ঢাকা,  মঙ্গলবার
২৪ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

সতীর্থদের মাথা নষ্ট করে দিয়েছিলেন খাজা, রহস্যের নায়ক ছিলেন নিজেই!

প্রকাশিত: ১৪:৩৫, ২৪ নভেম্বর ২০২৬

সতীর্থদের মাথা নষ্ট করে দিয়েছিলেন খাজা, রহস্যের নায়ক ছিলেন নিজেই!

ওসমান খাজা

উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় অস্ট্রেলিয়ার ক্রিকেট। ২০১৮ সালে কেপটাউন টেস্টের সেই আলোচিত স্যান্ডপেপার-কেলেঙ্কারি নিয়ে বইয়ে বিস্ফোরক দাবি করেছেন খাজা। তাঁর ভাষ্য, বল টেম্পারিংয়ের ওই ঘটনা দলের সবাই জানতেন। অথচ শাস্তির মুখে পড়েছিলেন শুধু স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। খাজার এই দাবি প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। মিচেল স্টার্কও আবার বলেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। এর মধ্যে ঘটনাটি নিয়ে নতুন করে তদন্তের দাবিও উঠেছে।

তবে খাজার আত্মজীবনী শুধু ক্রিকেটের বিতর্ক আর কেলেঙ্কারিতে সীমাবদ্ধ নয়। বইয়ের পাতায় উঠে এসেছে তাঁর জীবনের নানা মজার গল্প, দুষ্টুমি আর আবেগঘন মুহূর্ত। এর মধ্যে সবচেয়ে মজার একটি ঘটনা ডার্বিশায়ারের ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে তাঁর অভিনব প্রতারণার গল্প। যার নেপথ্যে ছিল ‘ডেরেক কেরেড’ নামে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট।

গোয়েন্দা গল্পের পাঠকদের কাছে আগাথা ক্রিস্টির ‘দ্য মার্ডার অব রজার অ্যাকরয়েড’ উপন্যাসটি পরিচিত। গল্পের কথকই যে শেষ পর্যন্ত খুনি, সেই চমকপ্রদ কৌশল খাজা যেন বাস্তবে প্রয়োগ করেছিলেন ক্রিকেটের ড্রেসিংরুমে। তবে এখানে খুন নয়, ছিল সতীর্থদের নিয়ে মজার ছলে স্লেজিং।

টেস্ট অভিষেকের পরের বছর দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যান খাজা। দল ডার্বিশায়ার। আগেরবার একা গিয়ে বেশ নিঃসঙ্গ সময় কাটিয়েছিলেন। এবার তাঁর রুমমেট দুই সতীর্থ ও বন্ধু রস হোয়াইটলি ও টম পয়ন্টন। কিন্তু তাতেও একঘেয়েমি কাটছিল না।

এর আগের মৌসুমেই খাজা লক্ষ করেছিলেন, ডার্বিশায়ারের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য নিয়ে বেশ অস্বস্তিতে থাকেন। একটি খারাপ মন্তব্য নিয়েই কারও কারও পুরো সপ্তাহ কেটে যায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটে কঠিন স্লেজিংয়ের অভিজ্ঞতা থাকা খাজার কাছে বিষয়টি বেশ হাস্যকর মনে হয়েছিল। তাই সতীর্থদের একটু মজা দেখানোর পরিকল্পনা করলেন তিনি।

টুইটারে খুললেন ‘ডেরেক কেরেড’ নামে একটি ভুয়া অ্যাকাউন্ট। নামটি আসলে ‘ডেরেক’ শব্দটি উল্টো করে লেখা। অ্যাকাউন্টটিকে বিশ্বাসযোগ্য করতে অনুসরণ করতে শুরু করলেন বেশ কয়েকজন অভিনেতা ও খেলোয়াড়কে। এরপর শুরু হলো সতীর্থদের উদ্দেশে একের পর এক কটাক্ষ।

ইতালীয় বংশোদ্ভূত পেসার টনি প্যালাডিনোকে বললেন, ক্রিকেট ছেড়ে পাস্তা বানানোই তাঁর জন্য ভালো। কারণ, তাঁর বোলিং নাকি ‘পিৎজা’ হয়ে যাচ্ছে। সতীর্থ ওয়েস ডারস্টন এলবিডব্লিউ হলে তাঁকেও ছাড়লেন না। ড্যানিয়েল রেডফার্নকে খোঁচা দিতেন ‘চার চোখা’ বলে। কারণ, রেডফার্ন কন্টাক্ট লেন্স পরতেন। মজার বিষয়, খাজা নিজেও চশমা পরেন। তবে নিজের সেই পরিচয় গোপন রেখেছিলেন পুরোপুরি।

ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় সতীর্থদের দুর্বলতাগুলোও ভালোভাবেই জানতেন খাজা। কখনো আবার টুইটারে লিখতেন, ‘আমি এখন অমুক স্ট্যান্ডে বসে আছি।’ এরপর ডার্বিশায়ারের ড্রেসিংরুমে শুরু হয়ে যেত আলোচনা—ওই স্ট্যান্ডে বসে থাকা দর্শকদের মধ্যে ডেরেক কে?

তবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত চালটি ছিল অন্য জায়গায়। নিজের পরিচয় আড়াল করতে ডেরেকের অ্যাকাউন্ট থেকেই খাজা নিজেকেও আক্রমণ করতে শুরু করলেন। এতে সতীর্থদের সন্দেহ করার সুযোগ আরও কমে গেল। একদিন ড্রেসিংরুমে সবাই যখন ডেরেককে নিয়ে আলোচনা করছেন, খাজা তখন নিরীহ মুখে বললেন, ‘ওর কথায় এত গুরুত্ব দিচ্ছ কেন? উপেক্ষা করো।’

কিন্তু সতীর্থ টনি প্যালাডিনো রেগে গিয়ে বললেন, ‘উজ, ও তো তোমাকেও ছাড়েনি!’ খাজা অবাক হওয়ার অভিনয় করে জানতে চাইলেন, ‘তাই নাকি? আমাকে কী বলেছে?’

এভাবেই বেশ কিছুদিন নির্বিঘ্নে চলছিল তাঁর গোপন অভিযান। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন এক অপ্রত্যাশিত কারণে।

ম্যানচেস্টারে খাজার খেলা দেখতে গিয়েছিলেন তাঁর তৎকালীন বান্ধবী লিসা (ছদ্মনাম)। লিসার ফোনে ইন্টারনেট না থাকায় খাজা নিজের ফোনটি তাঁকে ব্যবহার করতে দেন। ফোন ঘাঁটতে গিয়ে ডেরেকের টুইটার অ্যাকাউন্ট চোখে পড়ে তাঁর। সেখানে দেখা যায়, অ্যাকাউন্টটি বহু অচেনা মেয়েকে অনুসরণ করছে। লিসার সন্দেহ হয়, এটি খাজার গোপন অ্যাকাউন্ট। হয়তো অন্য মেয়েদের সঙ্গে যোগাযোগ রাখতেই এমন অ্যাকাউন্ট খুলেছেন তিনি।

সন্দেহের পেছনে অবশ্য কারণও ছিল। খাজা নিজেই বইয়ে স্বীকার করেছেন, এর আগের বছর অনলাইনে অন্য এক মেয়ের সঙ্গে হালকা ফ্লার্ট করার ঘটনায় লিসার বিশ্বাস কিছুটা নষ্ট হয়েছিল। এবার ডেরেকের অ্যাকাউন্ট দেখে তাঁর সন্দেহ আরও বেড়ে যায়।

খাজা বোঝানোর চেষ্টা করেন, অ্যাকাউন্টটি আসলে সতীর্থদের সঙ্গে মজা করার জন্য খোলা। কিন্তু লিসা তাঁর কোনো কথাই বিশ্বাস করলেন না। পরের পাঁচ ঘণ্টা খাজার সঙ্গে একটি কথাও বলেননি তিনি। হোটেলে ফিরে খাজা যখন বিষয়টি নিয়ে তাঁর দুই রুমমেট রস ও টমকে জিজ্ঞাসা করতে বলেন, তখন দুজনেই হেসে ফেলেন। কারণ, তাঁরা শুরু থেকেই জানতেন ডেরেকের আসল পরিচয়। এমনকি ক্লাবের চেয়ারম্যান ক্রিস গ্র্যান্টও বিষয়টি জানতেন।

তবে ডেরেক কেরেডের গল্পের সবচেয়ে নাটকীয় সমাপ্তি হয়েছিল ডার্বিশায়ারের মৌসুমের শেষ ম্যাচে। প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। ম্যাচটি জিতলেই ডিভিশন টু-এর শিরোপা। খাজার দাবি, ডার্বিশায়ার এর আগে কখনো এই শিরোপা জেতেনি, পরেও জিততে পারেনি।

গুরুত্বপূর্ণ সেই ম্যাচে দুই ইনিংসেই ৮০ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন খাজা। হন ম্যাচসেরা। শিরোপা জয়ের আনন্দে তখন ড্রেসিংরুমে উৎসব চলছে, বাজছে গান। এমন সময় রুম অ্যাটেনডেন্ট এডউইন এসে জানালেন, ডেরেকের নামে একটি চিঠি এসেছে।

সুযোগটা হাতছাড়া করলেন না খাজা। চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন, এত দিন যাঁকে সবাই খুঁজে বেড়িয়েছেন, সেই ডেরেক আসলে তাঁদেরই একজন। গ্যালারিতে বসে থাকা কোনো রহস্যময় দর্শক নন, বরং ড্রেসিংরুমের একেবারে কাছেই ছিলেন তিনি। এরপর নিজের আসল পরিচয় প্রকাশ করলেন।

সত্যটা জানার পর সতীর্থদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। পাঁচ-ছয়জন একসঙ্গে খাজার ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে মাটিতে ফেলে দিলেন। এরপর চলল মজার ছলে পিটুনি। এত দিন যিনি সবাইকে স্লেজিং করেছেন, নিজেকেও বাদ দেননি, তাঁকেই এবার একসঙ্গে শায়েস্তা করলেন সতীর্থরা।

খাজা লিখেছেন, এত বছর পরও ডার্বিশায়ারের সেই সতীর্থদের সঙ্গে দেখা হলে পুরোনো স্মৃতির মধ্যে প্রথমেই ফিরে আসে ডেরেক কেরেডের গল্প। ক্রিকেট মাঠের লড়াইয়ের বাইরে একদল সতীর্থকে নিয়ে এমন দুষ্টুমির গল্পই যেন তাঁর আত্মজীবনীকে দিয়েছে ভিন্ন মাত্রা।

Advertisement
Advertisement