, ‘মুশফিক বেশ কয়েক দিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর আমি নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রেখেছি। আমি তাকে বলেছিলাম, সে যেন সংবাদ সম্মেলন করে নিজেই অবসরের ঘোষণা দেয়। ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার জন্যও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ সেবক। আমি চেয়েছিলাম, তার বিদায়টা যেন যথাযথভাবে হয়।’
তবে মুশফিকের অনুরোধেই তার অবসরের ঘোষণা নিজে দিয়েছেন বলে জানান বিসিবি সভাপতি। তামিম বলেন, ‘মুশফিকের অনুরোধেই আমি জানাচ্ছি, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট ম্যাচ।’
বাংলাদেশ ক্রিকেটে মুশফিকের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি দিয়ে তামিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিসিবির পক্ষ থেকে আমরা শুধু তাকে ধন্যবাদ জানাতে পারি। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে যে অবদান রেখেছে, সেটিকে আমরা সম্মান জানাই। সে বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ দূত এবং অনেক ক্রিকেটার ও শিশুর আদর্শ।’
মুশফিকের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বিসিবির। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘মুশফিকের জন্য বিসিবির পক্ষ থেকে অবশ্যই বড় ধরনের উদ্যাপনের আয়োজন করা হবে। পাশাপাশি আরও কিছু বিষয় থাকবে, যেগুলো সময়ের সঙ্গে আপনারা দেখতে ও জানতে পারবেন। ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগছে, মুশফিকের মতো এত প্রতিভাবান একজন ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত নিয়েছে।’
মুশফিকের শেষ টেস্টকে স্মরণীয় করে তুলতে সংবাদমাধ্যম ও ভক্ত-সমর্থকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, এই টেস্ট ম্যাচটিকে একটি স্মরণীয় আয়োজনে পরিণত করি। বিসিবির দৃষ্টিকোণ থেকে এবং আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকেও এখন থেকে প্রথম টেস্ট পর্যন্ত সব সাংবাদিককে অনুরোধ করব, মুশফিকের অসাধারণ সব স্মৃতি আবার সামনে নিয়ে আসুন।’
মুশফিকের দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতন, সমালোচনা ও হতাশার মুহূর্ত থাকলেও সেসবের ঊর্ধ্বে উঠে তার অর্জনগুলো উদ্যাপনের আহ্বান জানান তামিম। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে কিছু হতাশা রয়েছে, কিছু সমালোচনা রয়েছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ সেবক হিসেবে সে যে অবদান রেখেছে, সেটি বিবেচনায় নিয়ে আসুন। আমরা সবাই মিলে তার অর্জনগুলো উদ্যাপন করি।’
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজটিকেই নিজের বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন মুশফিক। আগামী ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হওয়ার কথা সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচ ঘিরেই বিশেষ আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন তামিম।
উল্লেখ্য, ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের লর্ডসে স্বাগতিকদের বিপক্ষেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সেই ইংল্যান্ডের বিপক্ষেই নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন তিনি। অভিষেক ও বিদায়ের প্রতিপক্ষ একই হওয়ায় মুশফিকের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তিতে যোগ হচ্ছে বিশেষ এক আবেগঘন অধ্যায়।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল এই ব্যাটারের বিদায় নিঃসন্দেহে দেশের ক্রিকেটে একটি বড় অধ্যায়ের সমাপ্তি ঘটাবে।



.png)
.png)