ঢাকা,  বুধবার
২৫ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

মায়ের কথাটি মেনে চলেছেন জীবনের শেষ দিন পর্যন্ত

প্রকাশিত: ১৪:২৯, ২৫ নভেম্বর ২০২৬

মায়ের কথাটি মেনে চলেছেন জীবনের শেষ দিন পর্যন্ত

সোহেল খান

ঢাকার ধামরাইয়ে বেড়ে ওঠা অভিনেতা সোহেল খানের অভিনয়জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল তাঁর আঞ্চলিক ভাষা। মায়ের কাছ থেকে শেখা সেই ভাষাতেই কথা বলেছেন, অভিনয় করেছেন দীর্ঘ ক্যারিয়ারজুড়ে। অভিনয়ের প্রয়োজনে নিজেকে বদলে ফেলার চেয়ে নিজের স্বাভাবিক জীবন ও কথাবার্তাকে পর্দায় তুলে ধরতেই পছন্দ করতেন তিনি। মায়ের শেখানো আদর্শও আজীবন মেনে চলেছেন এই অভিনেতা। তবে মাত্র ৬৩ বছর বয়সেই থেমে গেল তাঁর অভিনয়জীবনের পথচলা।

অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে তিনি বগুড়ায় ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে হোটেলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের সনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘নসিব’ সিনেমার শুটিং করতে ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আজ বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন এই অভিনেতা।

মায়ের শেখানো ভাষাতেই অভিনয়

সোহেল খানকে পর্দায় বেশির ভাগ সময় আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা গেছে। নিজের স্বাভাবিক কথাবার্তা ও জীবনযাপনকেই অভিনয়ের মধ্যে তুলে ধরতে চাইতেন তিনি। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘আমি নিজে যেভাবে কথা বলি, আমি সেভাবেই অভিনয় করি। রংচং মেখে অভিনয় করা আমার পছন্দ না। এসেছি, খেয়েছিস, কোথায় গিয়েছিস—এই ধরনের সংলাপ আমি ইচ্ছা করেই দিই না। আমার সঙ্গে যায় না। আমি নিজের মধ্যে সব সময় থাকতে চাই। মায়ের আঁচলের নিচ থেকে যে কথা শিখেছি, আমি সেটাই বলার চেষ্টা করি।’

মায়ের শেখানো অনেক কথাই জীবনে মেনে চলেছেন সোহেল খান। এর মধ্যে একটি ছিল চুল ছোট রাখা। তাঁর মা মনে করতেন, কোনো ভদ্রলোকের মাথার চুল বড় রাখা উচিত নয়। শৈশবে চুল আঁচড়ে দেওয়ার সময়ই মা তাঁকে চুল ছোট রাখার পরামর্শ দিতেন। সেই অভ্যাস আজীবন ধরে রেখেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে এ নিয়ে সোহেল খান বলেছিলেন, ‘আমার মায়ের ধারণা ছিল কোনো ভদ্রলোক মাথার চুল বড় রাখে না। শৈশব থেকেই চুল আঁচড়িয়ে মা বলতেন চুল ছোট রাখতে। আমি সারা জীবন মাথার চুল ছোট রেখেছি। কোনো দিন আমার চুল বড় ছিল না। যাদের সঙ্গে কাজ করেছি, কেউ বলতে পারবে না সোহেল খারাপ। এগুলো পরিবার থেকে শিখেছি।’

যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন

অনেকের ধারণা, মোস্তফা সরয়ার ফারুকীর একটি বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়ে সোহেল খানের ক্যারিয়ার শুরু। তবে এর আগেই তিনি ‘ডিটেকটিভ’ ও ‘একান্নবর্তী’সহ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। যদিও তাঁর পরিচিতি ও জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়ে ফারুকীর পরিচালনায় সেই বিজ্ঞাপনটির মাধ্যমে। বিজ্ঞাপনের ‘ওরে কত কথা বলে রে’ সংলাপটি একসময় দর্শকদের মুখে মুখে ফিরেছে।

এরপর ‘৪২০’, ‘মাইক’ ও ‘হাউসফুল’-এর মতো ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে দর্শকদের ভালোবাসাকেই সবচেয়ে বড় অর্জন মনে করতেন সোহেল খান।

এক সাক্ষাৎকারে নিজের জনপ্রিয়তা নিয়ে তিনি বলেছিলেন, ‘যখন মাছ কিনতে যাই বা একটি রিকশায় উঠি, তখন সেই লোকগুলো আমাকে চিনতে পারে, আমাকে অনুরোধ করে এক কাপ চা খাওয়ার। প্রতিদিন এমন ভালোবাসা পাই। এটাই আমার জীবনের সেরা স্বীকৃতি।’

ভুয়া ভিডিও নিয়ে ছিল কষ্ট ও ক্ষোভ

মৃত্যুর প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে অভিনেতা সোহেল খান ভালো নেই। এমনকি তাঁর আর্থিক অসচ্ছলতা নিয়ে ‘সোহেল খান এখন খেতে পান না’ শিরোনামে ভিডিও প্রকাশ করা হয়। এসব ভিডিও দেখে ভীষণ কষ্ট পেয়েছিলেন তিনি। কারণ, ভিডিওগুলোর তথ্য ছিল সম্পূর্ণ ভিত্তিহীন।

তাঁর ভাষ্য অনুযায়ী, নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয়ের সময় গরিব বা দোকানদারের ভূমিকায় কান্নার দৃশ্য ধারণ করা হয়েছিল। সেসব দৃশ্য কেটে কিছু অসাধু ব্যক্তি ভিউ পাওয়ার উদ্দেশ্যে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করেন। এতে তাঁর সম্মানহানি হয়েছে বলে মনে করতেন অভিনেতা।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করি, কখনো গরিব, কখনো দোকানদার—এসব দৃশ্যের কান্নার সিকোয়েন্স কেটে কিছু অসাধু মানুষ ভিডিও বানিয়েছেন। কিছু মানুষ ভিউয়ের জন্য আমাকে হেয় প্রতিপন্ন করেছিলেন। আমাকে ছোট করেছিলেন। আমি খুব কষ্ট পেয়েছি। মানুষ ভিউয়ের জন্য এগুলো করে। এগুলো ন্যক্কারজনক ঘটনা। আমি কী অন্যায় করেছি, আমি কী অপরাধ করেছি? আমি কোন দুঃখে মানুষের কাছে হাত পাততে যাব।’

সাধারণ জীবনেই ছিল তৃপ্তি

দীর্ঘ দুই যুগের বেশি সময়ের অভিনয়জীবনে নিয়মিত কাজ করেছেন সোহেল খান। অভিনয়ের পাশাপাশি ব্যবসাও ছিল তাঁর। তবে সবকিছুর মধ্যেই অভিনয়কে ঘিরে বেঁচে থাকতে চেয়েছেন তিনি। নিজেকে কখনোই বড় মাপের অভিনেতা মনে করতেন না। বরং শেখার আগ্রহই ছিল তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

নিজের অভিনয় নিয়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি নিজেকে কখনোই গুণী অভিনেতা মনে করি না। কারণ, আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। এ টি এম শামসুজ্জামান, রাজ্জাক—তাঁরা ছিলেন গুণী। আমি অভিনয় শিখে আসিনি। আমি এখনো শিখছি।’

জীবন নিয়ে তাঁর চাওয়া-পাওয়াও ছিল খুব সাধারণ। মৃত্যুর মাত্র দুই দিন আগে বগুড়ার একটি স্থানীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন তুলে ধরেছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি আমার মনের দিক থেকে সব সময় একই রকম থাকার চেষ্টা করি। আমার কোনো চাহিদা নাই। আমার গাড়ি লাগব, বাড়ি লাগব, উড়োজাহাজ লাগব—এগুলো ভাবি না। অভিনয় নিয়েই থাকতে চাই। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি ভালো আছি।’

নিজের শেকড়, মায়ের শেখানো ভাষা আর অভিনয়ের প্রতি ভালোবাসা—এই নিয়েই ছিল সোহেল খানের জীবন। খ্যাতি কিংবা বিত্তের পেছনে না ছুটে সাধারণভাবে বাঁচতে চেয়েছিলেন তিনি। দর্শকদের ভালোবাসাকেই মনে করতেন জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি। সেই ভালোবাসার স্মৃতি রেখে পর্দার পরিচিত মুখটি এবার চিরবিদায় নিলেন।

Advertisement
Advertisement