ঢাকা,  সোমবার
০৯ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

প্রকাশিত: ১৩:৪৪, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৪৬, ৯ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

সামিরা খান মাহি

টিভি নাটকের পরিচিত মুখ সামিরা খান মাহি। পাঁচ বছরের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন ছোট পর্দায়। কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও। এবার তাঁর ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই অভিনেত্রী।

আগামী ১১ নভেম্বর থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোতে শুরু হচ্ছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এতে অংশ নিতে গতকাল পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছেড়েছেন মাহি।

এর আগে গত শনিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁকে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ ঘোষণা করা হয়। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। মাহির মাথায় মুকুট পরিয়ে দেন গত বছর মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তানজিয়া জামান মিথিলা।

বাস্তব জীবনেও মাহি ও মিথিলার মধ্যে রয়েছে বন্ধুত্ব। এবার মিস ইউনিভার্সের জন্য মাহিকে প্রস্তুত করার দায়িত্ব নিয়েছেন মিথিলা। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁকে আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি করতে চান তিনি। মাহির সাফল্য নিয়েও আশাবাদী মিথিলা।

প্রতিযোগিতায় অংশ নিতে দেশ ছাড়ার আগে সামিরা খান মাহি বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে আমি আমার দেশের সংস্কৃতি তুলে ধরতে যাচ্ছি। এটা অনেক বড় দায়িত্ব। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব আমার দেশের পতাকাকে যতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি। সবার দোয়া ও সহযোগিতা চাই।’

নাটকের নিয়মিত অভিনেত্রী হয়েও মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে মাহি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি সংস্কৃতি অঙ্গনে নিজের একটা জায়গা তৈরি করতে। এখন পর্যন্ত যতটুকু ভালোবাসা পেয়েছি, সেটা অনেক বড় প্রাপ্তি। কিন্তু এই প্ল্যাটফর্ম একেবারেই ভিন্ন বিষয়, আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। প্রস্তাবটি যখন আমার কাছে আসে, তখন ভাবছিলাম এই প্রতিযোগিতায় আমার অংশ নেওয়াটা ঠিক হবে কি না। পরে মনে হলো, এটাই ঠিক। একজন অভিনেত্রী হয়ে, মডেল হয়েও যদি এমন একটা প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করতে না পারি, তাহলে তো শিল্পী হিসেবেই আমার কোনো মূল্য রইল না।’

শোবিজে মাহির পথচলা শুরু হয় মডেলিংয়ের মধ্য দিয়ে। ফ্যাশন শো ও র‍্যাম্পে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। বিভিন্ন পণ্যের ফটোশুটেও অংশ নিয়েছেন তিনি। পরে অভিনয়ে এসে ছোট পর্দায় নিজের পরিচিতি গড়ে তোলেন। এবার আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

Advertisement
Advertisement