‘সুইডেন আসলাম’
১৯৯৭ সালের ২৬ মে। ঢাকার পুরোনো ডিওএইচএসের একটি বাসায় নতুন কেনা রেফ্রিজারেটর নিয়ে যাচ্ছিল একটি ভ্যানগাড়ি। গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল, ভ্যানের রেফ্রিজারেটরটি কিনেছেন একজন সন্ত্রাসী। সেই সূত্র ধরে ভ্যানটির পিছু নেয় পুলিশ। শেষ পর্যন্ত ওই বাসা থেকেই গ্রেপ্তার করা হয় ঢাকার অপরাধজগতের আলোচিত নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’কে। তখন তাঁর বয়স মাত্র ৩৫ বছর।
এরপর দীর্ঘ ২৭ বছর কারাগারেই কাটে তাঁর। তবে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের অস্থির পরিস্থিতির মধ্যে জামিনে মুক্তি পান তিনি। প্রায় দুই বছর কারাগারের বাইরে থাকার পর এবার আবার গ্রেপ্তার হলেন এই আলোচিত শীর্ষ সন্ত্রাসী। গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন পার হওয়ার সময় তাঁকে আটক করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাঁকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করে।
পুলিশের ভাষ্য, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন অপরাধমূলক ঘটনায় আসলামের নাম উঠে আসছিল। তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
অপরাধজগতে যেভাবে উত্থান
সুইডেন আসলামের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। স্বাধীনতার পর তাঁর বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন। তাঁর বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আসলাম পড়াশোনা করেছেন তেজগাঁও পলিটেকনিক স্কুলে, বর্তমানে যার নাম তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদে জানা যায়, আসলাম ভালো ফুটবল খেলতেন। স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন। এসএসসি পাস করে ভর্তি হন তেজগাঁও কলেজে। তবে কলেজজীবন থেকেই ধীরে ধীরে জড়িয়ে পড়েন অপরাধজগতে।
১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর একের পর এক খুনের ঘটনায় তাঁর নাম আসতে থাকে। গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে ঢাকায় যখন একের পর এক সন্ত্রাসী গ্রুপের উত্থান ঘটছিল, তখন অপরাধজগতে নিজের অবস্থান তৈরি করেন আসলাম।
২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকার ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে। ওই তালিকায় ছিলেন কালা জাহাঙ্গীর, সুব্রত বাইন, পিচ্চি হান্নান, হারিস আহমেদ, টোকাই সাগর ও খন্দকার নাঈম আহমেদ টিটনের মতো আলোচিত অপরাধীরা। তবে ওই তালিকায় সুইডেন আসলামের নাম ছিল না।
পরে ২০১০ সালে পুলিশ ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর আরেকটি তালিকা তৈরি করে। সেই তালিকায় জায়গা পান আসলাম।
যেভাবে নামের আগে ‘সুইডেন’
শেখ আসলামের নামের আগে ‘সুইডেন’ যুক্ত হওয়ার পেছনেও রয়েছে একটি গল্প। তাঁর প্রথম স্ত্রী ইতির বাড়ি ছিল সুইডেনে। একপর্যায়ে আসলামও সেখানে যান এবং কয়েক বছর অবস্থান করেন। পরে দেশে ফিরে আসার পর রাজাবাজারের শেখ আসলাম পরিচিত হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’ নামে। পরবর্তী সময়ে পুলিশের তালিকা, মামলার নথি ও আদালতের কার্যক্রমেও এই নাম ব্যবহৃত হতে থাকে।
ইতির সঙ্গে তাঁর সংসার বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পর ইতি বাংলাদেশে ফিরে আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামে এক সন্ত্রাসীকে বিয়ে করেন। ১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হন। ওই হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্রে আসলামের নাম ছিল। সে সময় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইতির সঙ্গে মামুনের প্রেম ও বিয়ে মেনে নিতে না পেরে তাঁকে হত্যা করেন আসলাম।
পরে নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন তিনি।
কত মামলা ছিল আসলামের বিরুদ্ধে?
সুইডেন আসলামের বিরুদ্ধে মোট কতটি মামলা হয়েছিল, এর মধ্যে কতটিতে তিনি খালাস পেয়েছেন এবং কতটি এখনো বিচারাধীন, তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁর কারামুক্তির সময় বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ৯টি হত্যা মামলাসহ মোট ২২টি মামলা ছিল তাঁর বিরুদ্ধে।
এর আগে ২০১৫ সালের ২৩ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, ঢাকা মহানগর পুলিশ কারা প্রশাসনের মহাপরিদর্শককে জানিয়েছিল, আসলামের বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে ১১টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি ছিল একটি মামলা।
সেই মামলাটি ছিল তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা মামলা। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ অভিযোগপত্র জমা দেয়। এই মামলাতেই জামিন পাননি আসলাম।
ওই সময় পুলিশের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, মামলাটির নিষ্পত্তির পর আসলাম মুক্তি পেলে তাঁর অতীত কর্মকাণ্ড বিবেচনায় তাঁকে নজরদারিতে রাখা প্রয়োজন। কারণ, তাঁর মুক্তি জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
কারাগারে থেকেও অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ
দীর্ঘদিন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন সুইডেন আসলাম। তবে কারাগারে থেকেও অপরাধজগতের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে।
২০১৪ সালের মার্চে কারা অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করে। প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী, একটি গোয়েন্দা সংস্থা তাঁর মুঠোফোনে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য পায়। পরে তাঁর ব্যবহৃত ফোনের কললিস্টসহ একটি গোপন প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশকে পাঠানো হয়। ওই প্রতিবেদনে পূর্ব রাজাবাজারের কয়েকজন সন্ত্রাসী তাঁর হয়ে কাজ করতেন বলেও উল্লেখ করা হয়েছিল।
এদিকে গালিব হত্যা মামলার বিচার কার্যক্রমও চলছিল অত্যন্ত ধীরগতিতে। ২০১৫ সালের ডিসেম্বরে প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে তখন পর্যন্ত মাত্র দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। গালিবের স্ত্রী শম্পা ২০০৩ সালের ১৫ অক্টোবর এবং চুন্নু মিয়া নামের আরেক সাক্ষী ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে সাক্ষ্য দেন। এরপর দীর্ঘ নয় বছর রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেনি।
২০২৪ সালে আসলাম জামিনে মুক্ত হওয়ার সময় পর্যন্ত মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল।
জুলাই গণ-অভ্যুত্থানের পর মুক্তি, দুই বছরেই আবার গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জামিনে মুক্তি পান ঢাকার অপরাধজগতের আলোচিত সাত সন্ত্রাসী। তাঁদের মধ্যে ছিলেন মোহাম্মদপুরের পিচ্চি হেলাল, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন, মিরপুরের কিলার আব্বাস এবং সুইডেন আসলাম।
গালিব হত্যা মামলায় জামিনের কাগজ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কাশিমপুর কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ওই দিন রাত নয়টার দিকে মুক্তি পান আসলাম। কারাগারের ফটকে অপেক্ষায় ছিলেন তাঁর স্বজনেরা। তাঁদের সঙ্গে ঢাকায় ফেরেন তিনি। তখন তাঁর বয়স ৬২ বছর।
তবে কারাগারের বাইরে আসার পরও অপরাধজগতের নানা ঘটনায় তাঁর নাম আসতে থাকে। এর মধ্যে গত ২৯ এপ্রিল ঢাকার নিউমার্কেট এলাকায় খুন হন আরেক আলোচিত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন। এবার সেই টিটন হত্যা মামলাতেই সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
একসময় যাঁকে গ্রেপ্তার করতে গোয়েন্দা পুলিশকে একটি রেফ্রিজারেটর বহনকারী ভ্যানের পিছু নিতে হয়েছিল, দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর যিনি মুক্তি পেয়েছিলেন, সেই সুইডেন আসলামকেই এবার আটকে দিল বিমানবন্দরের ইমিগ্রেশন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা নতুন অভিযোগগুলোর সত্যতা এবং টিটন হত্যাকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে।



.png)
.png)