বিএনপি নেতার পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
গতকাল মঙ্গলবার রাত থেকে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় নয়নকে। একপর্যায়ে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যও ভিডিওতে উঠে আসে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ জুন সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন। ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি একজন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করায় ভিডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়েছে।
ভিডিওর বিষয়ে জানতে চাইলে শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁকে ফাঁদে ফেলে ভিডিওটি ধারণ করা হয়েছে।
নয়ন বলেন, ‘আমাকে ফাঁদে ফেলা হয়েছে। আমার প্রতিপক্ষের লোকজন এক নারীকে দিয়ে ফাঁদ পেতেছে। আমি না বুঝে ভুল কাজ করেছি। তবে ওই তরুণীর সঙ্গে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই। আমি অন্য একজনকে বিয়ে করেছি।’
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, ছাত্রদলের মতো একটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো দুঃখজনক। একজন নেতার ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে পুরো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। বিশেষ করে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তির কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি রক্ষায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নেবে। কেউ ব্যক্তিগতভাবে আপত্তিকর কাজে জড়িয়ে পড়লে তার দায়ভার সংগঠন নেবে না।



.png)
.png)