ঢাকা,  রোববার
২৯ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা এখন বেশি লড়াকু, কষ্টের হলেও সত্য: রোনালদো

প্রকাশিত: ১৪:৪৪, ২৮ নভেম্বর ২০২৬

ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা এখন বেশি লড়াকু, কষ্টের হলেও সত্য: রোনালদো

ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা এখন বেশি লড়াকু, কষ্টের হলেও সত্য: রোনালদো

একসময় বিশ্ব ফুটবলে ব্রাজিলের নাম শুনলেই প্রতিপক্ষের মনে ভয় কাজ করত। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তারকাখচিত দল ছিল সবার কাছে সমীহের। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর আর শিরোপার দেখা পায়নি ব্রাজিল। অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ধারাবাহিক সাফল্য পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। বর্তমান পরিস্থিতিতে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনাকে বেশি লড়াকু মনে করেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। তাঁর মতে, বিষয়টি ব্রাজিলিয়ানদের জন্য কষ্টের হলেও এটাই বাস্তবতা।

সম্প্রতি ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হয়ে ব্রাজিলের বর্তমান ফুটবল নিয়ে নিজের হতাশার কথা তুলে ধরেন সাবেক এই স্ট্রাইকার। তাঁর মতে, ব্রাজিল এখন নিজেদের ফুটবলীয় ঐতিহ্য ও প্রতিভার ওপর নির্ভর না করে ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছে। অথচ একসময় নিজস্ব কৌশল ও প্রতিভার জোরেই বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করত ব্রাজিল।

রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে আমাদের দেশে নিজেদের প্রতিভার ওপর ভর করেই প্রচণ্ড আত্মবিশ্বাস কাজ করত। কিন্তু আজকের ইউরোপীয়রা অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং তারা ভালো খেলে।’

২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। এর মধ্যে দলটির সর্বোচ্চ সাফল্য ২০১৪ সালে নিজেদের মাঠে সেমিফাইনালে ওঠা। এরপর প্রতিটি বিশ্বকাপেই ইউরোপীয় দলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। ফলে বিশ্বকাপের ফেবারিট হিসেবে ব্রাজিলের পরিচিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

রোনালদোর চোখেও বর্তমান ব্রাজিল বিশ্বকাপ জয়ের মতো শক্তিশালী দল নয়। নিজের হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয় ব্রাজিল। আমাদের শক্তিশালী দল নেই, আমরা ঐক্যবদ্ধ নই।’

অথচ রোনালদোর খেলার সময়ের ব্রাজিল ছিল তারকায় ঠাসা। ১৯৯৪ সালে রোমারিও ও বেবেতোদের বিশ্বকাপ জয় দেখেছেন তিনি। ১৯৯৮ সালে রিভালদো ও কাফুদের সঙ্গে খেলেছেন বিশ্বকাপের ফাইনালে। আর ২০০২ সালে রোনালদিনিও, রিভালদো ও কাফুদের সঙ্গে জিতেছেন বিশ্বকাপ। সেবার আট গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও হন তিনি।

রোনালদোর চোখে সেরা ২০০২ সালের ব্রাজিল

১৮ বছরের পেশাদার ক্যারিয়ারে বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের মতো বড় ক্লাবে খেলেছেন রোনালদো। এসব দলে সতীর্থ হিসেবে পেয়েছেন ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তিকে। ইন্টার মিলানে রবার্তো বাজ্জো, ক্রিস্টিয়ান ভিয়েরি ও দিয়েগো সিমিওনে; রিয়াল মাদ্রিদে জিনেদিন জিদান, লুইস ফিগো, রাউল গঞ্জালেস, রবার্তো কার্লোস ও ডেভিড বেকহামদের সঙ্গে খেলেছেন তিনি।

বার্সেলোনায় তাঁর সতীর্থ ছিলেন লুইস ফিগো, হ্রিস্টো স্টয়চকভ, লঁরা ব্লা ও জর্জি পপেস্কু। আর এসি মিলানে খেলেছেন কাকা, পাওলো মালদিনি, আন্দ্রেয়া পিরলো, ক্লারেন্স সিডর্ফ ও ফিলিপ্পো ইনজাঘিদের সঙ্গে।

এত সব তারকাখচিত দলের মধ্যে নিজের ক্যারিয়ারের সেরা দল হিসেবে কোনটিকে বেছে নেবেন রোনালদো? পডকাস্টে ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের এমন প্রশ্নের জবাবে তিনি বেছে নেন ২০০২ সালের ব্রাজিল দলকে।

রোনালদো বলেন, ‘২০০২ ব্রাজিল জাতীয় দল। আমরা যে কাউকে হারাতে পারতাম। রবার্তো কার্লোস তখন সেরা ফর্মে ছিল। কাফু, লুসিও, এডমিলসন, রকি জুনিয়রও দুর্দান্ত ছিল। গিলবার্তো সিলভা ও ক্লেবারসন ভালো খেলছিল। রিভালদো, রোনালদিনিও...জুনিনিও।’ তাঁর কথা শুনে আর্সেনাল কিংবদন্তি ইয়ান রাইট বলেন, ‘অসাধারণ দল।’ জবাবে রোনালদো বলেন, ‘হ্যাঁ, আমরা একসঙ্গে খুব ভালো খেলেছি।’

রোনালদিনিওর সেই গোল নিয়ে এখনো মজা করেন রোনালদো

২০০২ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান রোনালদিনিও। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রি-কিক থেকে তাঁর করা অবিশ্বাস্য গোলটি এখনো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন। গোলরক্ষক ডেভিড সিম্যানের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে আলোড়ন তৈরি করেছিলেন তিনি।

সেই গোল নিয়ে পডকাস্টে মজার স্মৃতিচারণ করেন রোনালদো। তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে গোলটি নিয়ে সে এখনো বলে, ইচ্ছে করেই গোলকিপার ডেভিড সিম্যানের মাথার ওপর দিয়ে শট নিয়েছিল।’

এ সময় গ্যারি নেভিল প্রশ্ন করেন, তিনিও কি রোনালদিনিওর এই দাবি বিশ্বাস করেন? জবাবে রোনালদো মজার ছলে বলেন, ‘আমি মনে করি না, কিন্তু বলতে...।’ তাঁর কথা শেষ হওয়ার আগেই হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানের সবাই।

ব্যালন ডি’অর নিয়ে কেইনের প্রশংসা

পডকাস্টের আড্ডায় উঠে আসে হ্যারি কেইনের ব্যালন ডি’অর জয়ের প্রসঙ্গও। ইংল্যান্ডের এই স্ট্রাইকারের প্রশংসা করে দুবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো বলেন, কেইন এই স্বীকৃতির যোগ্য।

তিনি বলেন, ‘সে এটার যোগ্য। তাঁর জন্যও নিজের অর্জনে খুশি লেগেছে। কারণ, আসল নাম্বার নাইন আবার ফিরে এসেছে। দীর্ঘ সময় পর ৯ নম্বর জার্সির একজন ফুটবলার গুরুত্বপূর্ণ কিছু জিতল। মানুষ হিসেবেও সে খুব ভালো। এই স্বীকৃতি তাঁর প্রাপ্যই ছিল। তাঁর অর্জনে সত্যিই অনেক অনেক খুশি হয়েছি।’

চোটের কারণে আক্ষেপ রোনালদোর

ফুটবল ক্যারিয়ারে একাধিক গুরুতর চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে রোনালদোকে। হাঁটুর লিগামেন্টের ভয়াবহ চোটে একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তবু সব বাধা পেরিয়ে ফিরে এসে বিশ্বকাপ জিতেছেন, হয়েছেন সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার।

তাঁর মতে, বর্তমান সময়ে ফুটবলাররা আগের তুলনায় অনেক বেশি সুরক্ষা পান। অথচ তাঁর প্রজন্মের স্ট্রাইকারদের প্রতিনিয়ত কঠিন ও আক্রমণাত্মক ডিফেন্ডারদের মোকাবিলা করতে হতো।

এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে রোনালদো বলেন, ‘ইশ্‌, সেই সময়ে যদি আমি এমন সুরক্ষা পেতাম! তখন আমরা অনেক ভুগেছি। আমাদের প্রজন্মে চারদিকে শুধু নির্মম ডিফেন্ডার ছিল। আমি যেখানেই খেলেছি, সেখানেই অসংখ্য নির্মম ডিফেন্ডার পেয়েছি। আমাদের কোনো সুরক্ষা দেওয়া হতো না। এখন সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, খেলোয়াড়েরা বেশ সুরক্ষিত। এটাই ন্যায্য। তবে একটাই আক্ষেপ, আমার সময়ে এমন সুরক্ষা পাইনি।’

সব মিলিয়ে রোনালদোর বক্তব্যে উঠে এসেছে ব্রাজিল ফুটবলের অতীত গৌরব ও বর্তমান সংকটের চিত্র। যে দল একসময় বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিল, সেই ব্রাজিলের এখন শক্তি, ঐক্য ও আত্মবিশ্বাস ফিরে পাওয়াই বড় চ্যালেঞ্জ। আর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্য সেই চ্যালেঞ্জকে আরও স্পষ্ট করে তুলেছে।

Advertisement
Advertisement