গোপালগঞ্জে আপাতত চালু হচ্ছে না ট্রেন, বন্ধ থাকবে দুই থানার কার্যক্রমও
গোপালগঞ্জের সঙ্গে বন্ধ থাকা ট্রেন যোগাযোগ আপাতত চালু হচ্ছে না। একইভাবে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির শুরু করার পরিকল্পনা নেই সরকারের। ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার পর থেকে জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। নাশকতার আশঙ্কায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সেবা চালু না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত গোপালগঞ্জে ট্রেন চলাচল শুরুর বিষয়ে ভাবছে না সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। ট্রেন চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও নিরাপত্তার কারণে এখনই সেবা চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দারা থানা দুটির কার্যক্রম দ্রুত চালুর অনুরোধ জানালেও এতে আরও সময় লাগবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপাতত গোপালগঞ্জ সদর থানা থেকে এই দুই থানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তবে পুড়ে যাওয়া থানার পুলিশ সদস্যরা গোপালগঞ্জেই কর্মরত রয়েছেন।
শুধু যোগাযোগ ও আইনশৃঙ্খলা কার্যক্রম নয়, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ দেওয়া অর্থের তৃতীয় কিস্তি গোপালগঞ্জে ছাড় করা হবে না। সাধারণত চার কিস্তিতে এসব অর্থসহায়তা দেওয়া হয়। সে অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থ আপাতত বন্ধ থাকবে।
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, গোপালগঞ্জে ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের এখতিয়ার। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে কবে নাগাদ থানা দুটির কার্যক্রম পুরোপুরি চালু হবে, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানিয়েছেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এ জন্য কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও এখনো বন্ধ রয়েছে এবং তা চালু হতে সময় লাগবে।
সরকারের অবস্থান বলপ্রয়োগ না করার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সরকার বলপ্রয়োগ করবে না। এমনকি কোনো ধরনের মারণাস্ত্রও ব্যবহার করা হবে না বলে সরকারের অবস্থানের কথা জানান তিনি।
ওই কর্মকর্তা আরও বলেন, ভবিষ্যতে আবারও গাছ কেটে সড়ক অবরোধ করা হলে কিংবা কারও বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থান আগের মতোই থাকবে।
গত ১৫ নভেম্বর লগি-বইঠা, রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীরা। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। পরে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয় এবং দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়।
এসব ঘটনার পর ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন।
এর মধ্যেই ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
বন্ধ রয়েছে গোপালগঞ্জের পাঁচটি ট্রেন
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।
বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস। টুঙ্গিপাড়া এক্সপ্রেস সকাল ছয়টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত এবং রাত সাড়ে ১০টার মধ্যে রাজশাহী থেকে ফিরে আসত। অভিযাত্রী কমিউটার ট্রেন ঢাকা থেকে দিনে একবার গোপালগঞ্জে চলাচল করত।
অন্যদিকে রূপসী বাংলা ট্রেন ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত এবং জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত চলাচল করত। ভাটিয়াপাড়া এক্সপ্রেস ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করত।
ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা। বিশেষ করে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে অনেকেই বাসের তুলনায় ট্রেনকে বেশি সুবিধাজনক মনে করেন। ট্রেনে সময় ও খরচ দুটোই কম লাগে। এ কারণে ট্রেন যোগাযোগ পুনরায় চালুর জন্য স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করছেন।
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আবারও হামলা, ভাঙচুর কিংবা সংঘাতের আশঙ্কা করছে সরকার। এ কারণে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জে ট্রেন চলাচল ও বন্ধ থাকা থানার কার্যক্রম চালুর সম্ভাবনা কম।



.png)
.png)