লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, ছয়জনকে গ্রেপ্তার
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংঘর্ষের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে অধিকতর তদন্তের স্বার্থে ছয়জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
এক ই-মেইলের জবাবে লন্ডন মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট এ তথ্য জানিয়েছেন।
গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা গাছের ডাল দিয়ে এনসিপির নেতা-কর্মীদের ব্যাপক মারধর করেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে বিশৃঙ্খলার খবর পায় তারা। সেখানে প্রায় ৫০ জন পুরুষ জড়ো হয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন সহিংসতায় জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁদের কারও আঘাত গুরুতর ছিল না।
পুলিশ আরও জানায়, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে তদন্ত চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বয়স যথাক্রমে ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর।
যুক্তরাজ্যের ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্টের ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
তদন্তের নেতৃত্বে থাকা লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, ‘এই সহিংস বিশৃঙ্খলা রেডব্রিজের স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই নিজেদের বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিশৃঙ্খলাকারীরা সেখান থেকে চলে যান। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হলেও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
অন্যদিকে, সংঘর্ষের ঘটনায় এনসিপির কোনো নেতা-কর্মী গ্রেপ্তার হননি বলে দাবি করেছে দলটি। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, তাঁদের দলের কেউ গ্রেপ্তার হননি।
অপরদিকে, আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস জানিয়েছেন, তাঁদের ছয়-সাতজনকে পুলিশ ফোন করে থানায় যেতে বলেছিল। তিনি বলেন, ‘আমি শুক্রবার বেলা তিনটায় পুলিশ স্টেশনে গিয়ে আমার সাক্ষাৎকার দিয়ে আসি। রাত ১০টায় তারা আমাকে ছেড়ে দেয়। আমি শুনেছি, অন্যদেরও পুলিশ ছেড়ে দিয়েছে।’
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে সহায়ক হতে পারে—এমন সিসিটিভি ক্যামেরা বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ কারও কাছে থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ সময় CAD 7004/16NOV রেফারেন্স নম্বরটি উল্লেখ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।



.png)
.png)