কেয়া পায়েল
নাটকে অভিনয়ের শুরুতেই বড় সুযোগ পেয়েছিলেন তিনি। যেখানে অনেক অভিনয়শিল্পী ছোট চরিত্র দিয়ে যাত্রা শুরু করেন, সেখানে প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান এই অভিনেত্রী। সহশিল্পী ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। এরপর একের পর এক নাটকে অভিনয় করে ছোট পর্দায় নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। বলছি অভিনেত্রী কেয়া পায়েলের কথা।
যেভাবে শুরু
২০১৮ সালে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু কেয়া পায়েলের। বিজ্ঞাপনটি প্রচারের পর সংগীতশিল্পী তাহসান, হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুলের গানে মডেল হওয়ার সুযোগ পান তিনি। একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে নজরে আসেন নাটকের নির্মাতাদের।
ওই বছরের শেষ দিকে আফরান নিশোর বিপরীতে ‘একটাই আমার তুমি’ নাটকে অভিনয়ের প্রস্তাব পান কেয়া। প্রথম কাজেই প্রধান চরিত্রে সুযোগ পেয়ে কিছুটা নার্ভাস থাকলেও অভিনয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। এই নাটকে অভিনয়ের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন ১০ হাজার টাকা।
প্রথম নাটকের পর ফারহান আহমেদ জোভানের বিপরীতে ‘রূপকথার রঞ্জনা’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। তবে তাঁর অভিনয়জীবনের মোড় ঘুরিয়ে দেয় ২০২০ সালে মুক্তি পাওয়া ‘অবুঝ মন’ নাটকটি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটিতে কেয়ার সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। করোনা মহামারির সময় নাটকটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নির্মাতা মোস্তফা কামাল রাজও কেয়ার অভিনয়ের প্রশংসা করে বলেছিলেন, ‘কেয়া পায়েল অভিনেত্রী হিসেবে দারুণ করেছিল।’
এরপর ‘পারব না আমি ভুলতে তোকে’ নাটকটিও দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। কেয়ার নিজের ভাষায়, ‘অবুঝ মন’ ও ‘পারব না আমি ভুলতে তোকে’—এই দুটি নাটকই তাঁর অভিনয়জীবনের গতি বদলে দিয়েছিল।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। নিয়মিত অভিনয় করে গেছেন সময়ের জনপ্রিয় সব অভিনেতার সঙ্গে। চঞ্চল চৌধুরী, অপূর্ব, মুশফিক ফারহান ও তৌসিফের মতো অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন। ‘তিরন্দাজ’, ‘ট্রাম্প কার্ড’, ‘মনের আড়ালে’, ‘বিয়ের সাইড ইফেক্ট’, ‘শুভ + নিলা’ ও ‘হৃদ মাঝারে’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি আরও বাড়িয়েছেন।
চার শতাধিক নাটকে অভিনয়
অভিনয়ে আসার আগে নিয়মিত কাজ করে পরিচিতি পাওয়ার কথা কখনো ভাবেননি কেয়া পায়েল। শুরুতে শুটিংয়ে যাওয়া নিয়েও পরিবারের আপত্তি ছিল। তবে ধীরে ধীরে তাঁর কাজের অগ্রগতি ও সাফল্য দেখে পরিবারের সদস্যরাও উৎসাহ দিতে শুরু করেন।
মাত্র ছয় বছরের অভিনয়জীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন কেয়া। এর মধ্যে শতাধিক নাটক ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। অভিনয়ের ধারাবাহিকতা, জনপ্রিয়তা এবং দর্শকের গ্রহণযোগ্যতা তাঁকে বর্তমান সময়ের ব্যস্ত নাট্য অভিনেত্রীদের একজন করে তুলেছে।
নাটকপ্রতি পারিশ্রমিক দেড় লাখ টাকা
অভিনয়ের পাশাপাশি পারিশ্রমিক নিয়েও আলোচনায় রয়েছেন কেয়া পায়েল। বর্তমানে প্রতিটি নাটকে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক নেন প্রায় দেড় লাখ টাকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের দর্শন তুলে ধরে কেয়া জানিয়েছেন, অর্থের পেছনে না ছুটে অভিনয়েই মনোযোগী থাকতে চান তিনি। তাঁর বিশ্বাস, ভালো কাজ করতে পারলে একসময় অর্থই শিল্পীর পেছনে ছুটবে। তাই জনপ্রিয়তা কিংবা পারিশ্রমিকের চেয়ে ভালো অভিনয় ও মানসম্মত কাজকেই বেশি গুরুত্ব দিতে চান এই অভিনেত্রী।



.png)
.png)